আক্রমণ থামাতে বল নিক্ষেপ, নিষিদ্ধ হচ্ছেন সিমিওনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমের বাকি ম্যাচগুলো গ্যালারি থেকে দেখতে হতে পারে সিমিওনেকে। ছবি: রয়টার্স।
মৌসুমের বাকি ম্যাচগুলো গ্যালারি থেকে দেখতে হতে পারে সিমিওনেকে। ছবি: রয়টার্স।

প্রথমার্ধের প্রায় তখন শেষ। প্রতি আক্রমণ থেকে ভালো একটা সুযোগ পেয়ে গেল মালাগা। কিন্তু সেই সময় অ্যাটলেটিকোর ডাগ আউট থেকে একটা বল ঢুকে পড়ল মাঠে! মালাগার আক্রমণ পণ্ড করতেই যে এটা করা, এ নিয়ে বিতর্কের সুযোগ নেই। কোনো প্রশ্ন তুললেন না ডিয়েগো সিমিওনেও। দায় নিয়ে তখনই মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে অ্যাটলেটিকো কোচকে। তবে শাস্তি আরও বড় হতে পারে। তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার শঙ্কার সামনে এই আর্জেন্টাইন। আর তা হলে এবারের লিগে আর ডাগ আউটে দেখা যাচ্ছে না এই কোচকে। লিগে তিনটা ম্যাচই যে বাকি।

অ্যাঙ্গেল কোরেয়ার গোলে কাল শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে অ্যাটলেটিকো। এতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সার সমান পয়েন্টও থাকল তাদের ঝুলিতে। তবে সিমিওনের ডাগ আউট না থাকা অ্যাটলেটিকোকে ভোগাতে পারে।

অ্যাটলেটিকোর জীবন দিয়ে লড়াই করা, সাধারণ একটা দল নিয়েও বার্সা-রিয়ালের মতো তারকাবহুল দল দুটিকে টক্কর দেওয়া—সবই প্রশংসার দাবি রাখে। কিন্তু কখনো কখনো অ্যাটলেটিকোর কিছু কৌশল তীব্র সমালোচনার মুখে পড়ে। কালকের ঘটনাটিকে তো কেউ কেউ বলছেন ‘ন্যক্কারজনক’। ফুটবলের সৌন্দর্যের সঙ্গে একেবারেই বেমানান। প্রতি​পক্ষের পাল্টা আক্রমণ থামাতে মাঠের বাইরে থেকে বল ঢুকিয়ে খেলা থামিয়ে দিতে চাইবেন—এটা তো অন্যায় বললেও কম বলা হয়।


সিমিওনে নিজেও এই শাস্তি নিয়ে তাই উচ্চবাচ্য করেননি, ‘আমাদের পাশে যে ছেলেটি বসে ছিল, সে–ই এই কাজ করেছে। কিন্তু তাতে কিছু আসে–যায় না। রেফারির যা করা উচিত ছিল, তিনি সেটাই করেছেন।’

এই জয়ের পর অ্যাটলেটিকো শিরোপা দৌড়ে ভালোমতোই আছে। বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্টও ৮২, বার্সা শুধু এগিয়ে আছে গোল ব্যবধানে। সিমিওনের না থাকা এখন কতটা প্রভাব ফেলে, সেটাই দেখার। অ্যাটলেটিকোর কোচ অবশ্য প্রার্থনা করছেন, ‘আশা করি নিষেধাজ্ঞাটা একাধিক ম্যাচের জন্য হবে না।’ সূত্র: এএফপি।