অ্যানফিল্ডে প্রত্যাবর্তনে হার জেরার্ডের

লিভারপুলকে জয় এনে দিয়েছেন সালাহছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই মাঠ তো তাঁরই। এই মাঠে আসা প্রত্যেক দর্শক এখনো তাঁর নাম জপেন। একদিন লিভারপুলের ডাগআউটে তাঁকে দেখার স্বপ্নে বিভোর পুরো সমর্থকগোষ্ঠী। স্টিভেন জেরার্ড আজ ফিরেছিলেন অ্যানফিল্ডে। প্রত্যাবর্তনটা অবশ্য আশানুরূপ হয়নি। মোহামেদ সালাহর কাছে হেরে গেছে জেরার্ডের সব কৌশল। সালাহর একমাত্র গোলে ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল।

অ্যানফিল্ডে ফেরার ম্যাচে হারতে হলো জেরার্ডকে
ছবি: রয়টার্স

দায়িত্ব পাওয়ার পর থেকেই অ্যাস্টন ভিলাকে দুর্দান্ত ফুটবল খেলাচ্ছিলেন জেরার্ড। কিন্তু নিজের ঘরে এসে একটু যেন ধার হারিয়ে ফেলেছিলেন জেরার্ড। লিভারপুলের বিপক্ষে আজ পুরো ম্যাচেই দ্বিতীয় সেরা দল হয়ে ছিল ভিলা। গত মৌসুমে এই অ্যাস্টন ভিলার কাছেই ৭-২ গোলে হেরেছিল লিভারপুল। আজ ভিলার খেলায় সে দলের কোনো ছাপ দেখা যায়নি।

শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ করেছে লিভারপুল। দুই উইং দিয়ে টানা আক্রমণ করেও গোল পাচ্ছিল না লিভারপুল। ম্যাচে লিভারপুলের ২০টি শট ছিল। ওদিকে অ্যাস্টন ভিলা পুরো ৯০ মিনিটে মাত্র চারবার শট নিতে পেরেছে। এর মধ্যে একটিও লক্ষ্যে ছিল না। গোলে শট নেওয়া, বলের দখল নেওয়া, কিংবা সফলভাবে পাস দেওয়া—সবকিছুতেই এগিয়ে ছিল লিভারপুল। কিন্তু সালাহ-মানে-জোতাদের আক্রমণ অ্যাস্টন ভিলার রক্ষণে আটকা পড়ছিল।

পেনাল্টি আদায় করে নিচ্ছেন সালাহ
ছবি: রয়টার্স

ওলি ওয়াটকিনস আর জন ম্যাকগিনরা প্রতি–আক্রমণকে অস্ত্র মানছিলেন। কিন্তু লিভারপুলের প্রেসিং অ্যাস্টন ভিলাকে এক মুহূর্ত স্বস্তি দেয়নি। এমন প্রভাববিস্তারী খেলাতেও গোল পাচ্ছিল না অলরেডরা। গোল পেতে সেই সালাহর জাদুকরি মুহূর্তের অপেক্ষাতেই থাকতে হয়েছে। ৬৬ মিনিটে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়া সালাহকে থামাতে গিয়ে ফেলে দেন টাইরন মিংস। সালাহর পেনাল্টি ঠেকাতে সঠিক দিকেই ঝাঁপ দিয়েছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। কিন্তু পোস্টঘেঁষা শট ঠেকাতে পারেননি।

এই জয়ে লিভারপুল লিগে দ্বিতীয় স্থানেই থাকল। ওদিকে লিডস ইউনাইটেডের বিপক্ষে চেলসির জয়ও এসেছে পেনাল্টি থেকে। যোগ করা সময়ে জর্জিনিওর পেনাল্টি গোলে লিডসের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে তিনে থাকা চেলসি। সাউদাম্পটনকে ৩-০ গোলে হারিয়ে লিগ টেবিলে পাঁচে উঠে এসেছে আর্সেনাল। তবে টটেনহাম ও ম্যানচেস্টার ইউনাইটেড নিজ নিজ ম্যাচে জয় পেলেই সাতে নেমে যাবে আর্সেনাল।