আক্ষেপ নেই ফন গালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফন গাল
ফন গাল

ফুলের বিছানা ছেড়ে কাঁটায় পেতেছেন শয্যা। এখন কাঁটাগুলো যখন বিঁধতে শুরু করেছে গায়ে, প্রমাদ গোনাই স্বাভাবিক। হয়তো মনে হতে পারে, কী ভুলই না করলাম! তবে এই দলে নন লুই ফন গাল। টটেনহাম হটস্পারের দায়িত্ব নিলে জীবনটা সহজ হতে পারত অনেক। এমন সংশয়-সমালোচনার তিরে বিদ্ধ হতে হতো না। ফন গাল বলছেন, জেনে, শুনে ও বুঝেই ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েছেন তিনি। কোনো আক্ষেপও নেই নিজের সিদ্ধান্তে।
ক্লাব ফুটবলে দারুণ সফল এই কোচ ব্রাজিল বিশ্বকাপে তুমুল আলোচিত ছিলেন ক্ষুরধার ট্যাকটিকসের কারণে। তবে বিশ্বকাপের পর ইউনাইটেডের দায়িত্ব নিয়েই পেতে হচ্ছে উল্টো অভিজ্ঞতা। প্রিমিয়ার লিগে তিন ম্যাচে এখনো জয়ের মুখ দেখেনি তাঁর দল, লিগ কাপে তৃতীয় বিভাগের দলের কাছে হেরেছে ৪-০ গোলে। ইউনাইটেডের মতো দলের দায়িত্ব নেওয়ার উত্তাপটাও টের পাচ্ছেন ভালো করেই। তবে গলে যাচ্ছেন না সেই তাপে, ‘এই চাকরি নিয়েছি বলে আক্ষেপ নেই। হ্যাঁ, আমি জানি ইউনাইটেডের দায়িত্ব নেওয়া মানে অনেক বড় দায়িত্ব। ভালোভাবেই বুঝি সেটা। আর সত্যি বলতে, আমি যা ভেবেছিলাম, এখনকার পরিস্থিতি সেটার চেয়ে খুব খারাপ কিছু নয়—জানতাম, আমার সামনে কী অপেক্ষা করছে।’
ফন গালের দাবি, সম্ভাব্য পরিণতি জেনেও দায়িত্বটা নিয়েছেন চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন বলেই, ‘চাইলে সহজ পথ বেছে নিতে পারতাম। টটেনহামের দায়িত্ব নিলে এত চাপ থাকত না। কিন্তু আমি ফুটবলের সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই বেছে নিয়েছি। আমি ইংল্যান্ডের এক নম্বর ক্লাবটিতেই যেতে চেয়েছি, টটেনহামে নয়। পারিশ্রমিকের দিক থেকে টটেনহামের প্রস্তাব ছিল ইউনাইটেডের মতোই আকর্ষণীয়। কিন্তু আমার দৃষ্টিতে ইউনাইটেড এখনো ইংল্যান্ডের এক নম্বর ক্লাব, টটেনহাম তা নয়।’ এএফপি।