অ্যাটলেটিকোর অপেক্ষায় লেস্টার
কাজটা কঠিন মনে হচ্ছে বটে! তবে কঠিন কাজটা ‘সহজ’ করেই লেস্টার সিটি শেষ ষোলো থেকে কোয়ার্টার ফাইনালে এসেছে। সেভিয়ার মাঠে ২-১ গোলে হারের পর নিজেদের মাঠে জিতেছিল ২-০ গোলে। শেষ ষোলোতে পারলে শেষ আটে কেন নয়! অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে বিতর্কিত পেনাল্টি গোলে হেরেও তাই একটুও দমে যায়নি লেস্টার। কিং পাওয়ার স্টেডিয়ামে ফিরতি লেগটা আছে! আজ রাতে সেটিতেই রূপকথার নতুন অধ্যায় লেখার স্বপ্ন তাদের।
এমনিতে চ্যাম্পিয়নস লিগের অভিজ্ঞতায় অ্যাটলেটিকো অনেক এগিয়ে প্রতিপক্ষের চেয়ে। তিনবার ফাইনাল খেলেছে তারা, সর্বশেষ তিন মৌসুমেই দুবার। সেখানে লেস্টারের এবারই অভিষেক চ্যাম্পিয়নস লিগে। তবে নবাগত আর অনভিজ্ঞ হওয়ার একটা সুবিধাও আছে। যেটুকু এগোনো যায়, সেটাই প্রাপ্তি। হারানোর কিছু নেই বলেই লেস্টার বেশ নির্ভার।
শুধু তা-ই নয়, অ্যাটলেটিকোর জন্য একটা গোপন অস্ত্র নিয়েও তৈরি তারা—ডিফেন্ডার ক্রিস্টিয়ান ফুকসের লম্বা থ্রো। যে থ্রো থেকে তৈরি হয় গোলের সুযোগ। মিডফিল্ডার ড্যানি ড্রিঙ্কওয়াটার তো বলেই দিলেন, ‘ওর এই দক্ষতাটা আমাদের বড় একটা অস্ত্র। অনেক ক্ষেত্রে এটা কর্নারের চেয়েও নিখুঁত। আমরা এরই মধ্যে এভাবে কয়েকটা গোল করেছি। অ্যাটলেটিকো এটার সঙ্গে অভ্যস্ত নয়, তাই আশা করছি এটা আমাদের কাজে লাগবে।’
নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগে লেস্টারের পারফরম্যান্স দারুণ—চার ম্যাচের সবগুলোয় জয়। ৬ গোল করে খেয়েছে মাত্র একটি। এটা জানেন বলেই প্রথম লেগে জিতেও অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে বলেছিলেন, ‘এখনো দুই দলেরই সমান সুযোগ। কেউ বলতে পারবে না—আমরা সেমিফাইনালে চলে গেছি।’
মাঠের বাইরেও কিন্তু আজ পুরো ইংল্যান্ডের সমর্থন থাকবে লেস্টারের প্রতি। এবার চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত টিকে থাকা একমাত্র ইংলিশ দল বলে কথা! রয়টার্স।