অ্যাটলেটিকোর সামনে এমএসএন
আন্তর্জাতিক ম্যাচের বিরতি এলেই ক্লাব কোচরা একটু ভয়ে ভয়ে থাকেন। এই বুঝি কোনো খেলোয়াড় চোটে পড়ল! বার্সেলোনা কোচ লুইস এনরিকের ভাগ্য ভালো, এই সপ্তাহে অন্তত সে রকম কিছু হয়নি। মেসি-নেইমাররা বরং জাতীয় দলের হয়ে গোল করে ‘পা মকশো’ করে নিয়েছেন। আজ অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে গিয়ে দুজনের কাছ থেকে এমন কিছুই চাইবেন বার্সা কোচ!
এমনিতে ভিসেন্তে ক্যালদেরন বার্সার জন্য পয়া মাঠ। গত পাঁচ ম্যাচের চারটিতেই এখানে জিতেছে বার্সেলোনা, আজ এনরিকে একসঙ্গে পাচ্ছেন মেসি-সুয়ারেজ-নেইমারকেও। চোটের কারণে অবশ্য গোলরক্ষক ক্লদিও ব্রাভো ও ডিফেন্ডার দানি আলভেজকে পাচ্ছেন না। তবে জেরার্ড পিকেকে না পাওয়াটাই এনরিকের জন্য খানিকটা উদ্বেগের। নিষেধাজ্ঞার খড়্গে মাঠের বাইরে থাকতে হচ্ছে বার্সা ডিফেন্ডারকে। কদিন ধরেই পিকেকে নিয়ে স্পেনে তোলপাড় চলছে। ক্যালদেরনে অবশ্য খেলতেই যখন পারছেন না, দুয়ো শোনারও প্রশ্ন আসছে না। তবে আগের অভিজ্ঞতা থেকে পিকে জানেন, অ্যাটলেটিকো কতটা কঠিন প্রতিপক্ষ, ‘এটা খুবই কঠিন একটা জায়গা, মৌসুমের সবচেয়ে কঠিন ম্যাচগুলোর একটি। ক্যালদেরন ওদের পক্ষে গলা ফাটাবে, আমাদের নিজেদের শতভাগ ঢেলে দিতে হবে।’ আপাতত পিকেকে সমর্থন দেওয়ার কাজটা গ্যালারি থেকেই করতে হবে।
তবে দুই দলের যে ফর্ম, তাতে লড়াইটা আজ সমানে সমানই হওয়ার কথা। মৌসুমে নিজেদের প্রথম দুই ম্যাচে কোনো গোল না খেয়েই জিতেছে দুই দল। সেভিয়ার মাঠে গিয়ে ৩-০ গোলে জিতে অ্যাটলেটিকো এই বার্তাটা দিয়ে রেখেছে যে শিরোপা লড়াইটা এবারও তিন ঘোড়ার দৌড় হতে পারে। জ্যাকসন মার্টিনেজ, লুসিয়ানো ভিয়েত্তি, ফেলিপে লুইসদের এনে ডিয়েগো সিমিওনে দলের শক্তি বাড়িয়েছেন। ব্রাজিলিয়ান লেফটব্যাক ফেলিপে লুইস একটা জম্পেশ লড়াই-ই প্রত্যাশা করছেন, ‘ঘরের মাঠে খেলাটা আমাদের বাড়তি সুবিধা দেবে। আমি নিশ্চিত এটা কঠিন একটা ম্যাচ হবে।’ আজ অবশ্য দুই দল একটা দিক দিয়ে এক বিন্দুতে মিলে যাচ্ছে। সিরিয়ান শরণার্থীদের পাশে দাঁড়ানোর জন্য দুই দলই একই রকম টি-শার্ট পরে স্টেডিয়ামে ঢুকবে।
বার্সেলোনার তুলনায় রিয়ালের ম্যাচটা আজ সহজই হওয়ার কথা, যদিও তারা খেলবে এসপানিওলের মাঠে গিয়ে। কোচ রাফায়েল বেনিতেজ চোটের জন্য আজ পাচ্ছেন না হামেস রদ্রিগেজ ও দানিলোকে। এএফপি।