অ্যানফিল্ডে ফুটবল-রোমাঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়ুর্গেন ক্লপ বলছেন, সর্বকালের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ। একটু বাড়াবাড়ি শোনাতে পারে, কিন্তু পরশু যারা রাত জেগে খেলা দেখেছেন, খুব বেশি দ্বিমত করবেন না। আর্সেনাল-লিভারপুল ম্যাচের পুরো ৯০ মিনিটই যেন কোনো রুদ্ধশ্বাস হলিউডি থ্রিলার! গোল হয়েছে ৬টি, তবে দিন শেষে কেউই জেতেনি। ম্যাচটা ড্র হয়েছে ৩-৩ গোলে।

শুধু গোলের হিসাব করলে প্রথমার্ধের ১০ থেকে ২৫—এই ১৬ মিনিট ছিল সবচেয়ে ‘পাগলাটে’। রবার্তো ফিরমিনোর গোলে প্রথমে লিভারপুল এগিয়ে গেল, মিনিট চারেক পরই অ্যারন রামসের গোলে সমতায় আর্সেনাল। পাঁচ মিনিট পর আবার ফিরমিনোর আবির্ভাব ম্যাচের সবচেয়ে সুন্দর গোলটি নিয়ে—২৫ গজ দূর থেকে দুর্দান্ত বাঁকানো শটে দ্বিতীয়বারের মতো এগিয়ে দিলেন লিভারপুলকে।

কিন্তু আর্সেনাল তাদের এগিয়ে থাকতে দিল মাত্র ৬ মিনিট। কর্নারের বলে পা ছুঁইয়ে আর্সেনালকে সমতায় ফেরালেন অলিভিয়ের জিরু। ৫৫ মিনিটে আর্সেনালকে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে দিলেন ওই জিরুই। জয়টা যখন প্রায় নিশ্চিত ধরা দিতে চলেছে আর্সেনালকে, তখনই ধাক্কা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে লিভারপুলকে সমতায় আনলেন জো অ্যালেন। এই দুই দলের ম্যাচে শেষ মুহূর্তে গোল হওয়াটা বিস্ময়কর কিছু নয়। দুই দলের সাক্ষাতে সব মিলিয়ে ১৬ বার ৯০তম মিনিটে বা যোগ করা সময়ে গোল হয়েছে। প্রিমিয়ার লিগে আর কোনো দ্বৈরথ শেষ সময়ে এত রোমাঞ্চ দেখেনি!

ক্লপ তো এই ম্যাচটিকে ‘দৃষ্টান্ত’ হিসেবেই দাঁড় করিয়ে দিচ্ছেন, ‘ফুটবল ম্যাচ এমনই হওয়া উচিত। মানুষ এই ম্যাচটা মনে রাখবে। হয়তো খুব বেশি দিন নয়, কারণ রোববারই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ম্যাচ আছে (লিভারপুলের পরের ম্যাচ)! তবে এ ম্যাচটিকে ভোলা যাবে না। এমন একটা ম্যাচে ড্র হওয়াটাই ন্যায্য ফল।’

মানুষ ক্লপের গোল উদ্‌যাপনও হয়তো অনেক দিন মনে রাখবে। বৃষ্টিভেজা রাতে প্রতিটি গোলের পর বাতাসে ঘুষি মেরে, বুক চাপড়ে গোল উদ্‌যাপন করছিলেন লিভারপুল কোচ। এমনই উত্তেজিত ছিলেন যে তাঁকে শান্ত করতে একটা সময়ে পাশের ডাগ-আউট থেকে এগিয়ে আসতে হয় আর্সেন ওয়েঙ্গারকেও। আর্সেনাল কোচও রসিকতার ছলে জানালেন, ‘ম্যাচে একটা সময় আমার ওকে শান্ত করতে হয়েছে। সম্ভবত একটা থ্রো-ইন নিয়ে একটু উত্তেজিত হয়ে পড়েছিল ও।’

তবে ওয়েঙ্গার ফল নিয়ে একটু হতাশ। জিতলেই লিগের শিরোপাদৌড়ে আরেকটু এগিয়ে যেত আর্সেনাল। এখন ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লেস্টার আর্সেনালকে ছুঁয়ে ফেলেছে, আর্সেনাল অবশ্য এগিয়ে গোল ব্যবধানে। ওয়েঙ্গারের কণ্ঠে আক্ষেপের সুর, ‘দলের খেলা নিয়ে নয়, আমি ফল নিয়ে হতাশ। ৩-২ হওয়ার পর আমরা অন্তত তিনবার ৪-২ করার সুযোগ পেয়েছিলাম।’ এএফপি, ইএসপিএন।

ইংলিশ লিগের সেরা পাঁচ

আর্সেনাল      ২১   ১৩   ৪    ৪    ৩৭/২১    ৪৩

লেস্টার সিটি   ২১   ১২    ৭    ২    ৩৮/২৫    ৪৩

ম্যান সিটি      ২১   ১২    ৪    ৫    ৩৯/২১    ৪০

টটেনহাম       ২১    ৯     ৯    ৩   ৩৪/১৭    ৩৬

ওয়েস্ট হাম     ২১    ৯     ৮    ৪    ৩৩/২৪    ৩৫