কী বলা যায় এটাকে? ৪২ বছর আগে সেই ম্যাচের প্রতিশোধ! ডিয়েগো সিমিওনে আপত্তি করতে পারেন। খেলায় কখনো প্রতিশোধ শব্দটা ব্যবহার করতে রাজি নন অ্যাটলেটিকোর আর্জেন্টাইন কোচ। আর ফাইনালে হারের শোধ কি সেমিফাইনালের জয়ে হয় নাকি!
১৯৭৩-৭৪ মৌসুমে এই বায়ার্ন মিউনিখের কাছে হেরেই চ্যাম্পিয়নস লিগের শিরোপা হারিয়েছিল অ্যাটলেটিকো। মাঝে আর দুই দলের কখনো দেখা হয়নি। ৪২ বছর পর সেমিফাইনালে আবার মুখোমুখি অ্যাটলেটিকো-বায়ার্ন। প্রথম লেগ অ্যাটলেটিকো ১-০ গোলে জেতার পর পরশু আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন জিতল ২-১ গোলে। দুই লেগ মিলিয়ে ২-২ সমতা হলেও প্রতিপক্ষের মাঠে এক গোল করার সুবাদেই ফাইনালের টিকিট পেল অ্যাটলেটিকো। প্রতিশোধ না হোক, প্রায় চার দশকের জমে থাকা আক্ষেপ কিছুটা হলেও তো কমবে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়নদের।
লড়াইটা যে বায়ার্নের আক্রমণ আর অ্যাটলেটিকোর রক্ষণের মধ্যে হবে, তা অনুমিতই ছিল। হলোও তা-ই। সে কারণেই বায়ার্ন নিজেদের দুর্ভাগা ভাবতে পারে। পারে কী, ভাবছেই। মিডফিল্ডার আর্তুরো ভিদাল তো বলেই দিলেন, ‘বিশ্বের সেরা দলটা কুৎসিত অ্যাটলেটিকোর কাছে হারল।’ বায়ার্নের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগে আরও কড়া ভাষায় বললেন, ‘আমরা প্রতারণার শিকার।’
>দুই লেগ মিলিয়ে ২-২ হলেও অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে ফাইনালে অ্যাটলেটিকো
প্রায় প্রতি মিনিটেই একটা করে আক্রমণ শাণানো, প্রতিপক্ষের গোলে ৩৪টি আক্রমণ, এর মধ্যে শুধু গোলমুখেই শট ১২টি; তারপরও মাথা হেঁট করে বিদায় বায়ার্নের! ৫৩ মিনিটে প্রতি আক্রমণ থেকে আঁতোয়া গ্রিজমানের করা গোলটাই গড়ে দিল সব ব্যবধান। ৩১ মিনিটে জাবি আলোনসোর দুর্দান্ত ছক কষা ফ্রি-কিক থেকে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল বায়ার্ন। প্রথম লেগে নিজেদের মাঠে অ্যাটলেটিকোর ১-০ গোলে জিতে এগিয়ে থাকার সুবিধাটা ওখানেই শেষ। কিন্তু প্রথম লেগে বায়ার্ন আসল কাজটাই করতে পারেনি, প্রতিপক্ষের মাঠে একটি গোল। হীরা-জহরতের চেয়েও দামি অ্যাওয়ে গোল।
সেটাই করে ফেললেন গ্রিজমান। ম্যাচে ১-১ সমতা, দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে অ্যাটলেটিকো। বায়ার্ন ২-২ করে ফেললেও অ্যাটলেটিকো এগিয়ে থাকবে অ্যাওয়ে গোলে। বায়ার্নের সামনে হিসাবটা তখন এমন—করতে হবে কমপক্ষে দুটি গোল।
৭৪ মিনিটে রবার্ট লেভানডফস্কির দুর্দান্ত হেডে বায়ার্ন ২-২ করেও ফেলল। কিন্তু বাকি ১৬ মিনিট, যোগ করা সময়ের পাঁচ মিনিটেও আর গোল বের করতে পারলেন না লেভারা।
এরই মধ্যে আবার দুটি পেনাল্টি-নাটকও হয়েছে। আলোনসোর গোলটার কিছুক্ষণের মধ্যেই পেনাল্টি পেয়ে যায় বায়ার্ন। বায়ার্নের আক্রমণের ধারা আর ওই সময়ের পেনাল্টি মনে হচ্ছিল, খেলা প্রথমার্ধেই শেষ। কিন্তু ওব্লাক ঠেকিয়ে দেন টমাস মুলারের পেনাল্টি! টিকে থাকে অ্যাটলেটিকো। দ্বিতীয় পেনাল্টি নাটকটাও হুবহু একই রকম হয়েছে, কিন্তু এবার সেটা বায়ার্নের বিপক্ষে। অ্যাটলেটিকো ১-১ করে ফেলার কিছুক্ষণের মধ্যেই পেয়ে গিয়েছিল পেনাল্টি। গোলটা করলেই খেলা শেষ! বায়ার্নকে তখন ম্যাচটা জিততে হতো ৪-২ গোলে। পেনাল্টিতে গোল হলেই বায়ার্নকে বাকি সময়ে করতে হবে ৩ গোল! ফার্নান্দো তোরেসের শট ঠেকিয়ে দিয়ে ম্যানুয়েল নয়্যারও বাঁচিয়ে রাখেন বায়ার্নের আশা।
কিন্তু ওই পর্যন্তই। আরও একটা গোলের দরকার ছিল, সেটাই যে শেষ পর্যন্ত পেল না বায়ার্ন! এএফপি, রয়টার্স।