আক্ষেপ নেই নাসরির
বয়স মাত্র ২৭, সামির নাসরি আরও অনেক দিনই হয়তো খেলা চালিয়ে যাবেন। তবে জাতীয় দলের এপিটাফ গত জুনেই লিখে ফেলেছেন ম্যানচেস্টার সিটির এই ফ্রেঞ্চ মিডফিল্ডার। বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পরই অবসর নিয়ে নিয়েছিলেন ফ্রান্স জাতীয় দল থেকে। পরশু আবার জানালেন, ফ্রান্সে কখনোই সুখী ছিলেন না।
জাতীয় দলে নাসরির অভিষেক হয়েছিল মাত্র ১৯ বছর বয়সে। কিন্তু কখনোই থিতু হতে পারেননি, বরং একের পর এক অঘটন ঘটিয়েছেন। ২০০৮ ইউরোর সময় দলের কয়েকজন সতীর্থের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন। চার বছর পরের ইউরোতেই এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালি করায় নিষিদ্ধ হয়েছিলেন তিন ম্যাচের জন্য। এখনকার কোচ দিদিয়ের দেশম শুরু থেকেই তাই উপেক্ষা করেছেন এই মিডফিল্ডারকে। জাতীয় দলে না খেলার জন্য আক্ষেপ নেই নাসরির, ‘আমি আগেই বলেছি, ফ্রান্সে কখনোই সুখী ছিলাম না। ফ্রান্স দল এখন আমাকে টানে না। কিছু করার না থাকলেই আমি ফ্রান্সের খেলা দেখি। শুরুতে দলের জার্সি পরে আমি রোমাঞ্চিতই ছিলাম। দলকে ঘিরে থাকা কপট লোকদের দেখে সেই অনুভূতিটাও আর ছিল না।’
নাসরির মতো অতটা না হলেও ফ্রাঙ্ক রিবেরির জাতীয় দলের অধ্যায়ও খুব সুখের ছিল না। বিশ্বকাপের পর একরকম অভিমানভরেই অবসর ঘোষণা করে দেন বায়ার্ন মিউনিখ উইঙ্গার। নাসরি রিবেরিরও সমব্যথী, ‘দুই বছর ধরে ফ্রান্স দলের ভার বয়েছে রিবেরি। এরপর সে চোটে পড়ার পর বলা হলো, ফ্রান্স দল নাকি ওকে ছাড়া আরও ভালো। এটা লজ্জাজনক।’ এএফপি।