অ্যাটলেটিকো-গেরো খুলতেই পারল না রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রক্তাক্ত মানজুকিচ! ছবি: রয়টার্স
রক্তাক্ত মানজুকিচ! ছবি: রয়টার্স

চলতি মৌসুমে মোট সাতবার মুখোমুখি দুই মাদ্রিদ জায়ান্ট রিয়াল ও অ্যাটলেটিকো। কিন্তু মাদ্রিদ ডার্বিতে একবারও জয়ের স্বাদ পেল না রিয়াল। সর্বশেষ, গত রাতে ভিসেন্তে ক্যালদেরনে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের লড়াইয়ের প্রথম লেগে নেমেছিল দুই দল। ফলটা কারও পক্ষেই যায়নি। গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে। দুই দলের ভাগ্য মীমাংসা হবে ২২ এপ্রিল বার্নাব্যুতে ফিরতি লেগেই। 

মাদ্রিদ ডার্বির উত্তেজনা যথারীতি ম্যাচে ছিল। অ্যাটলিটিকো ফরোয়ার্ড মারিও মানজুকিচকে রক্তাক্ত হতে হলো, পেটে ঘুষি খেতে হলো! দুই দলের খেলোয়াড়দের ক্ষণে ক্ষণে উত্তেজিতও হতে দেখা গেল। তবে ফলটা শেষমেশ কারও পক্ষেই যায়নি। অ্যাটলেটিকো অবশ্য রেফারিকে দায়ী করতেই পারে। মানজুকিচের পেটে ঘুষি মেরে বসলেন রিয়া​ল ডিফেন্ডার দানি কারভাহাল! অথচ রেফারি খেয়াল করেননি। নইলে পেনাল্টি পেতে পারত অ্যাটলেটিকো।
গত রাতের মাদ্রিদ ডার্বিটা দুই দলের গোলরক্ষকেরও বলা যায়। যদিও রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে পরীক্ষা কমই দিতে হয়েছে। তবে অ্যাটলেটিকো গোলরক্ষক ইয়ন ওবাকের চোখধাঁধানো কিছু সেভ নজর কেড়েছে। প্রথমার্ধে রিয়াল বেশ দাপটের সঙ্গে হামলে পড়েছিল স্বাগতিকদের ওপর। একের পর এক আক্রমণে বারবার কাঁপিয়ে তুলছিল অ্যাটলেটিকোর রক্ষণ। দুই দফা গ্যারেথ বেলের শট দারুণভাবে ঠেকিয়ে দেন ওবাক। ৩৬ ​মিনিটে হামেস রদ্রিগেজের শটও প্রতিহত করেন অ্যাটলেটিকো গোলরক্ষক। প্রথমার্ধে রিয়াল লক্ষ্যে শট নিয়েছে পাঁচটি, সেখানে ​অ্যাটলেটিকো মাত্র একটি।
রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও তাই বললেন, ‘প্রথমার্ধে গোলশূন্য স্কোরলাইন আমাদের পাওনা ছিল না। এর চেয়ে ভালো ফল হতে পারত। প্রথমার্ধের পারফরম্যান্স আমাদের বড় করে দেখতে হবে। ওটা ছিল অসাধারণ। তবে দ্বিতীয়ার্ধে অনেক চাপে রেখেছিল অ্যাটলেটিকো। যদিও এটা ভালো ফল নয়। তবে প্রথামার্ধের পারফরম্যান্স ফিরতি লিগে আমাদের উদ্বুদ্ধ করবে।’
দ্বিতীয়ার্ধে গা ঝাড়া দিয়ে ওঠে অ্যাটলেটিকো। কিছু আক্রমণ চালায় রিয়ালের রক্ষণে। বিশেষ করে শেষ দিকে বারবার আক্রমণ চালিয়েছিল সিমিওনের ছাত্ররা। কিন্তু আরদা তুরান, ফার্নান্দো তোরেসের ফিনিশিং ভালো না হওয়ায় হতাশায় পুড়তে হয়েছে স্বাগতিক দর্শকদের। দ্বিতীয়ার্ধেই ঘটল কিছু অফুটবলীয় কাণ্ড। সার্জিও রামোসের কনুইয়ের গুঁতা খেয়ে রক্তাক্ত হতো হলো মানজুকিচকে। তবে এ জন্য বড় কোনো শাস্তি পেতে হয়নি রামোসকে। সাইডলা​ইনে চিকিৎ​সা নিতে গিয়ে রাগে গজরাতে থাকলেন ক্রোয়েট স্টাইকার। মাঠে ফিরেও আরেক কাণ্ড। ৬২ মিনিটে পেনাল্টি বক্সে দুম করে মানজুকিচকে ঘুষি মারলেন কারভাহাল! একটুও শাস্তি পেতে হয়নি কারভাহালকে।
পুরো ম্যাচে বল দখলে স্পষ্ট এগিয়ে ছিল রিয়ালই (৬১ শতাংশ)। রিয়াল লক্ষ্যে শটও নিয়েছে বেশি, আটটি। সেখানে অ্যাটলেটিকো মাত্র দুটি। তবুও চলতি মৌসুমে ভিসেন্তে ক্যালদেরনে চার লড়াইয়ে একবারও গোল করতে পারল না রিয়াল। ফিরতি লেগ বার্নাব্যুতে। ঘরের মাঠে গোল করতে না পারার বড় মূল্য দিতে হতে পারে সিমিওনের দলকেও।
সিমিওনে অবশ্য বলছেন, ‘লড়াই এখনো উন্মুক্ত। প্রথমার্ধে প্রতিপক্ষ ছিল দারুণ। তবে ওবাকও ছিল দুর্দান্ত। বিশেষ করে বেলের পরিষ্কার সুযোগ সে দারুণভাবে ঠেকিয়ে দিয়েছে। প্রথমার্ধে আমরা টালমাটাল ছিলাম। তবে যেভাবে শুরু করেছিলাম সে তুলনায় দ্বিতীয়ার্ধে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।’
ওদিকে অপর লড়াইয়ে আর্তুরো ভিদালের গোলে প্রথম লেগে ঘরের মাঠে মোনাকোকে ১-০ গোলে হা​রিয়েছে জুভেন্টাস। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স।