অ্যাঙ্গোলায় ফুটবল-ট্র্যাজেডি

উত্তর অ্যাঙ্গোলায় একটি ফুটবল ম্যাচ দেখতে গিয়ে গতকাল শুক্রবার ১৭ জন নিহত হয়েছে। প্রচণ্ড ভিড়ে পায়ের চাপে পিষ্ট হয়ে হতাহত হওয়ার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে এএফপি। এই ঘটনায় আহত হয়েছে ৫৯ জন।
অ্যাঙ্গোলার ঘরোয়া ফুটবল লিগে সান্তা রিতা ডি ক্যাসিয়া ও রিক্রিয়াটিভো ডি লিবোলো নামের দুটি ক্লাবের খেলায় স্টেডিয়ামের গেট দিয়ে দর্শকদের প্রবেশের সময় এই দুঃখজনক ঘটনা ঘটে। স্টেডিয়ামের ভেতরে ও বাইরে এই খেলা দেখতে হাজার হাজার মানুষ অপেক্ষা করছিল।
উইগে শহরের পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘জানুয়ারি ৪’ স্টেডিয়ামের প্রবেশদ্বার সংকীর্ণ হওয়ায় এই ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তিদের মধ্যে অজ্ঞাতসংখ্যক শিশু আছে বলে জানিয়েছে উইগে পুলিশ।
স্টেডিয়ামের গ্যালারি ভর্তি হয়ে যাওয়ার পরেও বাইরে অপেক্ষমাণ দর্শকদের জন্য স্টেডিয়ামের প্রবেশদ্বার খুলে দেওয়া হয়। এই সময় তাড়াহুড়ার সময় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে লোকজন। নিহত ব্যক্তিদের কয়েকজনের মৃত্যু হয়েছে ভিড়ের চাপে দম বন্ধ হয়ে। স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ছিল মাত্র আট হাজার।
অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট হোসে এদুয়ার্দো দস সান্তোস ঘটনা দ্রুত তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন। সূত্র: বিবিসি, এএফপি।