আইসল্যান্ডের চোখে এখন বিশ্বকাপ

কোয়ার্টার ফাইনালে এসেই নটে গাছটি মুড়োল। ফ্রান্সের কাছে পরাজয়েই শেষ হলো আইসল্যান্ডের রূপকথা।
দেশটির জনসংখ্যা মাত্র ৩ লাখ ৩০ হাজার। ফুটবল-ঐতিহ্য নেহাতই দীনহীন। দেশটির বেশির ভাগ ফুটবলারকে জীবন ও জীবিকার জন্য ফুটবলের বাইরেও কিছু না-কিছু করতে হয়। আর এই আইসল্যান্ডই কিনা প্রথমবারের মতো ইউরোতে এসেই উঠে গেল কোয়ার্টার ফাইনালে। শেষটা রূপকথার মতো হলো না এই যা! স্বাগতিক ফ্রান্সের কাছে হারের ব্যবধানটা একটু বড়ই হলো।
নবম শতাব্দীতে সিন নদী বেয়ে ভাইকিংসরা এসে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল প্যারিসে। লুট করেছিল ফরাসিদের ধনসম্পদ। তাঁদের উত্তরসূরিরা এবার ফ্রান্স থেকে লুটে নিয়ে গেল ফুটবল-ঐশ্বর্য। এই ঐশ্বর্য আইসল্যান্ডের ফুটবল ধনে-মানে-গুণে কতটা এগিয়ে দেবে?
আইসল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার গিলফি সিগুর্ডসন মনে করেন ইউরোর সাফল্যেই বুঁদ হয়ে থাকবে না তাঁর দেশ। এটিকে পুঁজি করে যাবে এগিয়ে, ‘অবিশ্বাস্য অভিজ্ঞতা হলো। অসাধারণ কয়েকটা সপ্তাহ কাটালাম আমরা। আমি নিশ্চিত, দলের সবাই এই অভিজ্ঞতার পুনরাবৃত্তি চায়। বিশ্বকাপ আসছে, আশা করছি আমরা আবারও বাছাইপর্ব পেরোব।’
ইংলিশ ক্লাব সোয়ানসি সিটির প্লে-মেকারের ধারণা, ২০১৬ ইউরোর সাফল্যে বদলে যেতে পারে দেশটির ফুটবল অবকাঠামোই। আইসল্যান্ডিক ফুটবলাররা সুযোগ পেতে পারেন ইউরোপের বড় লিগগুলোতেও। ইউরোর ২৩ সদস্যের দলের মধ্যে শুধু সিগুর্ডসনই খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে। তাঁর চোখে এই দলটির অনেকেরই বিশ্বের নামীদামি ক্লাবে খেলার যোগ্যতা আছে।
ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের সঙ্গে ড্র করে ইউরোতে যাত্রা শুরু হয় আইসল্যান্ডের। ওই ম্যাচের পর পর্তুগিজ তারকা খোঁচা মেরেছিলেন আইসল্যান্ডের অতিরক্ষণাত্মক মনোভাবকে। কী পরিহাস! সেমিফাইনালে উঠে যাওয়া সেই পর্তুগালকেই এখন সবচেয়ে কুৎসিত ফুটবল খেলার দায় নিতে হচ্ছে। অন্যদিকে শেষ আটে ৫ গোল খেলেও আইসল্যান্ডের ফুটবল প্রশংসা কুড়িয়েছে অনেকের।
তবে এই প্রশংসার মালা খুলে ফেলে দ্রুতই কঠিন বাস্তবে নেমে আসতে হচ্ছে আইসল্যান্ডকে। খুঁজতে হচ্ছে সুইডিস কোচ লার্স লাজারব্যাকের বিকল্প। পরশু কোয়ার্টার ফাইনাল শেষ হতেই শেষ হয়েছে লাজারব্যাক আইসল্যান্ড-অধ্যায়। দায়িত্বটা আপাতত গেছে আরেক কোচ ও খণ্ডকালীন দন্তচিকিৎসক হেইমির হালগ্রিমসনের হাতে। সাড়ে চার বছর আগে দায়িত্ব নিয়েই আইসল্যান্ডকে বদলে দেওয়া লাজারব্যাক আইসল্যান্ডের ফুটবল নিয়ে আশাবাদী, ‘গত কিছুদিনে দেশ (আইসল্যান্ড) থেকে ফুটবল নিয়ে শুধু ইতিবাচক খবরই এসেছে। ফুটবল নিয়ে আগ্রহ বেড়েছে কয়েক গুণ। আশা করছি, আইসল্যান্ডের এফএ ও ক্লাবগুলো এটিকে কাজে লাগাবে। এই টুর্নামেন্ট থেকে পাওয়া টাকাপয়সা তরুণ ফুটবলারদের প্রকল্পে ব্যয় হবে। আমি উজ্জ্বল ভবিষ্যৎই দেখতে পাচ্ছি।’
নরডিক পুরাণের দেবতা থরের হাতুড়ির মতোই ভবিষ্যতে ফুটবল মাঠে প্রতিপক্ষকে ঘা দেবে আইসল্যান্ড, নিরপেক্ষ দর্শকের চাওয়া তো তা-ই। এএফপি।