অ্যানফিল্ডে আবারও গোল উৎসব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যানফিল্ডে আজ গোল উৎসব দেখার প্রস্তুতি নিয়েছেন তো?
তা-ই তো হওয়ার কথা। লিভারপুলের মাঠে দুই দলের সর্বশেষ কোনো ম্যাচ মাত্র এক গোল দেখেছে, সেই ‘অবিশ্বাস্য’ ঘটনারও দশক পূর্তি হয়ে গেছে গত বছর। ২০০৬ সালের ১৪ ফেব্রুয়ারি আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছিল রাফায়েল বেনিতেজের লিভারপুল। এরপর অ্যানফিল্ডে সব প্রতিযোগিতা মিলিয়ে দুই দল মুখোমুখি হয়েছে ১৩ ম্যাচে, গোল হয়েছে ৬০টি! ম্যাচপ্রতি চারটিরও বেশি!
আজও তেমন রোমাঞ্চ ছড়াবে না, কে বলবে?
গোল উৎসব হোক বা না হোক, আজ জয়োৎসব ছাড়া গতি নেই দুই দলের কারোরই। ম্যাচটা যে দুটি দলেরই সেরা চারে থাকার লড়াই, তাতে জয়টা হবে ‘এনার্জি ড্রিংকে’র মতো। আর্সেনাল এ মুহূর্তে তালিকার চারে (২৫ ম্যাচে ৫০ পয়েন্ট), লিভারপুল এক ম্যাচ বেশি খেলে পাঁচে (২৬ ম্যাচে ৪৯ পয়েন্ট)। সেরা চারের লড়াইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডও (২৫ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে ছয়ে) আজ ঘরের মাঠে খেলবে বোর্নমাউথের সঙ্গে।
ফর্ম দুই দলের কাউকেই ভরসা দেয় না। ২০১৭ সালের প্রথম দুই মাসে লিভারপুল ১২ ম্যাচে জিতেছে মাত্র দুটিতে! তবে ইয়ুর্গেন ক্লপকে আশা দেখাতে পারে এই তথ্য—ম্যাচটা প্রিমিয়ার লিগের বড় দলগুলোর একটির সঙ্গে। এই মৌসুমে ‘রবিন হুড’ উপাধি তো এমনি এমনি পায়নি লিভারপুল! বড় দলগুলোকে পেলে জ্বলে ওঠে, লিগে পাঁচটি ম্যাচ হেরেছে বরং ধুঁকতে থাকা দলগুলোর সঙ্গে।
লেস্টারের মাঠে শেষ হারটি তো দিয়ে গেছে ‘জরুরি অবস্থা’র সংকেত। যাতে সাড়া দিতে সতীর্থদের জ্বলে ওঠার ডাকও দিয়েছেন লিভারপুল মিডফিল্ডার অ্যাডাম লালানা, ‘যতটা ধারাবাহিক হওয়া উচিত, ততটা আমরা নই। সত্যিকারের পৌরুষ নিয়ে আমাদের ঝাঁপিয়ে পড়া উচিত, যেন সবাই আমাদের হিসাবের মধ্যে রাখে। আর্সেনালের বিপক্ষেই সেটি শুরু হোক!’ তবে সেই ‘শুরু’তে অধিনায়ক জর্ডান হেন্ডারসনকে না-ও পেতে পারেন লালানারা, তাঁর চোট এখনো সারেনি। আর্সেনালেরও চোট-সমস্যা মিডফিল্ডে, শঙ্কা আছে মেসুত ওজিলকে নিয়ে।
ম্যাচটা ওয়েঙ্গারের জন্যও বড় পরীক্ষা। মৌসুম শেষে আর্সেনালে থাকবেন কি না, তা অনিশ্চিত। তিন দিন পর ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের সঙ্গে ফিরতি লেগ, যাতে প্রথম লেগে ৫-১ গোলে হেরে এসেছে আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগের আশা তাই কার্যত শেষ। আজ হারলে লিগে সেরা চারে থাকাও পড়বে শঙ্কায়। ১৯৯৬ সালে আর্সেনালে আসার পর কোনো মৌসুমেই অবশ্য চারের নিচে দলকে দেখেননি ওয়েঙ্গার।
স্প্যানিশ লিগ: ‘এইবার’ পুরোনো ফর্মে ফিরবে রিয়াল মাদ্রিদ? লিগে সর্বশেষ তিন ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে জিনেদিন জিদানের দল, তিনটি ম্যাচেই পিছিয়ে পড়েছে শুরুতে। আজ এইবারের মাঠে পুরোনো বিধ্বংসী ফর্মে ফিরবে রিয়াল? লিগে এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল, জয় ছাড়া অন্য যেকোনো ফল চাপটা আরও বাড়িয়ে দেবে। তবে আগের ম্যাচে লাল কার্ড দেখায় বেল তো থাকছেনই না, চোটের কারণে রিয়াল পাচ্ছে না রোনালদোকেও। আজ মাঠে নামবে বার্সাও, ঘরের মাঠে খেলবে সেল্টা ভিগোর সঙ্গে। ডেইলি মেইল।