অ্যাটলেটিকোর বিপক্ষে বড় জয় বার্সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল জ্বলে উঠেছিলেন বার্সার তারকা-ত্রয়ীই। ছবি: এএফপি
কাল জ্বলে উঠেছিলেন বার্সার তারকা-ত্রয়ীই। ছবি: এএফপি

জ্বলে উঠেছিলেন মেসি, নেইমার, সুয়ারেজ—এই তিন তারকাই। আর তাতেই ন্যু ক্যাম্পে আলো ছড়াল বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে লা লিগায় দারুণ এক জয় তুলে নিয়েছে কাতালানিয়ারা।
তিন তারকাই কাল পেয়েছেন একটি করে গোল। অ্যাটলেটিকোর পক্ষে একমাত্র গোলটি মারিও মানজুকিচের।
খেলার শুরু থেকেই অ্যাটলেটিকোর ওপর আক্রমণে ঝাঁপিয়ে পড়ে বার্সেলোনা। একাদশ মিনিটে বার্সার আক্রমণের তোড়ে ভেঙে যায় অ্যাটলেটিকোর প্রতিরোধের দেয়াল।
মেসির পাস থেকে প্রতিপক্ষের জালে বল ফেলেন নেইমার।
২৩ মিনিটে সুয়ারেজের ক্রস থেকে বল পেয়েও তা গোলে ঠেলতে পারেননি নেইমার। তাঁর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
২৯ মিনিটে মেসি-নেইমার যুগলবন্দী ব্যবধান বাড়ানোর সুযোগ এনে দিয়েছিল বার্সেলোনার সামনে। তবে এবার তাঁদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান গোলরক্ষক।
৩৬ মিনিটে সুয়ারেজের গোলে ২-০তে এগিয়ে যায় বার্সা। তবে এই গোলে মেসির অবদানই ছিল মূল। ডান প্রান্ত থেকে ক্ষিপ্রগতিতে বল নিয়ে ঢুকে অ্যাটলেটিকোর গোলমুখে ক্রস ফেলেন তিনি। আর্জেন্টাইন তারকার বানিয়ে দেওয়া সুযোগ গোলে পরিণত করতে একেবারেই বেগ পাননি সুয়ারেজ।
৫৭ মিনিটে মেসির মাধ্যমেই ব্যবধান কমায় অ্যাটলেটিকো। নিজেদের ডি বক্সে অ্যাটলেটিকোর গোমেজকে ফাউল করেন মেসি। তাঁর এই অপরাধে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করেন মানজুকিচ।
নির্ধারিত সময় শেষের একটু আগে স্কোরশিটে নিজের নাম তোলেন মেসি। তাঁর গোলে দারুণ জয়টাও নিশ্চিত হয়ে যায় লুইস এনরিকের শিষ্যদের।
ম্যাচ শেষে ক্যানাল প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলীয় তারকা নেইমার দাবি করেছেন, সংকট কাটিয়ে বার্সেলোনা এই মুহূর্তে ঘুরে দাঁড়িয়েছে, ‘আমাদের দলে এই মুহূর্তে কোনো সংকট নেই। আমরা সংকট কাটিয়ে উঠেছি। ধীরে ধীরে আমরা এখন ঘুরেও দাঁড়াচ্ছি। আমরা এখন সবাই ঐক্যবদ্ধ।’
সংকট কাটানোর দাবি করে নেইমার এখন মাঠের খেলায় সতীর্থদের কাছে পরিপূর্ণ মনোযোগই আশা করছেন, ‘আমাদের মনোযোগ এখন পুরোপুরি মাঠেই নিবদ্ধ করতে হবে। এ ছাড়া ভালো ফলের কোনো সুযোগ নেই।’
প্রথমার্ধে বাজে খেলার কারণেই এই ম্যাচটি অ্যাটলেটিকোর হাত থেকে বেরিয়ে গেছে বলে দাবি করেছেন কোচ ডিয়েগো সিমিওনে, ‘প্রধমার্ধে আমরা খুব বাজে খেলেছি। আমাদের গতি বলতে কিছুই ছিল না। আমরা প্রতিপক্ষের ওপর কোনো চাপই সৃষ্টি করতে পারিনি। দ্বিতীয়ার্ধে প্রতিদ্বন্দ্বিতা গড়লেও ম্যাচ ততক্ষণে আমাদের হাত থেকে বেরিয়ে গেছে।’ সূত্র: এএফপি।