‘আগামীকাল কী ঘটবে কেউ জানে না’
আরও বহুদিন খেলতে চান। দেশের হয়ে জিততে চান বিশ্বকাপ। কাজটা কঠিন, তবু স্বপ্ন দেখতে তো দোষ নেই। বিবিসির সঙ্গে কথোপকথনে নিজের আশা–আকাঙ্ক্ষার কথা জানাতে গিয়ে কোনো রাখঢাকে যাননি ক্রিস্টিয়ানো রোনালদো।
কিছুদিন পরই ৩৬ পূর্ণ হবে রোনালদোর। কিন্তু মাঠে এর ছাপ ফেলতে দেননি। ২০২০ পঞ্জিকাবর্ষে শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশি গোল তাঁরই। আস্থা আছে আগামী বিশ্বকাপেও অনায়াসে খেলতে পারবেন। কিন্তু এ নিয়ে আশার বেলুন ফোলাতে দিচ্ছেন না রোনালদোই। কারণ, ২০২০ সাল তো দেখিয়েই দিয়েছে, দূর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাটা মাঝেমধ্যে বোকামি।
এ বছরের সেরা ফুটবলার রবার্ট লেভান্ডফস্কি, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। দলীয় সাফল্যে পিছিয়ে থাকলেও রোনালদো খুব পিছিয়ে নেই। গত মৌসুমে লিগে ৩১ গোল করা পর্তুগিজ তারকা এ মৌসুমেও ১০ ম্যাচেই ১২ গোল করেছেন। ৫৯ বছর পর ইতালিতে এক পঞ্জিকাবর্ষে কাউকে ৩৩ গোল করতে দেখা গেল।
এ কারণেই সবকিছু ঠিক থাকলে ২০২২ বিশ্বকাপ যে খেলবেন, এ ব্যাপারে নিঃসন্দেহ রোনালদো। তখন বয়স ৩৭ পেরিয়ে যাবে, এ নিয়েও দুশ্চিন্তা নেই তাঁর। দুশ্চিন্তা কিংবা অনিশ্চয়তা তাঁর অন্য কিছু ঘিরে, ‘বয়স কোনো কিছু না। গুরুত্বপূর্ণ হলো মন। এটাও গুরুত্বপূর্ণ নয় ক্রিস্টিয়ানো রোনালদো ভালো কি না। আগামীকাল কী ঘটবে কেউ জানে না। আমি বর্তমানে বাঁচি, এই সময়ে। এখন খুব ভালো আছি, সুখী আমি। তরতাজা বোধ করছি, জীবনের খুব ভালো সময় কাটাচ্ছি। আশা করি আরও বহু, বহু বছর খেলতে পারব কিন্তু আপনি কখনোই বলতে পারেন না (ভবিষ্যতে কী হবে)।’
এ কারণেই হয়তো বিশ্বকাপ নিয়ে অত আশাবাদ শোনাতে চান না রোনালদো। জাতীয় দলের হয়ে দুটি শিরোপা জিতেছেন। কিন্তু বিশ্বকাপ জেতা হয়নি তাঁর। অতীতের তুলনায় এখন অনেক ভালো একটা দল পেয়েছেন। পর্তুগাল দলে এখন নতুন প্রতিভার অভাব নেই। তবু সমর্থকদের আগে থেকেই আশা বাড়াতে নারাজ পর্তগিজ অধিনায়ক।
কদিন আগে বলেছেন, ‘আমরা বিশেষ কিছু জিতেছি, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ২০১৬ সালে জিতেছি, তাই আমাদের ভিত গাঁথা আছে এবং এখন আমরা বিশ্বকাপ জিততে চাই। হ্যাঁ, এটা সম্ভব। সবকিছুই সম্ভব। কিন্তু বাস্তববাদীও হতে হবে আপনাকে। আমি বহুবার বলেছি, পর্তুগালের হয়ে কিছু জেতার স্বপ্ন দেখি এবং আমি দুটি শিরোপা জিতেছি। আমি অনেক আনন্দিত এ নিয়ে। যে ক্লাবের হয়ে খেলেছি, সেখানেই জিতেছি কিন্তু বিশ্বকাপ জেতাটাই স্বপ্ন।’