অ্যাটলেটিকোকে হারাবে রিয়াল?
এক-দুই ম্যাচে হলে কথা ছিল। ছয় ম্যাচের একটিতেও জয় নেই! সর্বশেষ ম্যাচে তো বিধ্বস্ত হতে হয়েছিল ৪-০ গোলে। এই মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদ যেন রিয়াল মাদ্রিদের কাছে দুর্বোধ্য এক প্রহেলিকা। তবে ‘মওকা’ নেওয়ার একটা সুযোগ পেয়ে যাচ্ছে রিয়াল, আগামীকালই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি দুই দল।
এমন এক ম্যাচের আগে ‘প্রতিশোধ’জাতীয় কথাগুলোই বাতাসে ভেসে বেড়াবে স্বাভাবিকভাবে। কার্লো আনচেলত্তি ভদ্রতা করে সরাসরি ‘প্রতিশোধ’ বলছেন না, তবে নগরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে একটা হিসাব চুকানোর দায় যেন বোধ করছেন রিয়াল মাদ্রিদ কোচ, ‘গত কিছুদিনের ফলাফলের পর আমরা এখন বাড়তি আত্মবিশ্বাসী। আমরা নিশ্চিত এবার ম্যাচটা অন্য রকম হবে, তবে অ্যাটলেটিকোর সঙ্গে সব সময় যেমন হয়, কঠিনও হবে।’ এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার তীব্রতা অন্য রকম হবে বলেই মনে করছেন আনচেলত্তি, ‘আমাদের কোনো সন্দেহ নেই ম্যাচটা হবে খুবই ঝাঁজালো। আমরা জানি, এটাই ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে।’ গোলডটকম।