অ্যাডিলেডে অস্ট্রেলীয়-রাজত্ব

খুব সহজেই লিখে দেওয়া যেত ‘অ্যাডিলেড টেস্টের প্রথম দিনটা অস্ট্রেলিয়ার’। কিন্তু এটা লিখে দিলে একটু অন্যায়ই হয়ে যায়। অন্যায় হয়ে যায় ভারতীয় দলের বিপক্ষে। শেষ বিকেলে তাদের ভালো বোলিংয়ের বিপক্ষে। ৩ উইকেটে ৩৫৪ থেকে খুব অল্প সময়ের মধ্যে স্কোরবোর্ডকে ৩৫৪/৬ করে ফেলাটা ভারতীয় বোলারদের কৃতিত্বই বইকি।
ফিল হিউজের স্মৃতিকে সঙ্গী বানিয়ে অ্যাডিলেড টেস্টে মাঠে নামা অস্ট্রেলিয়া কিন্তু প্রথম দিনের সিংহভাগ সময়ই রাজত্ব করেছে। একেবারে শেষ বিকেলে দ্রুত কিছু উইকেট হারিয়ে ফেলে কিছুটা চাপে পড়ে গেলেও তাদের সংগ্রহটা ভারতকে চাপে ফেলার ক্ষেত্র প্রস্তুতই করে ফেলেছে। এর সিংহভাগ কৃতিত্বটা যাবে ওপেনার ডেভিড ওয়ার্নারের দিকে। অ্যাডিলেড ওভালের রাজা হিসেবে নিজেকে ইতিমধ্যে প্রতিষ্ঠিত করে ফেলা এই বাঁহাতি ব্যাটসম্যান প্রথম দিনই পেয়েছেন দুর্দান্ত এক শত রান। ওয়ানডে-স্টাইলে ব্যাট চালিয়ে তাঁর ১৬৩ বলে ১৪৫ রানের ইনিংসটি কিন্তু দিনের প্রথম দুটি সেশনে ভারতকে ভালোই চাপে রেখেছিল। সেই সঙ্গে যুক্ত হয়েছিল অধিনায়ক মাইকেল ক্লার্কের ‘অসমাপ্ত’ ৬০ রানের ইনিংস। পীঠের ব্যথাটা আবার ফিরে আসায় সম্ভাবনাময় ইনিংসটিকে ‘স্থগিত’ করে সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে। তবে ওয়ার্নার ও ক্লার্কের বিদায়ের পর স্টিভেন স্মিথ ও মিচেল মার্শের দুটি মাঝারি ইনিংস অস্ট্রেলিয়ার সংগ্রহকে নিয়ে যায় বড় অঙ্কের পথেই। মার্শ ৪১ রান করে ফিরলেও স্মিথ এই বড় সংগ্রহের লক্ষ্যকে বাস্তব ভিত্তি দেওয়ার উদ্দেশে দিনশেষে অপরাজিত ৭২ রানে। কাল দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার ইনিংস ঘণ্টা দুয়েক স্থায়ী হলেই তাঁদের সংগ্রহটা ভারতের জন্য চাপ হয়ে দেখা দেবে। তবে সবকিছুই নির্ভর করছে স্মিথ তাঁর ইনিংসটিকে কতদূর টেনে নিয়ে যেতে পারেন তার ওপর।
ভারতীয় বোলারদের মধ্যে আজ ইশান্ত শর্মার দুর্ভাগ্যই বলতে হবে। দারুণ বল করেও দিনশেষে তাঁকে মাত্র একটি উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। তাঁর সঙ্গী দুই পেসার মোহাম্মদ সামি ও বরুণ অ্যারন প্রত্যেকেই নিয়েছেন দুটি করে উইকেট। অভিষিক্ত করণ শর্মা তাঁর অভিষেক টেস্ট উইকেটটি দখল করেন দিনের সেরা পারফরমার ওয়ার্নারকে ইশান্ত শর্মার সহযোগিতায় ফিরিয়ে। ইশান্তের শিকার শেন ওয়াটসন।
করণ ২৪ বছর পর উপমহাদেশের বাইরে অভিষিক্ত প্রথম ভারতীয় স্পিনার। ১৯৯০ সালে শেষ ভারতীয় স্পিনার হিসেবে ইংল্যান্ডের মাটিতে অভিষেক হয়েছিল অনিল কুম্বলের।
টসে জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটির স্থায়িত্ব ছিল ৫০ রান। ইশান্ত শর্মার বলে ব্যক্তিগত ৯ রানে স্লিপে শিখর ধাওয়ানের হাতে ধরা পড়েন রজার্স। শেন ওয়াটসনও রজার্সের পথ ধরেন স্লিপে ওই ধাওয়ানের হাতেই ক্যাচ দিয়ে। এর পরপরই অসমাপ্ত তৃতীয় উইকেট জুটিতে ওয়ার্নার ও ওয়াটসন মিলে তোলেন ১১৮ রান। স্মিথ ও মার্শের জুটি থেকে আসে ৮৭ রান। তবে দলীয় ৩৫২ রানের মাথায় নাথান লায়ন ও ব্র্যাড হাডিনকে খুব দ্রততার সঙ্গে হারিয়ে দিনশেষে কপালটা কুঁচকেই থাকবে অস্ট্রেলিয়ার। সূত্র: এএফপি, স্টোর স্পোর্টস-১।