আইসল্যান্ডের স্বপ্নযাত্রা থামাল ফ্রান্স

আরেকটি রূপকথা, আরেকটি কল্পকথার আশায় ছিলেন অনেকেই। কল্পনার ডানায় ভেসে বেড়াচ্ছিলেন ফুটবল রোমান্টিকেরা। কিন্তু রূঢ় বাস্তবতা টেনে নামাল সবাইকে। ফরাসি সুবাস ছড়িয়ে জিরু-গ্রিজমানরা ৫-২ গোলে হারিয়ে দিলেন আইসল্যান্ডকে।
এক সপ্তাহ আগেই দুর্দান্ত এক রূপকথা লিখেছিল আইসল্যান্ডিকরা। ফ্রান্স কিন্তু ইংল্যান্ডের ভুলটা করেনি। পরশু আইসল্যান্ডকে নিয়ে ‘বাড়ির কাজ’ করেই নেমেছিলেন দিমিত্রি পায়েতরা, ‘আমরা ওদের দুর্বলতা ও শক্তি নিয়ে কাজ করেছি। সেটাই আজ আমাদের জিতিয়েছে।’
১২ মিনিটে অলিভিয়ের জিরুর পর ২০ মিনিটে পল পগবার গোল। এরপরও ম্যাচে ছিল আইসল্যান্ড, সমানে সমানে লড়ে যাচ্ছিল ফ্রান্সের আক্রমণাত্মক ফুটবলের সঙ্গে। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে সব আশা ফুরোল। ৪৩ মিনিটে পায়েতের দুর্দান্ত গোলটিকে ম্লান করে দিয়ে ৪৫ মিনিটে অসাধারণ এক দৌড়ে চতুর্থ গোলটিও করে ফেলেন আঁতোয়ান গ্রিজমান।
পুরো প্রতিযোগিতায় দুর্দান্ত খেলতে থাকা আইসল্যান্ডের এভাবে খেই হারিয়ে ফেলার কারণ খুঁজে পেয়েছেন লার্স লাজারব্যাক, ‘মানসিক দিক দিয়ে কিছু একটা হয়েছিল খেলোয়াড়দের। আমাদের মাথা কাজ করেনি, স্বাভাবিক খেলিনি।’
তবে আইসল্যান্ড হাল ছাড়েনি। অধিনায়ক অ্যারন গুনারসনও চেয়েছেন মাথা উঁচু করে বিদায় নিতে, ‘প্রথমার্ধটা ভয়ংকর ছিল কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। সিদ্ধান্ত নিলাম আমরা এভাবে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে পারি না।’
৫৬ মিনিটে একটি গোল ফিরিয়ে দেন কোলবিন সিগথরসন। ৩ মিনিট পরেই আবারও জিরুর গোল, স্কোরলাইন ৫-১। অন্য কোনো দল হয়তো এখানেই হাল ছেড়ে দিত। কিন্তু আগ্নেয়গিরির মাঝে বেড়ে ওঠা আইসল্যান্ডিকরা তো হাল ছাড়তে অভ্যস্ত নয়। ৮৪ মিনিটে বিরকির বিয়ার্ডনাসন করলেন দ্বিতীয় গোল।
আইসল্যান্ডের এমন লড়াকু প্রচেষ্টায় মুগ্ধ ফ্রেঞ্চ স্ট্রাইকার জিরু, ‘পাঁচ গোল করেছি, আমরা সন্তুষ্ট, কিন্তু আইসল্যান্ড কখনো হাল ছাড়েনি। তারা দৃঢ়প্রতিজ্ঞ ছিল, বীরের মতো লড়েছে। আমি তাদের শ্রদ্ধা জানাতে চাই, অসাধারণ একটি ইউরো কাটাল ওরা।’
সত্যিই তো! ভবিষ্যতে ২০১৬ ইউরোর গল্প যখনই বলা হবে, আইসল্যান্ডের রূপকথার কথাই মনে পড়বে সবার আগে। গুনারসনও এ তৃপ্তি নিয়ে এবারের মতো বিদায় বললেন, ‘আমরা হতাশ কিন্তু গর্বিতও। এটা ছিল অসাধারণ এক অভিজ্ঞতা।’ এএফপি, রয়টার্স।