আঁচ লাগছে ক্লাসিকোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল জালে না গেলেও মেসি নিজেই জড়িয়ে গেলেন জালে! পরশু এইবারের বিপক্ষে একটি গোল করেও আক্ষেপ থাকল মেসির, তেলমো জারাকে ছুঁতে যে আরেকটি গোল লাগত! রয়টার্স
বল জালে না গেলেও মেসি নিজেই জড়িয়ে গেলেন জালে! পরশু এইবারের বিপক্ষে একটি গোল করেও আক্ষেপ থাকল মেসির, তেলমো জারাকে ছুঁতে যে আরেকটি গোল লাগত! রয়টার্স

এ যেন মহাভারতে কর্ণ আর অর্জুনের সেই লড়াই। যে লড়াই দেখতে গিয়ে অন্য যোদ্ধারা ভুলে গিয়েছিলেন নিজেদের লড়াইয়ের কথা। লা লিগার দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দ্বৈরথ এল ক্লাসিকোকে ঘিরে ব্যাপারটা এখন সে রকমই দাঁড়িয়েছে। রিয়াল লেভান্তেকে ৫ গোলে উড়িয়ে দেওয়ার পর কোচ কার্লো আনচেলত্তিকে ম্যাচ নিয়ে বলতে গেলে কোনো প্রশ্নই করা হলো না। সব প্রশ্ন আগামী শনিবারের সেই মহারণ নিয়ে।

প্রায় একই অভিজ্ঞতা হলো ন্যু ক্যাম্পে এইবারকে ৩-০ গোলে হারানোর পর বার্সেলোনা কোচ লুইস এনরিকেরও। প্রথমবারের মতো লা লিগায় খেলার সুযোগ পাওয়া দলটার বিপক্ষে গোল পেতে মেসি-নেইমারদের কেন দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হলো, এই প্রশ্ন খুব একটা শোনা গেল না। বরং প্রশ্ন হলো, ২৫ অক্টোবর রিয়ালের মুখোমুখি হতে বার্সেলোনা কতটা প্রস্তুত? এমনকি রিয়াল-বার্সেলোনা দুই দলেরই যে ক্লাসিকোর আগে আরও একটি করে ম্যাচ আছে এবং সেটা চ্যাম্পিয়নস লিগে, তাও যেন গৌণ হয়ে গেছে এখন! এল ক্লাসিকোর উত্তাপ এতটাই ছড়াচ্ছে!

কারণটা আন্দাজ করাও খুব কঠিন কিছু নয়। এল ক্লাসিকো মানেই একপাশে রোনালদো-বেল-বেনজেমা, অন্যপাশে মেসি-নেইমার। এবার বার্সায় সুয়ারেজও যোগ হওয়ার কথা। গত কিছুদিনে রোনালদো গোল আর হ্যাটট্রিক করাটাকে ছেলেখেলা বানিয়ে ফেলেছেন। পর্তুগিজ উইঙ্গার পরশু লেভান্তের বিপক্ষেও জোড়া গোল পেয়েছেন, লা লিগায় মাত্র ৭ ম্যাচে ১৫ গোল হয়ে গেছে তাঁর। দেশের জার্সি গায়ে দুর্দান্ত একটা সপ্তাহ কাটিয়ে ক্লাবে ফেরার পর আলো ছড়িয়েছেন মেসি-নেইমারও। পরশুই বার্সার হয়ে লিগে ২৫০তম গোলটা পেয়েছেন মেসি, নিঃশ্বাস ফেলছেন ২৫১ গোল নিয়ে লা লিগার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তেলমো জারার ঘাড়ে। গত মাসে গ্রানাডার সঙ্গে হ্যাটট্রিকসহ এ নিয়ে বার্সেলোনার হয়ে টানা চার ম্যাচে গোল পেলেন নেইমারও। দুই পক্ষের আক্রমণভাগই এত দুর্দান্ত ফর্মে আছে যে, ওদের আরও একবার মুখোমুখি হতে দেখার তর সইছে না ফুটবলপ্রেমীদের।

গত মৌসুমে অ্যাটলেটিকোর বিস্ময়কর উত্থানের আগ পর্যন্ত লা লিগাকে চোখ বুজে ‘দুই ঘোড়ার দৌড়’ বলে দেওয়া যেত। আর সেই দুই ঘোড়ার দৌড়ে সান্তিয়াগো বার্নাব্যু আর ন্যু ক্যাম্পের দুটি এল ক্লাসিকোই বড় নিয়ামক হয়ে থাকত শিরোপা নির্ধারণে। তবে এবার বার্সেলোনা কোচ লুইস এনরিকের ব্যাপারটাকে দেখছেন একটু অন্যভাবে, ‘লিগে এখনো এত লম্বা পথ বাকি যে, এই ম্যাচ কোনো নিয়ামক হবে বলে মনে হয় না।’ তবে তা না হলেও জয় তো অবশ্যই চাইছেন এনরিকে, ‘বার্সেলোনা যে মানসিকতা নিয়ে গত মৌসুমে বার্নাব্যুতে গেছে, এবারও সেটাই করবে। লক্ষ্য থাকবে প্রতিপক্ষের চেয়ে ভালো খেলা এবং ইতিবাচক ফল নিয়ে আসা।’

পয়েন্ট তালিকায় বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে রিয়াল। কিন্তু গত মাস খানেক রিয়াল প্রায় অবিশ্বাস্য ফুটবল খেলছে। গত মাসের মাঝামাঝি অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ডার্বিতে হারের পর সব ধরনের প্রতিযোগিতায় রিয়াল ৭টি ম্যাচ খেলেছে, জিতেছে সবগুলোতেই। ৭ ম্যাচে গোল করেছে ৩২টি! পরশু লেভান্তের বিপক্ষে গ্যারেথ বেল, করিম বেনজেমা, সার্জিও রামোস, রাফায়েল ভারানেরা মাঠে না নামার পরও প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে দিয়ে আনচেলত্তি যেন আকাশে উড়ছেন। তবে ক্লাসিকো নিয়ে অনেক প্রশ্নের পরও ম্যাচ শেষে এ নিয়ে বেশি কিছু বলেননি রিয়াল কোচ। পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘আমাদের এর পরের ম্যাচটা বুধবার চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে। আপাতত সেটারই প্রস্তুতি নেওয়ার পালা।’ রয়টার্স, এএফপি।