অ্যাটলেটিকো জিততে দিল না রিয়ালকে

বার্নাব্যুতে হামেস রদ্রিগেজের অভিষেকটা স্বপ্নের মতোই হলো। খেলার ৮০ মিনিটে তাঁর গোলেই অ্যাটলেটিকোর বিপক্ষে এগিয়ে গিয়েছিল রিয়াল। কিন্তু রাউল গার্সিয়ার দারুণ এক গোলে জয়বঞ্চিত হলেন কার্লো আনচেলত্তির শিষ্যরা। স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে মূল্যবান এক অ্যাওয়ে গোলে শুক্রবারের দ্বিতীয় লেগে মানসিকভাবে অনেকটাই সুবিধাজনক অবস্থানে থাকছে ডিয়েগো সিমিওনের দল।
পুরো ম্যাচে রিয়াল মোটেও গোছানো ফুটবল খেলতে পারেনি। গত মৌসুমে স্প্যানিশ লিগ জেতা অ্যাটলেটিকো এই মৌসুমে ‘ভাঙা হাট’ হলেও কাল সুপার কাপে রিয়ালের বিপক্ষে তাদের পারফরম্যান্স ছিল নজরকাড়ানিয়াই। যথেষ্ট দৃঢ়তার পরিচয় দিয়ে পুরো ম্যাচেই তুলনামূলক শক্তিধর প্রতিপক্ষকে নানাভাবে সমস্যায় ফেলে চলেছিল অ্যাটলেটিকো।
কাল রিয়ালের প্রথম একাদশে থাকলেও ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন নিষ্প্রভ। বরং বাঁ পায়ের চোটের কারণে দ্বিতীয়ার্ধে তাঁকে তুলে নিতে বাধ্য হন কোচ কার্লো আনচেলত্তি। তাঁর পরিবর্তেই কাল রিয়ালের জার্সি গায়ে ঘরের মাঠে অভিষেক হয় বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী, আলোচিত কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজের।
নজরকাড়ানিয়া ফুটবল না খেললেও ম্যাচে কিন্তু বলের সিংহভাগ দখল ছিল রিয়ালেরই। তবে ম্যাচের প্রথম দিকে মারিও মানজুকিচ ও রাউল গার্সিয়ার মাধ্যমে গোলের সুযোগ তৈরি করতে পেরেছিল ওই অ্যাটলেটিকোই। মানজুকিচ আর গার্সিয়ার শট রুখে দেন রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। রিয়ালের পক্ষে ভালো সুযোগ হাতছাড়া করেন গ্যারেথ বেল ও টনি ক্রুস।
খেলার ৮০ মিনিটে রদ্রিগেজের গোলে এগিয়ে যায় রিয়াল। করিম বেনজেমার একটি শট প্রতিহত হয়ে ফিরে এলে ফিরতি শট নেন রদ্রিগেজ। তাঁর শট অ্যাটলেটিকোর এক ডিফেন্ডারের পায়ে লেগে বোকা বানায় গোলরক্ষককে। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে কর্নার থেকে পাওয়া বলে দারুণ এক ফ্লিকে রিয়ালের সমর্থকদের হতাশ করেন গার্সিয়া। তাঁর গোলটি সমতাসূচক হলেও রিয়ালের মাঠে ওটা যে জয়সূচক গোলেরই সমতুল্য, সেটা গোল-পরবর্তী উল্লাসেই ফুটে উঠেছে স্পষ্টভাবে।
ম্যাচশেষে আনচেলত্তির কাছে সাংবাদমাধ্যমের প্রথম প্রশ্নটিই ছিল রোনালদোকে নিয়ে। উত্তরে তিনি যা শুনিয়েছেন তা রোনালদো-ভক্তদের মনে যথেষ্ট শঙ্কারই জন্ম দিতে পারে, ‘কাল রোনালদোকে পরীক্ষা করা হবে। ম্যাচের প্রথমার্ধেই তাঁর বাঁ পায়ের মাংসপেশিতে টান লাগে। কালকের পরীক্ষাই বলে দেবে সবকিছু। চোটের ধরন বাজে হলে ওকে দীর্ঘ দিন মাঠের বাইরে বসে থাকতে হতে পারে।’
দুই মিনিট বাকি থাকতে গোল খেয়ে নিজেদের সমস্যায় ফেললেও রিয়াল কোচ শুক্রবার অ্যাটলেটিকোর মাঠে সাফল্যের ব্যাপারে যথেষ্ট আশাবাদীই, ‘হ্যাঁ, গোল খেয়ে যাওয়াটা একটা সমস্যা। ক্যালদেরনে আমাদের গোল করতেই হবে। কিন্তু আমি মনে করি, আজকের খেলাটা খেলতে পারলেই সুপার কাপ আমাদের হবে।’
অ্যাটলেটিকো কোচ সিমিওনে নিজ দলের প্রশংসা করেছেন। তবে তিনি অবাক হয়েছেন রিয়ালের প্রথম একাদশে স্বদেশি অ্যাঙ্গেল ডি মারিয়াকে না দেখে, ‘আমি এটা সব সময়ই বলি, ডি মারিয়া রিয়ালের জন্য অনেক সময় রোনালদো কিংবা গ্যারেথ বেলের চেয়েও গুরুত্বপূর্ণ খেলোয়াড়। প্রথমার্ধে আমরা ছিলাম সমানে সমান। কিন্তু দ্বিতীয়ার্ধে ডি মারিয়া মাঠে নামার পর থেকে রিয়াল মাঠের খেলায় আমাদের চেয়ে এগিয়ে যায়।’ সূত্র: এএফপি।