অ্যাটলেটিকো পরিবারে মামুনুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় সংবাদ সম্মেলনে মামুনুল। পাশে অ্যাটলেটিকো ডি কলকাতার সহকারী কোচ মোহনবাগানের সাবেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হোসে ব্যারেটো l ফাইল ছবি
কলকাতায় সংবাদ সম্মেলনে মামুনুল। পাশে অ্যাটলেটিকো ডি কলকাতার সহকারী কোচ মোহনবাগানের সাবেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হোসে ব্যারেটো l ফাইল ছবি

ঈদের আগে কলকাতায় পা রেখেই সতীর্থদের কাছ থেকে পেলেন উষ্ণ অভ্যর্থনা। সবার আগে এগিয়ে এসে স্বাগত জানালেন যিনি, বিশ্ব ফুটবলেই তাঁর ভালো পরিচিতি আছে। লিভারপুল, বার্সেলোনার মতো ক্লাবের হয়ে খেলা লুইস গার্সিয়া শুরুতেই বললেন, ‘ওয়েলকাম মামুনুল। তোমার জন্য অপেক্ষা করছিলাম।’
মামুনুল ইসলাম একটু অবাকই হয়েছেন। এত বড় খেলোয়াড়, অথচ কোনো অহংকার নেই। অ্যাটলেটিকো ডি কলকাতার অধিনায়ক এই স্প্যানিশ। সেই সূত্রে সতীর্থকে স্বাগত জানানোর বাড়তি কতর্ব্যবোধ হয়তো ছিল। তবে প্রথম দেখাতেই তাঁকে ভিন্ন মনে হয়েছে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের কাছে,‘ গার্সিয়াকে দেখলাম সবার চেয়ে একটু আলাদা। আমাকে অনেক কথা জিজ্ঞেস করেছে। দেখলাম, আমার সম্পর্কে ভালোই খোঁজখবর নিয়ে রেখেছে আগে থেকেই।’
আইপিএলের আদলে ১২ অক্টোবর শুরু হতে যাওয়া ভারতীয় সুপার লিগ এক বিন্দুতে মিলিয়ে দিয়েছে গার্সিয়া আর মামুনুলকে। দুজন এখন একই দলের খেলোয়াড়! যে দলে গার্সিয়া ছাড়াও আছেন স্পেনের আরও পাঁচজন। তাঁদের একজন বোর্হা ফার্নান্দেজ রিয়ালের মূল দলে ২৬টি ম্যাচ খেলেছেন ২০০৩-০৬ সময়ে। রোনালদো-বেকহামদের সাবেক রিয়াল সতীর্থ খেলেছেন স্পেন অনূর্ধ্ব-২১ দলেও। যা ভেবে শিহরিত মামুনুল, ‘এই খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করছি, একই হোটেলে আছি, এটা দারুণ এক অভিজ্ঞতা।’
অ্যাটলেটিকো ডি কলকাতায় আফ্রিকার খেলোয়াড় চারজন। তাঁদের সঙ্গে মানিয়ে নিয়েছেন। ভারতীয়দের সঙ্গে মানিয়ে নেওয়া অন্যদের চেয়ে তো তুলনামূলক সহজই। তবে গার্সিয়া ছাড়া বাকি স্প্যনিশদের একটু দুর্বোধ্যই লাগছে চট্টগ্রামের ছেলের কাছে। কলকাতা থেকে কাল ফোনে বলছিলেন, ‘দলের সবার চেয়ে ওদের একটু আলাদা মনে হয়। অন্যদের সঙ্গে যতটা সহজে মেশা যায়, স্প্যানিশদের সঙ্গে ততটা নয়।’
কোচ আন্তনিও লোপেজও স্প্যানিশ। লা লিগার দল গ্রানাডার কোচ ছিলেন বছর চারেক। কিছুদিনের জন্য গিয়েছিলেন ভ্যালেন্সিয়াতেও। এমন কোচেরও দৃষ্টি কাড়তে পেরেছেন বলেই আভাস পেয়েছেন মামুনুল, ‘দলের সঙ্গে স্পেনে কন্ডিশনিং ক্যাম্পে যেতে পারলে হয়তো খুব ভালো হতো। তবে গত তিন-চার দিন কলকাতায় অনুশীলন করে কোচের সঙ্গে দূরত্বটা একটু কাটিয়েছি। দু-একজনের কাছে শুনেছি, তিনি আমাকে পছন্দই করেছেন। আমার ব্যাপারে নাকি খুশি।’
তবে শুরুতেই একাদশে সুযোগ পাবেন কি না, সে ব্যাপারে অবশ্যই নিশ্চিত নন। ১২ অক্টোবর কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুম্বাই সিটি এফসির বিপক্ষে প্রথম ম্যাচ অ্যাটলেটিকো ডি কলকাতার। সেদিনই হোক আর এর পরে, শুধু একটা সুযোগের অপেক্ষায় আছেন মামুনুল, ‘কোচ আমাকে একটা সুযোগ দিলে নিজেকে প্রমাণ করব। শুধু একটা সুযোগ চাই। সেই সুযোগ কখন আসবে জানি না। লড়াইটা মূলত ভারতীয়দের সঙ্গেই। আমার বিশ্বাস, আমি ভারতীয়দের চেয়ে এগিয়েই আছি।’
মামুনুল জানালেন, কোচ সম্ভবত ৪-৩-৩ ছকে যাবেন। গার্সিয়া ও বোর্হা মাঝমাঠে প্রথম দুই পছন্দ। ৩ নম্বর জায়গাটার দাবিদার অনেকে। ভারতীয় রাকেশ মাসিই, ক্লাইমেক্স লরেন্স আছেন। পাঞ্জাবের রাকেশ মূলত ডিফেন্ডার। সেই রাকেশকেই নাকি মাঝমাঠে বিবেচনায় রেখেছেন কোচ। তার পরও আশায় বুক বাঁধছেন গত ফেব্রুয়ারিতে শেখ জামালের হয়ে আইএফএ শিল্ডে চোখকাড়া এই প্লে মেকার, ‘কলকাতার মাঠ আমার জন্য সৌভাগ্যের মাঠ। এই মাঠে প্রথম ম্যাচে বিবেচনায় থাকতে পারি। যত দূর জেনেছি, কোচ যেকোনো সময় আমাকে খেলাতে পারেন। তাঁর ম্যাচ পরিকল্পনায় আমি আছি।’
কলকাতা গিয়ে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছে মামুনুলের। পাঁচ তারকা হোটেলে আছেন, হোটেলের ছয় ও সপ্তম তলায় শুধুই খেলোয়াড়দের আবাস। যেখানে টিম-সংশ্লিষ্ট ছাড়া অন্য কারও প্রবেশ নিষেধ। সব খেলোয়াড়ের জন্যই একজন করে আলাদা সহকারী দিয়েছে টিম ম্যানেজমেন্ট। হোটেলেই পাচ্ছেন জিম-সুইমিংসহ সব সুবিধা। দলের সঙ্গে তিনজন ফিজিও। মানে সুযোগ-সুবিধার কোনোই ঘাটতি নেই।
নিজেকে মেলে ধরতে এর চেয়ে বড় মঞ্চ কী চাইতে পারতেন মামুনুল!