অ্যানফিল্ডে আজ ফুটবল-রোমাঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যানফিল্ডে স্টোক সিটির সঙ্গে খেলছিল লিভারপুল। গত মঙ্গলবারের সেই ম্যাচটির ঠিক আগে টিভি ক্যামেরায় দেখা গেল চেনা একটি মুখ। মাথায় হ্যাট, গায়ে ওভারকোট—পেপ গার্দিওলা!
লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ যতই মজা করে বলুন, ‘গার্দিওলা সুন্দর ফুটবল দেখতে এসেছিলেন’, ম্যানচেস্টার সিটি কোচের অ্যানফিল্ডে আসার মূল উদ্দেশ্যটা সহজেই বোঝা যায়। আজ অ্যানফিল্ডে ক্লপের লিভারপুলের মুখোমুখি যে গার্দিওলার ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষকে সেদিন ‘দেখে গেছেন’, আজ চাইবেন ‘দেখে নিতে’।
ম্যাচটিতে রোমাঞ্চের সব উপকরণ আছে। পয়েন্ট তালিকার দুইয়ের সঙ্গে তিনের লড়াই। প্রিমিয়ার লিগে সুন্দরতম ফুটবল খেলা দলগুলোর মধ্যেও ওপরের সারিতে দল দুটি। লড়াই দুটি দর্শনেরও—গার্দিওলার পাসিং ফুটবলের বিপরীতে ক্লপের ‘গেগেনপ্রেসিং’। মাঠের প্রতিটি ইঞ্চির হিসাব এখানে গুরুত্বপূর্ণ, লড়াইটা তাই কৌশলেরও। ক্লপ তো আর এমনি এমনিই বলেননি, ‘যদি ডাগআউটে না থাকতাম, তাহলে একটি টিকিট আমি কিনতামই।’
পয়েন্টের সরল অঙ্ক: ৪০ পয়েন্ট নিয়ে লিভারপুল দুইয়ে, ১ পয়েন্ট পিছিয়ে তিনে সিটি। আজ যে-ই জিতবে, নিশ্চিত দুইয়ে থেকেই ২০১৭ সাল শুরু করবে। জয়ের প্রেরণা হতে পারে এটিও, ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা চেলসিকে নাগালের বাইরে যেতে দেওয়া যাবে না। আজ ঘরের মাঠে স্টোক সিটির বিপক্ষে খেলবে আগের ম্যাচেই ক্লাব ইতিহাসে টানা ১২ জয়ের রেকর্ড গড়া আন্তোনিও কন্তের দল।
রেকর্ড কড়চা: শুধু রেকর্ড দিয়েই ভবিষ্যদ্বাণী করা গেলে বলা যেত, এই ম্যাচে লিভারপুলই জিতবে। ঘরের মাঠে সর্বশেষ ১৬ লিগ ম্যাচে হার দেখেনি ক্লপের দল, এ মুহূর্তে প্রিমিয়ার লিগে এটি টানা অপরাজিত থাকার রেকর্ড। অ্যানফিল্ডে সিটির বিপক্ষে না হারার রেকর্ড তো আরও দীর্ঘ, সর্বশেষ হার ২০০৩ সালের মে মাসে। দুই দলের সর্বশেষ তিন ম্যাচেও জিতেছে লিভারপুল।
দল কেমন হবে: সিটির জন্য সুখবর, চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। আর নাও খেলতে পারেন লিভারপুল মিডফিল্ডার ফিলিপে কুতিনহো ও ডিফেন্ডার জোয়েল মাটিপকে।
গার্দিওলা বনাম ক্লপ: জার্মানিতে দুজন মুখোমুখি হয়েছেন আটবার। বায়ার্ন মিউনিখে গার্দিওলা, বরুসিয়া ডর্টমুন্ডে ক্লপ। সেখানে ৪-৪-এ সমতা। ইংল্যান্ডে আজই প্রথম দেখা সময়ের অন্যতম সেরা দুই কোচের। গার্দিওলা তেমন কিছু বলেননি, তবে ম্যাচের আগে ক্লপের মুখে প্রতিপক্ষের উচ্ছ্বসিত প্রশংসা, ‘বার্সেলোনায়, বায়ার্নে দুর্দান্ত একটা দল ছিল তার। কিন্তু দুটি দলেরই খেলার ধরনে সে অনেক প্রভাব রেখেছে। বার্সেলোনায় তো কোনো নতুন কোচ গেলেই শুনতে হবে, ‘ভুলো না কিন্তু, পেপ গার্দিওলা যেভাবে খেলিয়েছে, আমরা সেভাবেই খেলি।’ এর চেয়ে বড় প্রভাব আর কী হতে পারে! দুর্দান্ত একজন কোচ সে। পরিষ্কার একটা দর্শন আছে তার, দর্শনটা সুন্দরও। এখন পর্যন্ত ক্যারিয়ারটাও ভালো।’ এএফপি, ডেইলি মেইল।