আক্ষেপ বাড়িয়ে দিল 'ঘটি-বাঙাল' লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৮৮ সালে মিরপুর স্টেডিয়ামে আবাহনী-মোহামেডান ম্যাচের একটি উত্তেজনাকর মুহূর্ত। ছবি: সংগৃহীত।
১৯৮৮ সালে মিরপুর স্টেডিয়ামে আবাহনী-মোহামেডান ম্যাচের একটি উত্তেজনাকর মুহূর্ত। ছবি: সংগৃহীত।

কাল ভারতীয় একটি বাংলা চ্যানেল খুলতেই চোখ আটকে গেল। কলকাতা ফুটবল লিগের মহাগুরুত্বপূর্ণ এক ম্যাচ সম্প্রচারিত হচ্ছে। কলকাতার স্থানীয় ফুটবল লিগ নিয়ে আগ্রহ না থাকলেও চ্যানেল থেকে চোখ সরানো গেল না প্রতিদ্বন্দ্বী দুটি দলের কারণে। সেখানে যে ইস্টবেঙ্গল-মোহনবাগানের লড়াই চলছে।
খেলাটি দেখতে দেখতেই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারি দেখে অবাক হওয়ার পালা। এ কী দৃশ্য দেখছি! এত দর্শক! যুবভারতী ক্রীড়াঙ্গন বিশ্বের অন্যতম বৃহৎ স্টেডিয়াম, সেখানকার ধারণক্ষমতা প্রায় এক লাখ। স্যাটেলাইট টেলিভিশনে ইউরোপীয় ফুটবল উপভোগের রমরমা সময়ে কলকাতার ফুটবল লিগের একটা খেলা দেখতে এত দর্শক!
গতকাল ভারতের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মুখোমুখি হয়েছিল। ধারাভাষ্যকার বলছিলেন, যুবভারতীতে নাকি ৭৫ হাজার দর্শকের সমাগম ঘটেছে! মুগ্ধ হতে হলো কলকাতার মানুষের ‘ঐতিহ্য-প্রেম’ দেখে! ইউরোপীয় ফুটবল নিয়ে ‘প্যাশন’ যেখানে রীতিমতো ফ্যাশনে রূপ নিয়েছে, সেই সময়ে এই শহরটির মানুষ নিজেদের ঐতিহ্য ভোলেনি। তাদের এখনো নস্টালজিয়ায় আক্রান্ত করে ইস্টবেঙ্গল-মোহনবাগানের মোড়কে ‘ঘটি-বাঙাল’ লড়াই। তাদের এখনো আন্দোলিত করে, শিহরিত করে লাল-হলুদ কিংবা সবুজ-মেরুন রং। এখনো কলকাতার ময়দানে দেখা যায় মশালের আলোকচ্ছটা কিংবা বাজি বিস্ফোরণের আওয়াজ।
ভারতীয় সেই বাংলা চ্যানেলটির দিকে তাকিয়ে হঠাৎই কেন যেন মনটা খুব খারাপ হয়ে গেল। মনে পড়ে গেল নিজেদের হারানো ঐতিহ্যের কথা। হ্যাঁ, ঐতিহ্যই তো! আবাহনী-মোহামেডান তো বাংলাদেশের সংস্কৃতিরই একটা অংশ হয়ে গিয়েছিল। সেই ঐতিহ্যকে আমরা হেলায় হারিয়েছি। আমাদের এক লাখ ধারণক্ষমতার কোনো স্টেডিয়াম নেই। কিন্তু যা আছে, সেগুলোতেই একটা সময় ছিল মানুষের ঢল নামত আবাহনী-মোহামেডানের খেলা দেখতে। স্টেডিয়ামের গ্যালারির গ্রিলে ঝোলানো থাকত বিভিন্ন পাড়া-মহল্লা থেকে আসা সমর্থকগোষ্ঠীর পরিচিতিসংবলিত পতাকা, ব্যানার, ফেস্টুন। ঠিক আজ যেমন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারি ঢেকে ছিল ওই ধরনের ব্যানার কিংবা পতাকায়।
প্রাণের বন্ধুও সেদিন শত্রু হয়ে যেত আবাহনী-মোহামেডানের আকর্ষণে। বেতারে কান পেতে কিংবা টেলিভিশনে চোখ রেখে তীব্র উত্তেজনায় টগবগ করতে করতে ঢাকার মানুষ উপভোগ করত এই দুই জায়ান্টের লড়াই। ম্যাচের আগে বাসা-বাড়ির ছাদে আবাহনীর নীল-হলুদ কিংবা মোহামেডানের সাদা-কালো পতাকার মেলা বসত, ঠিক যেমন বিশ্বকাপের সময় গোটা দেশ ছেয়ে যায় ব্রাজিল-আর্জেন্টিনার পতাকায়।
আবাহনী-মোহামেডানের দ্বৈরথ নিয়ে কত গল্প মানুষের মুখে মুখে। কিন্তু এই প্রজন্মের কাছে তা শুধুই গল্প। গ্রাম থেকে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর খেলা দেখতে ঢাকায় এসে অজ্ঞতাবশত ভুল গ্যালারিতে বসে বিপাকে পড়ার ঘটনাও ঘটেছে অহরহ।
আশি-নব্বইয়ের দশকে আবাহনী-মোহামেডানের দ্বৈরথগুলোর স্মৃতি আজও জাগরূক অনেকের মধ্যেই। এই দুই দলের খেলার উত্তেজনা যাঁরা গায়ে মেখেছেন, তাঁদের জন্য সে এক অপরূপ স্মৃতি। কলকাতার ইস্টবেঙ্গল-মোহনবাগান লড়াই যেমন ঘটি-বাঙালের তকমা আঁটা, মোহামেডান-আবাহনীর সমর্থককুলের বিভক্তিটা এমন স্পষ্ট না হলেও ঢাকার পুরোনো ভাগের বাসিন্দাদের মধ্যে মোহামেডান-প্রীতি আর নতুন ভাগের মধ্যে আবাহনী-প্রীতি লক্ষণীয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর বাহাত্তরে প্রতিষ্ঠিত আবাহনী ক্লাবের প্রতি স্বাধীনতা-পরবর্তী প্রজন্মের বহু তরুণ-তরুণীকেই ঝুঁকে পড়তে দেখা গিয়েছিল। মোহামেডানের সমর্থনটা আবাহনীর তুলনায় একটু পরম্পরাভিত্তিক। দাদা-বাবাকে এই ক্লাব সমর্থন করতে দেখে ছেলের মোহামেডান সমর্থন করার উদাহরণ ভূরি ভূরি দেওয়া যাবে।
আবাহনী-মোহামেডান ম্যাচের দিন গোটা দেশে সাজ সাজ রব পড়ে যাওয়ার স্মৃতি কি এত সহজে ভুলে যাওয়া যায়? মতিঝিলের অফিসপাড়ায় এই ম্যাচের দিন সকাল থেকেই এক ধরনের উত্তেজনা বিরাজ করত—তাড়াতাড়ি বাড়ি ফেরার। পাছে কোনো ঝামেলায় পড়তে হয়। ম্যাচ পাঁচটায় হলে দুপুর বারোটা থেকে স্টেডিয়ামের গেটে লাইন দেওয়ার সেই ব্যাপারটি এই প্রজন্মকে বুঝিয়ে বলতে গেলে কিন্তু বেগ পেতে হবে যথেষ্টই। ম্যাচের দিন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের চিত্রটাও থাকত অন্য রকম। পড়াশোনা, ক্লাস উঠত শিকেয়। উঠবে বা-ই না কেন? ছাত্রের মতো শিক্ষকেরাও যে অধীর আগ্রহে অপেক্ষায় থাকতেন দ্বৈরথ শুরুর! প্রিয় দল হারলে পরদিন স্কুল-কলেজ ফাঁকি দেওয়ার ব্যাপারটিও থাকত। জেনে-শুনে বন্ধু-বান্ধবের কাছে মান-সম্মান আর কে-ই বা হারাতে চাইত!
এসব দিন এখন অতীত। এই স্মৃতি এখন কেবলই সুদূর অতীতের নস্টালজিয়া। আমরা হারিয়ে ফেলেছি এই আনন্দ-উপলক্ষ। হারিয়ে ফেলেছি ঢাকার এই ঐতিহ্য। আবাহনী-মোহামেডান ক্লাব দুটো অবশ্য এখনো আছে! অসার-অক্ষম অহংকার নিয়ে অতীতের স্মৃতি রোমন্থন করেই চলে যাচ্ছে এই দুটো ক্লাবের। বর্তমানকে অতীতের মতো বর্ণিল রঙে সাজিয়ে তোলার কোনো উদ্যোগ নেই তাদের। উদ্যোগ নেই দর্শকপ্রিয় নাম দুটোকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারটিও। রাজনীতি আর হীন ক্লাব-স্বার্থের বলি ঢাকার মানুষের এই মধুর নস্টালজিয়া। দেশের ফুটবলের এই দুই বড় দলের লড়াই আজ আর আলোড়ন তোলে না ঢাকার ফুটবলপ্রেমীদের মধ্যে। আবাহনী-মোহামেডানের লড়াইয়ের উত্তাপ কেবলই টিভি পর্দায় কিংবা সাংবাদিকের কলমে।
দেশের ঘরোয়া ফুটবলে ‘পেশাদারত্ব’ চালু হওয়ার পর থেকে যতগুলো লিগ অনুষ্ঠিত হয়েছে, মোহামেডানের শিরোপা নেই তার একটিতেও। আবাহনী প্রথম দিকে অন্তত মাঠের খেলায় নিজেদের ধরে রাখলেও তাদের অবস্থাও এখন করুণ। অথচ, দেশের ফুটবলের জনপ্রিয়তার ব্যাপারটি যে নব্বই শতাংশই এই দুই ক্লাবের ওপর নির্ভর করে, সেটা আর সবাই বুঝলেও আবাহনী-মোহামেডানের কর্তারা কেন যেন বুঝতে চান না। বুঝতে চান না বলেই তাঁদের দল এখন আর দেশের সেরা ফুটবলারদের নিয়ে গঠিত হয় না। ইস্টবেঙ্গল-মোহনবাগান লড়াই দেখতে দেখতে ভাবছিলাম, আমাদের দেশের দুই ‘সেরা’ ক্লাবের কর্তারা কি এই খেলাটি দেখছেন? কলকাতা ফুটবলে যদি ইস্টবেঙ্গল-মোহনবাগান উন্মাদনা ছড়াতে পারে, তাহলে বাংলাদেশের ফুটবলে আবাহনী-মোহামেডান পারবে না কেন?
এই প্রশ্নের উত্তর অবশ্য দিতে পারবেন কেবল এই দুই ক্লাবের কর্তারাই।