আক্ষেপ ঘোচাতে চান বুফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁর কাছে চ্যাম্পিয়নস লিগ এখনো অধরা। কাল বার্লিনে সেটা পেতে চাইবেন জিয়ানলুইজি বুফন l ফাইল ছবি
তাঁর কাছে চ্যাম্পিয়নস লিগ এখনো অধরা। কাল বার্লিনে সেটা পেতে চাইবেন জিয়ানলুইজি বুফন l ফাইল ছবি

ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন সেটার লেখাজোখা নেই। সব ফুটবলারের আরাধ্য যে শিরোপা, সেই বিশ্বকাপও জিতেছেন। কিন্তু একটা ট্রফি ধরা দিতে দিতেও থেকে গেছে ধরাছোঁয়ার বাইরে। এখন পর্যন্ত যে একবারও চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি জিয়ানলুইজি বুফনের। এই ৩৭ বছর বয়সে ক্যারিয়ারের গোধূলিবেলায় সেই স্বপ্ন আবার উঁকি দিচ্ছে দিগন্তে।
আগামীকালই বার্লিনের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি জুভেন্টাস। বুফন জানেন, এটাই হয়তো অতৃপ্তি ঘোচানোর শেষ সুযোগ, ‘আমরা বার্লিনে শুধু সংখ্যা বাড়ানোর জন্য যেতে পারি না। এই ম্যাচটা আমাদের কাছে এর চেয়েও অনেক বেশি কিছু।’
বার্লিনের উলফেনস্টাডিওনে দারুণ একটা সুখস্মৃতি আছে জুভেন্টাস অধিনায়কের। ২০০৬ বিশ্বকাপে এখানেই ইতালির হয়ে উঁচিয়ে ধরেছিলেন বিশ্বকাপ। সেই দলের আন্দ্রেয়া পিরলো ও আন্দ্রেয়া বারজাগলি এখনো বুফনের সতীর্থ। পিরলো এসি মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগের স্বাদ পেয়েছেন। আর কী অদ্ভুত, বুফন যেবার সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন সেবার পিরলোই ছিলেন প্রতিপক্ষ শিবিরে। ২০০৩ সালে মিলানের কাছে টাইব্রেকারে হেরেই তো স্বপ্নভঙ্গ হয়েছিল জুভেন্টাসের।
এরপর আরও একটা ফাইনালের জন্য অপেক্ষা করতে হয়েছে ১২ বছর। বুফন জানাচ্ছেন, এই সময়টা কতটা অপেক্ষায় কেটেছে, ‘এই নয় বছরে আমার কখনোই খুব একটা সন্দেহ ছিল না, একদিন ফাইনালে খেলবই। একটা সময় অবশ্য গুরুতর চোট পেয়েছিলাম। কিন্তু আমি জানতাম চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যেতে চাই। এখন আমাদের সামনে শেষ এবং সবচেয়ে কঠিন ধাপ। আমাদের মানতে হবে শনিবার আমরা বিশ্বের সেরা দলের সঙ্গে খেলছি।’
মেসি, নেইমার, সুয়ারেজ ত্রয়ী যা খেলছেন, তাতে আসলে ক্যারিয়ারের কঠিনতম চ্যালেঞ্জের সামনেই বুফন। তাই বলে ভয় পাচ্ছেন না, ‘মেসি এই গ্রহের নয়, কিন্তু ওকেসহ বাকিদের থামানোর ক্ষমতা আমাদের আছে। আমরা ফেবারিট নই, কিন্তু তাই বলে ওদের জন্য কাজটা সহজ হবে না।’ জুভেন্টাস স্ট্রাইকার কার্লোস তেভেজ আস্থা রাখছেন বহু যুদ্ধের সেনানীর ওপরই, ‘ওকে গোলবারের নিচে পাওয়াটা খেলোয়াড়দের জন্য বাড়তি একটা আত্মবিশ্বাস দেবে। ওর বিরুদ্ধে গোল করা কঠিন, এই বাড়তি নিরাপত্তাটুকু সে আপনাকে দেবে।’
এই সময়ের তো বটেই, সর্বকালের অন্যতম সেরা এই গোলরক্ষক অবশ্য তরতর করে এখানে উঠে আসেননি। পারমার হয়ে মাত্র ১৭ বছর বয়সে সিরি ‘আ’তে অভিষেক, প্রথম মৌসুমেই লিগে দ্বিতীয় হয়ে আলো কেড়ে নিলেন। ওই মৌসুমেই ইন্টার মিলানের ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদোর পেনাল্টি ঠেকানোর পর সুপারম্যানের একটা শার্ট পরে এসেছিলেন। নামটা সেঁটে যায় তাঁর সঙ্গে।
২১ বছর বয়সেই পান সিরি ‘আ’র সেরা গোলরক্ষকের পুরস্কার, ২০০১ সালে জুভেন্টাস ৫ কোটি ২০ লাখ ইউরো দিয়ে কিনে আনে তাঁকে। এখনকার হিসেবেও একজন গোলরক্ষকের জন্য এই অঙ্ক অবিশ্বাস্য, এখন পর্যন্ত গোলরক্ষকের জন্য রেকর্ড মূল্যও বটে। এরপর চ্যাম্পিয়নস লিগের ফাইনালের সেই আক্ষেপ। টাইব্রেকারে দুটি পেনাল্টিও ঠেকিয়ে দিয়েছিলেন, কিন্তু জিতল মিলানই। বুফনের সেই আফসোস যায়নি, ‘আমি সঙ্গে সঙ্গেই বুঝলাম একটা অসাধারণ সুযোগ নষ্ট করেছি।’
মুদ্রার উল্টো পিঠটাও দেখতে হয়েছে এর পর। ম্যাচ পাতানোর কলঙ্ক নিয়ে জুভেন্টাস নেমে যায় দ্বিতীয় বিভাগে, কেড়ে নেওয়া হয় দুটি সিরি ‘আ’ শিরোপা। বুফন চাইলেই চলে যেতে পারতেন, কিন্তু থেকে গেছেন। অবনমিত দলের সেই দুঃসময়ের একমাত্র সাক্ষী এই দলে শুধু বুফনই। দলকে আবার সিরি ‘আ’তে তুলেছেন, টানা চারবার শিরোপা জিতেছেন। আগামীকাল বার্লিনে সেই দুঃসময় থেকেই হয়তো প্রেরণা খুঁজবেন জুভেন্টাসের অতন্দ্র প্রহরী। এএফপি।