আঁখির চোখ আরও দূরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠে আঁখির হাতে। প্রথম আলো ফাইল ছবি
গত বছর সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠে আঁখির হাতে। প্রথম আলো ফাইল ছবি
>৯ থেকে ১৮ আগস্ট ভুটানে হবে অনূর্ধ্ব-১৫ মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার আশা দিল সহ-অধিনায়ক আঁখি

কিশোরী ফুটবলার আঁখি খাতুনের কীর্তি এত দ্রুত ভুলে যাওয়ার নয়। গত ডিসেম্বরে অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে ভারতকে হারিয়ে বাংলাদেশের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল আঁখি। ডিফেন্ডার হয়েও দুই গোল করার সুবাদে হয়েছিল টুর্নামেন্ট-সেরা। সিরাজগঞ্জের শাহজাদপুরে পাটখোলা গ্রামের তাঁতিপাড়া থেকে উঠে আসা মেয়েটার নাম ছড়িয়ে পড়েছিল চারদিকে।

আট মাসের মধ্যে দরজায় কড়া নাড়ছে আরেকটি অনূর্ধ্ব-১৫ সাফ। বয়স ১৫-এর নিচে থাকায় ও পারফরম্যান্সে মরচে না ধরায় এবারও দলে আছে ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার আঁখি। তার কাঁধে এবার সহ-অধিনায়কত্বের দায়িত্ব। গত বছর একেবারেই পর্দার আড়াল থেকে এসে টুর্নামেন্টে সবাইকে মুগ্ধ করে হয়েছিল দক্ষিণ এশিয়ার সেরা। আর এবার পরিচিত মুখ হিসেবে পা রাখতে যাচ্ছে ভুটানে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে। স্বাভাবিকভাবে সময়ের ব্যবধানে আঁখি এখন অনেক পরিণত।

ভুটানে খেলতে যাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ মেয়েদের সাফ ফুটবল দল। ছবি: বাফুফে
ভুটানে খেলতে যাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ মেয়েদের সাফ ফুটবল দল। ছবি: বাফুফে

৯ আগস্ট থেকে ভুটানে শুরু এই টুর্নামেন্টে ধারাবাহিকতা ধরে রাখার স্বপ্ন আঁখির চোখে, ‘গতবার আমার আত্মবিশ্বাসই ছিল না প্রথম একাদশে খেলতে পারব। এবার অন্তত সেই চাপটা নেই। এ সুযোগে অনুশীলনে নিজের দুর্বলতা নিয়ে অনেক কাজ করেছি। এখন আমার হেডের কাজ আগের চেয়ে অনেক ভালো। আমার বিশ্বাস গতবারের চেয়ে এবার আরও ভালো খেলব।’

ঘরের মাঠে অনুষ্ঠিত সবশেষ সাফে নিজেদের দর্শকদের সমর্থন পেয়েছিল কিশোরীরা। স্বাভাবিকভাবে ভুটানে সেই সমর্থনটা পাওয়া যাবে না। প্রতিপক্ষ আছে আরও একটি বিষয়—ভৌগোলিক অবস্থান। খেলতে হবে ২৩৩৪ মিটার (৭৬৫৭ ফুট) উচ্চতায়। তবে এ নিয়ে চিন্তিত মনে হলো না সহ-অধিনায়ক আঁখিকে, ‘আমাদের আগের দলটির চেয়ে এবারের দলটি আরও বেশি ভালো। আগেরবার যখন অপরাজিত চ্যাম্পিয়ন হতে পেরেছি। এবারও চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রাখি। ভুটানের উচ্চতার কথা বিবেচনা করেই আমাদের অনেক বেশি ফিটনেস অনুশীলন করানো হয়েছে।’

আগামী সোমবার ভুটানে রওনা দেব দল। বর্তমান দলে গতবারের পাঁচজন খেলোয়াড় নেই। বয়স পেরিয়ে যাওয়ায় ভুটানগামী দলে থাকতে পারেননি আগের টুর্নামেন্ট রাঙানো উইঙ্গার মার্জিয়া। তবে নতুন যারা এসেছে, তাদের নিয়ে শিরোপা ধরে রাখা যাবে বলে বিশ্বাস করেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানি, ‘আমরা এবার আগের চেয়ে অনেক বেশি ভালো দল। নতুন যারা এসেছে, তারা বঙ্গমাতা ও জেএফএ কাপে প্রমাণ করেই এসেছে। এই দল নিয়ে আগের চেয়ে আরও ভালো খেলে শিরোপা ধরে রাখতে পারব বলে বিশ্বাস করি।’

গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গে আছে পাকিস্তান ও নেপাল। টুর্নামেন্ট শুরুর দিনেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের সাফ শিরোপা ধরে রাখার অভিযান।

ভুটানে বাংলাদেশের সূচি

গ্রুপ পর্বে বাংলাদেশ
তারিখ প্রতিপক্ষ সময়
৯ আগস্ট পাকিস্তান সন্ধ্যা ৭টা
১৩ আগস্ট নেপাল সন্ধ্যা ৭টা
১৬ আগস্ট ১ম সেমিফাইনাল বিকেল ৪টা
২য় সেমিফাইনাল সন্ধ্যা ৭টা
১৮ আগস্ট ফাইনাল সন্ধ্যা ৭টা

* সব ম্যাচ চাংলিমিথাং স্টেডিয়ামে