অ্যানোয়েতার 'ভূত' তাড়াল বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূতই হবে। যা অ্যানোয়েতা স্টেডিয়ামে বারবার চেপে বসত বার্সেলোনার ঘাড়ে। না হলে এই একটা মাঠেই বারবার কেন হোঁচট খাবেন মেসি-ইনিয়েস্তারা? এক নয়, দুই নয়...প্রায় ১০ বছর ধরে রিয়াল সোসিয়েদাদের মাঠটাতে জয় পাওয়া হচ্ছিল না!
যদি ভূত হয়েই থাকে, তবে সেটিকে পরশু তাড়িয়ে দিল লুইস এনরিকের দল। কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সা জিতেছে ১-০ গোলে।
জয়ের ব্যবধানই বলে, এ জয় কষ্টার্জিত। গোলটাও এসেছে পেনাল্টি থেকে। তবে এসব ছাপিয়ে ৩ হাজার ৪৩৯ দিন পর অ্যানোয়েতা থেকে জয় নিয়ে ফেরার স্বস্তিই বেশি বার্সেলোনা কোচ এনরিকের, ‘জয়টা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটা এমন এক মাঠে এসেছে যেখানে আমরা সাধারণত ঝামেলায় পড়ি। ফল হিসেবে এটা খুবই ভালো। তবে পরের লেগেও ওরা আমাদের সমস্যায় ফেলবে। আপাতত এটাই স্বস্তি যে, আমরা এখানে জিতেছি।’
সর্বশেষ জয় ২০০৭ সালের ৫ মে। এরপর থেকে পরশুর আগে সোসিয়েদাদের মাঠে ছয়টি ম্যাচ খেলেছে বার্সেলোনা। জয় তো নেই-ই, ড্র মাত্র একটি, পাঁচটি হার! পরশু ধারাটা ভাঙল। ম্যাচজুড়েই বার্সাকে চাপে রেখেছে সোসিয়েদাদ। তবে ২১ মিনিটে নেইমারের পেনাল্টিই ব্যবধান গড়ে দিয়েছে শেষ পর্যন্ত।
এই মাঠে না জেতার চাপটা কত বেশি ছিল, সেটি লিওনেল মেসিকে দেখেই বোঝার কথা। ম্যাচে বারবার মেজাজ হারিয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড। রেফারির সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন, ফ্রি-কিক নিতে দেরি করে হলুদ কার্ডও দেখেছেন। বার্সা ক্যারিয়ারের প্রথম লাল কার্ডও দেখতেন দ্বিতীয়ার্ধে সোসিয়েদাদকেও ফ্রি-কিক নিতে ‘বাধা’ দেওয়ার অভিযোগে। যা নিয়ে ম্যাচের পর সোসিয়েদাদ মিডফিল্ডার আসিয়ের ইয়ারামেন্দি বলেছেন, ‘ওর গায়ে যদি অন্য কোনো দলের জার্সি থাকত, তাহলে নিশ্চিত লাল কার্ড দেখত।’
তবে ওসব অভিযোগ এখন আমলে নেওয়ার সময় কোথায় বার্সার! ‘অ্যানোয়েতার ভূত’ তাড়ানো গেছে, এখন দ্বিতীয় লেগ জিতে সেমিফাইনালে যাওয়াই লক্ষ্য এনরিকের দলের। মার্কা, এএফপি।