আইসল্যান্ডের 'বাসপার্কে' রোনালদোর ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোকে ঘিরে যেন আইসল্যান্ড ফুটবলারদের প্রতিরোধের দেয়াল। ছবি: রয়টার্স।
রোনালদোকে ঘিরে যেন আইসল্যান্ড ফুটবলারদের প্রতিরোধের দেয়াল। ছবি: রয়টার্স।

দিনটা দারুণ আনন্দ আর গর্বের ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। দিনটা ছিল দেশের জার্সি গায়ে অনন্য এক রেকর্ড ছোঁয়ার। পর্তুগালের সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় হিসেবে রোনালদো এই দিনেই বসেছেন লুইস ফিগোর পাশে।

কিন্তু আনন্দের দিনটা রূপ নিল হতাশায়। রোনালদোর রেকর্ড ছোঁয়ার দিনেই ইউরোয় হোঁচট পর্তুগালের। ইউরোপ-সেরার লড়াইয়ে নবাগত আইসল্যান্ডের সঙ্গে জিততে পারেনি তারা। ১-১ গোলে ড্রয়ের ম্যাচে অনেক চেষ্টাতেও গোল পাননি রোনালদো।

নানির গোলে এগিয়ে যাওয়া পর্তুগালকে জয়ের আনন্দ নিতে দেননি আইসল্যান্ডের বিরকির বিয়ারনাসন। আইসল্যান্ডের পোস্টে ২৪ শট থেকে একটি গোল করা পর্তুগালের কাছে এই ড্র হারের সমানই। অন্যদিকে পর্তুগালের পোস্টে চারটি শট নিয়ে একটিকে গোলে পরিণত করা আইসল্যান্ডের কাছে এই ড্রই অনেক কিছু। ইউরো বাছাইপর্বে হল্যান্ডকে বিদায় করে আসা এই আইসল্যান্ড ক্রমেই উঠে আসছে ফুটবল-মানচিত্রে।

ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা বলেই এই ম্যাচের দিকে তাকিয়ে ছিল সবাই। কিন্তু পর্তুগিজ অধিনায়ক প্রত্যাশা পূরণে ব্যর্থ। আইসল্যান্ডের গোলে নেওয়া পর্তুগালের ২৪ শটের ১০টিই রোনালদোর।

নিজেদের গ্রুপ সবচেয়ে ‘সহজ’ প্রতিপক্ষের বিপক্ষেই জয়টা অধরা রইল। সামনে রয়েছে হাঙ্গেরি কিংবা অস্ট্রিয়ার মতো প্রতিপক্ষের বিপক্ষে তুলনামূলক কঠিন লড়াই।

আক্রমণের পর আক্রমণ করেও আইসল্যান্ডকে হারাতে না পারার জন্য অবশ্য রোনালদো আঙুল তুলেছেন প্রতিপক্ষের রক্ষণ-কৌশলের দিকেই, ফুটবলে যে কৌশল বাস পার্ক নামে পরিচিত। ম্যাচ শেষে রোনালদোর কণ্ঠে তীব্র সমালোচনা আইসল্যান্ডের এই কৌশলের, ‘গোলপোস্টের সামনে আইসল্যান্ড বিশাল বড় একটা বাস পার্ক করে রেখেছিল। দলটি জেতার কোনো চেষ্টাই করেনি। কেবল আক্রমণ ঠেকিয়েই গেছে।’

জয় না পেলেও আইসল্যান্ডকে রীতিমতো শাসিয়েছেন রোনালদো, ‘খুব জোর বেঁচে গেছে আইসল্যান্ড। আমরা হতাশ। দলটি মাঠে কোনো কিছুই করতে চায়নি। এ জন্য আমি মনে করি প্রতিযোগিতায় তারা বেশি দূর এগোতে পারবে না। আমার মতে, এই ধরনের ফুটবল সংকীর্ণ ভাবনারই বহিঃপ্রকাশ।’

আইসল্যান্ড কোচ হেইমির হালগ্রিমসনের কাছে এই ড্র জয়ের সমানই। তিনি নিজেদের দলের ‘রক্ষণ-সাফল্যে’ রীতিমতো গর্বিতই, ‘ম্যাচে আমাদের রক্ষণ দারুণ হয়েছে। আমরা খুব গুছিয়ে রক্ষণকাজটা করতে পেরেছি। পুরো ম্যাচে দলের সবাই খুব খেটে খেলেছে। দু-একটি পরিস্থিতি বাদে পুরো দল খুব প্রত্যয়ী ছিল। এই ড্র সত্যিই আমাদের কাছে জয়ের সমানই।’ ছবি: রয়টার্স।