আইএসের দিনগুলোতে ফুটবল

দুজন ডিফেন্ডারকে কাটিয়ে গোলার মতো এক শট। দুর্দান্ত সে গোল দেখে এক দর্শক নিজেকে আটকাতে পারলেন না, খুশিতে দুই আঙুল মুখে ঢুকিয়ে সিটি বাজালেন। সঙ্গে সঙ্গে মাঠে নেমে এল পিনপতন নীরবতা। খেলা ফেলে সবাই তাকালেন সেই অভাগা দর্শকের দিকে। সবারই চোখে করুণা, খানিকটা আতঙ্কও। কী হয়, কী হয়! গোলদাতা নিজেও ভুগছেন অনুশোচনায়, এত কারিশমা না দেখালে তো বেচারা দর্শককে এখন জেল খাটতে হতো না!
অবিশ্বাস্যে মাথা দোলানোর কিছু নেই, গত তিন বছরে ইরাকের মসুল শহরে এমন দৃশ্য খুব স্বাভাবিকই ছিল। ২০১৪ সালে ইরাকের উত্তরাঞ্চলের এই শহরটি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইসিস বা আইএস) নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর যে শহরে সিটি দেওয়াই নিষিদ্ধ ছিল। ফুটবলার মুস্তাফা নুর জানিয়েছেন এমন নিষেধাজ্ঞার কারণ, ‘ম্যাচের সময় সিটি বাজানো নিষিদ্ধ ছিল, কারণ এতে নাকি “শয়তানেরা” জড়ো হয়।’ ভুলে সিটি দিয়ে ফেললেই দুই বা তিন দিন হাজতবাস নিশ্চিত ছিল।
মসুল শহরের সে ভয়াবহ পরিস্থিতি পাল্টাতে শুরু হয়েছে। অবশেষে দখলমুক্ত হয়েছে শহরের পূর্বাঞ্চল। টাইগ্রিস নদীর অপর প্রান্তে থাকা পশ্চিমাঞ্চল এখনো জঙ্গিদের দখলে থাকলেও অন্তত এক অংশ তো স্বস্তিতে নিশ্বাস ফেলতে পারছে! ফুটবল মাঠেও প্রাণ ফিরে আসছে। গোল হলে আনন্দে চিৎকার করা যাচ্ছে। এই তিন বছর তো মাঠে ফুটবলার নয়, যেন কোনো গবেষণার গিনিপিগ হয়ে নামতে হতো তাঁদের!
কত নিয়ম! হাঁটুর ওপরে প্যান্ট ওঠা যাবে না, আজান শোনা গেলেই খেলা থামিয়ে দাও, সিটি বাজানো যাবে না, সবচেয়ে অদ্ভুত নিয়ম, বিদেশি কোনো ক্লাবের জার্সি পরা যাবে না! অনেক দিন পর নির্বিঘ্নে বরুসিয়া ডর্টমুন্ডের জার্সি পরে মাঠে আসা ফুটবলার ওসামা আলী হামিদ জানালেন, ‘যখন খেলতাম, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত। ওদের বেশ কয়েকজনের হাতেই অস্ত্র থাকত। বিদেশি দলের জার্সি পরতে দিত না ওরা। কেউ কোনো বিদেশি লোগো লাগানো জার্সি পরে মাঠে এলেই কাঁচি দিয়ে সে লোগোটা কেটে ফেলা হতো!’
অথচ প্রথমদিকে ফুটবলের প্রতি ভালোবাসা আইএসের সদস্যদের মধ্যেও দেখতে পেতেন হামিদ, ‘প্রথমদিকে ওরাও আমাদের সঙ্গে খেলত, ভালো আচরণ করত। তারা ইরাকেরই লোকজন ছিল। কিন্তু পরে মসজিদে খুতবা দেওয়া শুরু হলো, “খেলার মাঠ নয়, সবার জন্য ভালো জায়গা হলো যুদ্ধের ময়দান”।’
ভয়াবহ সে সব স্মৃতি এখন ভুলে যাওয়ার চেষ্টা করছে মসুলবাসী। খেলাকেই অবলম্বন মানছে তারা। প্রতি মাসের প্রথম দিনকে ‘ক্রীড়া দিবস’ ঘোষণা করা হয়েছে। শহরের ১২টা মাঠ নতুন করে ঠিকঠাক করা হচ্ছে। নতুন আশায় বুক বাঁধছে সবাই।
হামিদের কথাতেই শোনা যায় সে আশার সুর, ‘এখন আমরা মুক্ত হয়ে খেলব!’ সূত্র: এএফপি।