অহেতুক ফাউলের চড়া মাশুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিটি ম্যাচের আগে লোডভিক ডি ক্রুইফের বিশেষ নির্দেশনা থাকে, ‘পেনাল্টি বক্সের আশপাশে কখনো অহেতুক ফাউল করা যাবে না।’ কথাগুলো ‘ধর্মের মতো মানতে’ বলা হলেও মাঠে গিয়ে বেমালুম ভুলে যান ফুটবলাররা। কিরগিজস্তানের সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাল ৯ মিনিটের মাথায় ঠিক উল্টো কাজটিই করে বসলেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস।
কিরগিজ ফরোয়ার্ড ভিক্টর মায়ারকে অহেতুক পেছন থেকে ফেলে দিয়ে বিপদটা ডেকে আনলেন এই মিডফিল্ডার। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আতঙ্ক—সেট পিস। তা থেকেই গোল খেয়ে শুরুতেই মানসিকভাবে পিছিয়ে পড়ে স্বাগতিকেরা। সেই মায়ারকেই পরে বক্সের মধ্যে ফেলে দিয়ে ইয়ামিন মুন্না পেনাল্টি উপহার দেন কিরগিজদের। হারের জন্য এই দুটি ভুলই ছিল যথেষ্ট।
কোন মুখে লোডভিক ডি ক্রুইফ সংবাদ সম্মেলনে আসবেন? আসতেও হয়নি তাঁকে। শিষ্যদের বাজে পারফরম্যান্সে ক্ষুব্ধ কোচ ডাগ-আউটে ছিলেন ভয়ংকর রকমের উত্তেজিত। কয়েকবার রাগের চোটে পানির বোতলে লাথি মেরেছেন। ম্যাচের শেষ দিকে তাই সহকারী রেফারি তাঁকে সতর্ক করে দেন। পরে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে শেষ পর্যন্ত ডাগ-আউট থেকেই উঠে যান। বাকি ম্যাচটুকু দেখেছেন গ্যালারি থেকে। ফিফার নিয়মানুযায়ী সংবাদ সম্মেলনেও আসা বারণ, এলেন ডি ক্রুইফের সহকারী সাইফুল বারী টিটু।
ভুল থেকে খেলোয়াড়েরা কিছু শিখছে না বলে ক্ষুব্ধ টিটুও, ‘ফুটবলারদের মৌলিক জ্ঞান তো জাতীয় দলে এসে শেখার কথা না। বারবার বলা হচ্ছে এভাবে পেনাল্টির আশপাশে নির্বোধের মতো ফাউল করো না। কিন্তু ওরা সব ভুলে যায়। আসলে ছেলেদের মনোযোগের অভাব।’
টেকনিক্যালি, শারীরিকভাবে, মানসিকভাবে সব জায়গাতেই কিরগিজদের চেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ। টিটুও মানলেন কথাটা, ‘শুরুতে গোল খেয়ে কিছুটা হলে মানসিকভাবে পিছিয়ে পড়ি। তা ছাড়া টেকনিক্যালি ও শারীরিকভাবে পিছিয়ে আমরা।’
ঢাকার প্রচণ্ড গরমের কথা বিবেচনায় রেখে দুবাইয়ে সাত দিনের কন্ডিশনিং ক্যাম্প করে এসেছে কিরগিজস্তান। গত দুই দিনের বৃষ্টিভেজা আবহাওয়া বরং ওদের সুবিধাই করে দিয়েছে। বৃষ্টিভেজা মাঠে খেলে অভ্যস্ত বাংলাদেশ। তারপরও কেন সুযোগটা কাজে লাগাতে পারেননি মামুনুলরা? টিটুর ব্যাখ্যা, ‘প্রতিপক্ষ দেখে এই ম্যাচের সবকিছু বিচার করতে হবে। ওরা আমাদের খেলতে জায়গা দেয়নি। ওদের অনেক ফুটবলার জার্মানিতে, সার্বিয়ায় খেলে। আমাদের ফুটবলাররা এখনো ওই পর্যায়ে যেতে পারেনি। আমার মনে হয় এটাই ম্যাচের বড় পার্থক্য গড়ে দিয়েছে।’
তবে এই ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চায় বাংলাদেশ। ১৬ জুন তাজিকিস্তানের সঙ্গে ঢাকাতেই হবে দ্বিতীয় ম্যাচ। সহকারী কোচ আশায় থাকছেন, ‘এখানেই সব শেষ হয়ে যায়নি। আমাদের আটটা ম্যাচ খেলতে হবে। এই ভুল থেকেই শিক্ষা নিতে হবে।’
প্রায় ১১ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেই জয় পেয়েছে কিরগিজস্তান। কোচ আলেকজান্ডার ক্রিস্টিনিন উচ্ছ্বসিত, ‘আমাদের জয়টা প্রাপ্যই ছিল।’ বৃষ্টিভেজা আবহাওয়া কি সুবিধা করে দিয়েছে কিরগিজস্তানকে? কোচের স্পষ্ট উত্তর, ‘এসব নিয়ে আমরা মোটেও চিন্তিত ছিলাম না। ম্যাচ শুরুর আগে র্যাঙ্কিং নিয়েও অনেক কথা বলা হয়েছিল। কিন্তু আমরা শুধু ম্যাচেই মনোযোগী ছিলাম। আসলে আমাদের সবকিছুই পরিকল্পনামতো হয়েছে।’