আগামীকাল আসছে কিরগিজস্তান
বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্ব খেলতে আগামীকাল আসছে কিরগিজস্তান। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১১ জুন প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে খেলবে মধ্য এশিয়ার দেশটি। ১৬ জুন বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ তাজিকিস্তান ঢাকায় আসবে ১৪ জুন।
বেলা ৩টায় নয়, বিকেল ৫টায় শুরু হবে ম্যাচ দুটি। বেলা ৩টার পরিবর্তে বিকেল ৫টায় শুরু করার অনুমতি পেতে এএফসি ও ফিফাকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এএফসি চূড়ান্ত অনুমোদনও দিয়ে দিয়েছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ কাল বললেন, ‘সিঙ্গাপুর ও আফগানিস্তানের সঙ্গে দুটি প্রীতি ম্যাচের পর জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফ খেলার সময় পেছানোর অনুরোধ করেন। এরপরই ম্যাচের সময় বদলানোর জন্য প্রতিপক্ষ দুই দেশকে মৌখিকভাবে অনুরোধ করি। এএফসি ও ফিফার কাছেও চিঠি পাঠাই।’
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দুটি থেকে ভালো ফল আশা করছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ‘জয় বা ড্র যা-ই হোক, আমরা এই দুটি ম্যাচে পয়েন্ট পাব।’