অ্যাটলেটিকোকে এগিয়ে রাখলেন নিগেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্দান্ত সেই গোলটির আগ মুহূর্তে নিগুয়েজ। ছবি: রয়টার্স।
দুর্দান্ত সেই গোলটির আগ মুহূর্তে নিগুয়েজ। ছবি: রয়টার্স।


মাঝমাঠে বল ধরে একে একে বোকা বানালেন থিয়াগো আলকানতারা, জাবি আলোনসো ও হুয়ান বার্নাটকে। ডেভিড আলাবাও তাঁকে ধরতে পারলেন না। বায়ার্নের মিউনিখের বাঘা বাঘা খেলোয়াড়কে বোকা বানিয়ে সল নিগুয়েজ তাঁর বাঁ পায়ের প্লেসিং শটে যখন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করলেন, ততক্ষণে সবার চোখেই মুগ্ধতা। কী অসাধারণ এক গোলই না করলেন অ্যাটলেটিকো মাদ্রিদের ২১ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড!
ঘরের মাঠে  দশম মিনিটে করা নিগেজের সেই দুর্দান্ত গোলেই চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগের ভাগ্য নির্ধারিত। সেই সঙ্গে অ্যাটলেটিকো মধুর এক প্রতিশোধ পর্বের প্রথম কাজটাও করে রাখল। ১৯৭৪ সালে এই বায়ার্নের কাছে হেরেই যে ইউরোপ-সেরা হওয়ার গৌরব থেকে বঞ্চিত হয়েছিল অ্যাটলেটিকো।
দশম মিনিটে গোল করে এগিয়ে যাওয়ার পর অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনের দল পেয়ে যায় নিজেদের রক্ষণকৌশল প্রদর্শনের সুযোগ। সেটি পুরোপুরিই কাজে লাগিয়েছে অ্যাটলেটিকো। বল ৭১ শতাংশ সময় বায়ার্ন ফুটবলারদের পায়ে বল ঘোরাঘুরি করলেও পরিষ্কার গোলের সুযোগ তৈরিতে জার্মান ‘জায়ান্ট’রা ছিল ব্যর্থই। পিছিয়ে পড়ার পরপরই ভিদালের কল্যাণে খেলায় ফেরার একটা সুযোগ পেয়েছিল বায়ার্ন। কিন্তু চিলিয়ান ফরোয়ার্ডের হেড শেষ মুহূর্তে বাঁচিয়ে দেন অ্যাটলেটিকো ডিফেন্ডার গিমেনেজ।
ফার্নান্দো তোরেস আর আতোঁয়া গ্রিয়েজম্যানের সমন্বয়ে গড়া অ্যাটলেটিকোর আক্রমণও এগিয়ে যাওয়ার পর হাত-পা গুটিয়ে বসে ছিল না। এই দুই ফরোয়ার্ডের বোঝাপড়া বেশ কয়েকবারই সমস্যায় ফেলে বায়ার্নকে। তবে সেটা থেকে দলকে উতরে দেন বায়ার্ন রক্ষণ সেনারা, বিশেষ করে গোলরক্ষক নয়্যার। ম্যাচের ৭৫ মিনিটে তোরেসের শট পোস্টে লেগে ফেরত আসা নিয়ে আফসোস করতেই পারেন অ্যাটলেটিকো সমর্থকেরা। এই গোলটা হয়ে গেলে তো মিউনিখে পা রাখার আগে অনেকটাই নির্ভার থাকত অ্যাটলেটিকো।
ক্রসবারে লেগে ফিরেছে বায়ার্নের প্রচেষ্টাও। এটা অবশ্য তোরেসের আগে, ম্যাচের ৫৫ মিনিটে। বেশ দূর থেকেই শট নিয়েছিলেন আলাবা। কিন্তু তাঁর শটটি পোস্টে লেগে ফেরত আসে। দারুণ খেলেছেন অ্যাটলেটিকো গোলরক্ষক ওবলাক। ভিদাল, রিবেরিরা ম্যাচের শেষ দিকে যেভাবে অ্যাটলেটিকো রক্ষণে ঝড় তুলেছিলেন, তাতে ঘটে যেতে পারত যেকোনো কিছুই। কিন্তু ওবলাক দূর্গ সামলে গেলেন বীরের মতোই।
ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেওয়া দুর্দান্ত এক গোল করে ম্যাচ শেষে হাওয়ায় উড়ছিলেন সল নিগেজ। বলেছেন, এটা নাকি তাঁর জীবনের সবচেয়ে সেরা, সবচেয়ে সুন্দর গোল।
গোলটিকে ‘সবচেয়ে সুন্দর’ বলার পাশাপাশি একটি ব্যাপারও বলতে ভোলেননি নিগেজ, ‘এটি আমার ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল।’ কে জানে, এই গোলই হয়তো বদলে দেবে নিগুয়েজের ভাগ্য! সূত্র: রয়টার্স।