ঘরোয়া আলোচনা, আড্ডা, চায়ের কাপ—কোথায় নেই বাংলাদেশ-ভুটান ম্যাচ! সবখানে নীরব আওয়াজ, পেরোতে হবে ভুটান-বাধা। আগামীকাল এই স্লোগান সঙ্গী করে বাংলাদেশ দল থিম্পু যাবে।
এই যাত্রাটা হবে অনেক কঠিন। থিম্পুর ১৫-১৬ হাজার দর্শক, উচ্চতা, ঠান্ডা, টার্ফ—সবকিছুই ভুটানের পক্ষে। তাই ১০ অক্টোবরের ম্যাচে বাংলাদেশ জিতবে বড় গলায় বলতে পারছেন না কেউই। গোলশূন্য হলে অতিরিক্ত সময়ে খেলা গড়াবে। তাতেও ফল না এলে টাইব্রেকার। অবশ্য অত দূর অপেক্ষার প্রয়োজন নেই। স্কোরলাইন অঙ্ক বসিয়ে ড্র করলেই এশিয়ান কাপের বাছাইয়ে উঠে যাবে বাংলাদেশ।
তবে ড্র নয়, কোচ টম সেন্টফিট জয়ের জন্যই ঝাঁপাতে চান। যে কারণে দলে মাত্র পাঁচজন ডিফেন্ডার রাখার ঝুঁকিও নিয়েছেন। তাঁদের সঙ্গে মিডফিল্ডার শরিফকে ডিফেন্ডার হিসেবে দেখানো হচ্ছে। সেন্টফিটের এটা জুয়া নাকি অঙ্ক, সেটা বোঝা যাবে ম্যাচেই। তবে মনে হচ্ছে, বিরাট একটা ঝুঁকিই নিয়ে ফেলেছেন। ২৩ জনের দলটা গড়েছেন মূলত আক্রমণভাগকে প্রাধান্য দিয়েই। ঢাকায় ৬ সেপ্টেম্বরের গোলশূন্য প্রথম ম্যাচের স্কোয়াডে আটজন ফরোয়ার্ড রেখেছিলেন কোচ। এই দলেও আট ফরোয়ার্ড।
তপু ও জীবনকে বাদ দিয়ে নিয়েছেন এমিলি ও এনামুলকে—এটাই পার্থক্য। এমিলি জাতীয় দলে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের ৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সঙ্গে। ঘরোয়া ফুটবলেও এমিলি ‘ডুমুরের ফুল’ হয়ে পড়েছেন। তবে চোট থেকে তাঁর ফেরা সেন্টফিটকে একটু ভরসাই জোগাচ্ছে, ‘জাতীয় দলের হয়ে গত দশ বছরে কিছু গোল করেছে। এই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।’
ফরোয়ার্ডরা থিম্পুতে গোল পাবেন এমন বিশ্বাস কোচের। তাঁর পাশে বসে সেই বিশ্বাসের প্রতিদান দিতে চাইলেন এমিলি। কাল তাই বাফুফে ভবনে দল ঘোষণার সংবাদ সম্মেলনে একটু আত্মবিশ্বাসীও লাগল বেলজিয়ান কোচকে, ‘আমি খুশি এই ভেবে, রনি, আবদুল্লাহ, জাফর, জুয়েল রানা, হেমন্ত গোল করেছে লিগে। এটা দারুণ ব্যাপার। আমার মনে হচ্ছে, বাংলাদেশের ফরোয়ার্ডদের মান ভালো। কিন্তু ওরা আত্মবিশ্বাসের অভাবে ভোগে।’
আত্মবিশ্বাস ফিরিয়ে আনার সময় অবশ্য পাননি কোচ। তবে এ নিয়ে না ভেবে আস্থা রাখছেন আক্রমণভাগের ওপর, ‘ভুটান ঘরের মাঠে খেলবে। তার অর্থ এই নয়, হাল ছেড়ে দিতে হবে আমাদের। আমরা জেতার জন্যই যাচ্ছি এবং জিততে আমাদের হবেই। আশা করি আক্রমণভাগ ভালো করবে।’
তবে বাস্তবতা বলছে, এই দলে কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার নেই। জামাল ভূঁইয়াকে বাদ দিয়েছেন কোচ। কারণ হিসেবে বলছেন, ‘জামালের ফর্ম খারাপ। তা ছাড়া ও অ্যাটাকিং মিডফিল্ডার। এই মুহূর্তে যেটি আমার প্রয়োজন নেই।’ কিন্তু সত্যিটা হলো, কোচের লম্বা বলে খেলার সমালোচনা করায় জামালকে ছেঁটে ফেলেছেন বলে খোদ জামালেরই দাবি। মালদ্বীপে প্রীতি ম্যাচে পাঁচ গোল খাওয়া নিয়ে জামাল কোচের কৌশলকে দায়ী করেন। জাতীয় দলে আসার তিন বছর পর এই প্রথম বাদ পড়ার স্বাদ নিতে হয়েছে তাঁকে। জামালের জায়গায় অনভিজ্ঞ আবদুল্লাহকে খেলানো হতে পারে।
সেন্টফিট কখন কাকে খেলাবেন বা বাদ দেবেন বোঝা কঠিন। গোলরক্ষক মামুন খানকে যেমন ৩৩ জনের প্রাথমিক দলে রাখেননি। হঠাৎ দুদিন পর তাঁকে ডেকে এনে জায়গা দিয়েছেন চূড়ান্ত দলেও। মামুনুলের বিষয়টা তো আরও চমকপ্রদ। ভুটানের সঙ্গে আগের ম্যাচে এই মিডফিল্ডারকে বাদ দিয়েছিলেন ‘ওর ফর্ম খারাপ’ বলে। মামুনুল ক্ষোভে অবসরই নিয়ে নেন। সেই তাঁকেই আবার দলে নেওয়া হয়েছে। এবার নেওয়ার কারণটা বললেন সেন্টফিট, ‘থিম্পুতে টার্ফে খেলা এবং সেখানে কার্যকর হতে পারে মামুন।’
বাংলাদেশ টার্ফে খেলে না। তাই বাংলাদেশের বিশেষ কোনো খেলোয়াড় টার্ফে কার্যকর হতে পারেন, এটা প্রথম শোনা গেল। কোচের কথার প্রমাণ মামুনুল মাঠে দেখাতে পারলে তো ভালোই।
২৩ সদস্যের দল
গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, মামুন খান, নেহাল। রক্ষণ: তপু বর্মণ, আতিকুর রহমান ফাহাদ, আতিকুর রহমান মিশু, রায়হান হাসান, রেজাউল করিম, মামুন মিয়া, এনামুল হক শরিফ। মাঝমাঠ : হেমন্ত ভিনসেন্ট, মামুনুল ইসলাম, ইমন মাহমুদ, সোহেল রানা, মোহাম্মদ আবদুল্লাহ। ফরোয়ার্ড: রুবেল মিয়া, এনামুল হক, জুয়েল রানা, মোহাম্মদ সোহেল রানা, জাফর ইকবাল, মেহবুব হোসেন নয়ন, জাহিদ হাসান এমিলি ও শাখাওয়াত রনি। স্ট্যান্ডবাই: ইয়ামিন মুন্না, মনসুর আমিন, জনি।