আইসল্যান্ডের রূপকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজাখস্তানের সঙ্গে ড্রতেই নিশ্চিত হয়ে গেছে ইউরোর চূড়ান্ত পর্ব। রেকিয়াভিকে ইতিহাস গড়া আইসল্যান্ড খেলোয়াড়দের উদ্‌যাপনটা তাই একটু অন্য রকমই হলো  l গার্ডিয়ান
কাজাখস্তানের সঙ্গে ড্রতেই নিশ্চিত হয়ে গেছে ইউরোর চূড়ান্ত পর্ব। রেকিয়াভিকে ইতিহাস গড়া আইসল্যান্ড খেলোয়াড়দের উদ্‌যাপনটা তাই একটু অন্য রকমই হলো l গার্ডিয়ান

রেকিয়াভিকের ইনফোগলফস্টর্গ চত্বরে বিকেল থেকেই বৃষ্টি। সেই বৃষ্টিতেই হয়ে গেল ছোটখাটো একটা উৎসব। খুব বেশি লোক অবশ্য হয়নি। যে শহরে মেরেকেটে সোয়া লাখও লোক থাকে না, সেখানে আর কতই বা মানুষ হবে? তবে প্রথমবারের মতো কোনো বড় আসরে খেলতে যাচ্ছে আইসল্যান্ড, সংখ্যা দিয়ে সেই উদ্যাপনটাকে মাপা যাবে না! পরশু কাজাখস্তানের সঙ্গে গোলশূন্য হওয়াতেই যে তিন লাখ ৩০ হাজার লোকের খুদে দ্বীপদেশের ইউরোর চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হয়ে গেল।
ড্র করলেই ইতিহাস। ইতিহাসের হাতছানি ছিল বলেই হয়তো আইসল্যান্ড একটু স্নায়ুচাপে ছিল। নইলে গ্রুপের তলানির দল কাজাখস্তানের সঙ্গে যেখানে জয়টাই ছিল প্রত্যাশিত, সেখানে ড্র করতেই তাদের ঘাম ছুটে গেছে। ৮৯ মিনিটে অধিনায়ক অ্যারন গুনারসন লাল কার্ড পাওয়ায় শেষ মুহূর্ত পর্যন্ত শঙ্কা ছিল। তবে শেষ বাঁশিটা বাজার সঙ্গে সঙ্গেই উৎসবে ফেটে পড়েছে স্বাগতিক দর্শক। লাল কার্ডের হতাশা ভুলে গুনারসন তাই আবেগেই ভেসে গেছেন, ‘ফুটবল খেলা যখন শুরু করেছিলাম, এ রকম কিছু তখন ভাবিইনি। আমি ভাষা হারিয়ে ফেলেছি।’

.
.

রূপকথাকে বাস্তব করে তোলার কৃতিত্বের অনেকটাই পাবেন কোচ লার্স লাগারব্যাক। এক দশকেরও বেশি সময় সুইডেনের কোচ ছিলেন। ২০১১ সালে আইসল্যান্ডের দায়িত্ব নেওয়ার পর দলের মধ্যে ছড়িয়ে দিয়েছেন জয়ের সুতীব্র আকাঙ্ক্ষা। বিশ্বকাপ বাছাইয়ের সময়ই বোঝা যাচ্ছিল, দলটা ঠিক পথেই আছে। ক্রোয়েশিয়ার সঙ্গে প্লে-অফে হেরে ব্রাজিল যাওয়া হয়নি। কিন্তু ইউরো বাছাইপর্বের শুরু থেকেই দলটি দুর্বার। বদলে যাওয়া আইসল্যান্ড নিজেদের মাঠে তো বটেই, আমস্টারডামে গিয়ে পর্যন্ত হারিয়ে এসেছে হল্যান্ডের মতো শক্তিকে। ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্রের পর তাই তৃতীয় দেশ হিসেবে প্রথমবারের মতো ইউরো খেলাটা নিশ্চিত করে ফেলেছে আইসল্যান্ড।
এমন অর্জনের পর লাগারব্যাক পাচ্ছেন বীরের মর্যাদা। তবে সুইডিশ কোচ যথেষ্টই সংযত, ‘ম্যান্ডেলা বা মার্টিন লুথার কিংয়ের মতো মানুষেরাই আসল নায়ক, আমি তো শুধু একজন ফুটবল কোচ মাত্র।’ সামনের ইউরোর পরেই দলের সঙ্গে চুক্তি শেষ, আইসল্যান্ড ফেডারেশন সেটা বাড়াতেই চাইবে।
আইসল্যান্ডের মতো ওয়েলস-রূপকথাও লেখা হয়ে যেতে পারত পরশুই। কিন্তু ইসরায়েলের সঙ্গে গোলশূন্য ড্র করায় ১৯৫৮ সালের পর কোনো বড় আসরে খেলার জন্য অপেক্ষাটা আরেকটু বেড়েছে ওয়েলসের। পরের বসনিয়া ও অ্যান্ডোরার সঙ্গে বাকি দুই ম্যাচ থেকে একটি পয়েন্ট পেলেই ওয়েলস চূড়ান্ত পর্বে। ওদিকে ড্যানিয়েলে ডি রসির পেনাল্টি গোলে বুলগেরিয়াকে ১-০ গোলে হারিয়ে পরশু চূড়ান্ত পর্ব প্রায় নিশ্চিত করে ফেলেছে ইতালিও। এএফপি।