আগামীর মেসিদের এ কী দশা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৫ যুব বিশ্বকাপ ট্রফি নিয়ে মেসির উৎ​সব। ফাইল ছবি
২০০৫ যুব বিশ্বকাপ ট্রফি নিয়ে মেসির উৎ​সব। ফাইল ছবি

কে বলে লিওনেল মেসি বিশ্বকাপ জেতেননি? জিতেছেন অবশ্যই। শুধু তা-ই নয়, বিশ্বকাপ ট্রফির পাশাপাশি সেই আসরের গোল্ডেন বুট আর গোল্ডেন বল—দুটোই জিতেছিলেন। অবশ্য সেটা ফিফা যুব বিশ্বকাপে। ২০০৫-এর​ আসরে। সেই সময়টায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ছিল আর্জেন্টিনার একক আধিপত্য। ১৯৯৫ থেকে ২০০৭—এর মধ্যে সাত আসরে পাঁচবারই চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।
টুর্নামেন্টের রেকর্ড ছয়বারের শিরোপাজয়ী সেই আর্জেন্টিনাকে গত তিন আসরে খুঁজেই পাওয়া যায়নি। ২০০৯ ও ২০১৩—এই দুবার তো বাছাই পর্বের বাধাই পেরোতে পারেনি। খেলোয়াড় রপ্তানিতে ব্রাজিলকে ছাপিয়ে যাওয়া, একের পর এক তরুণ প্রতিভা উঠে আসা সেই আর্জেন্টিনা আশ্চর্যজনকভাবে যুব বিশ্বকাপে হোঁচট খেয়েই চলেছে। এবার তো প্রথম রাউন্ডেই ছিটকে পড়ার দশা তাদের। সেটিও পানামার মতো দলের কাছে ড্র আর ঘানার কাছে ২-৩ গোলে হেরে।

ঘানা করছে উৎ​সব, মেসির উত্তরসূরি আর্জেন্টিনা যুবদলের ১০ নম্বর মার্টিনেজ অসহায়
ঘানা করছে উৎ​সব, মেসির উত্তরসূরি আর্জেন্টিনা যুবদলের ১০ নম্বর মার্টিনেজ অসহায়

গত শনিবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও ৮৪ মিনিটে গোল হজম করে শেষ পর্যন্ত পানামার সঙ্গে ২-২ ড্র করেছিল আর্জেন্টিনা যুবদল। আজ তো ঘানার কাছে পিছিয়ে পড়েছিল ৩-০ গোলে। ৮০ ও ৯০ মিনিটে দুটো গোল শোধ করলেও শেষ রক্ষা হয়নি। তবে আশা এখনো আছে। ৫ জুন অস্ট্রিয়ার বিপক্ষে জিতলে নকআউট পর্বে যাওয়ার একটা সম্ভাবনা আছে তাদের। কিন্তু পানামা-ঘানার সঙ্গেই পেরে উঠবে না আগামীর মেসিরা!
নিউজিল্যান্ডে অনুষ্ঠানরত এবারের আসরে ব্রাজিল যুবদল কিন্তু নাইজেরিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার হাঙ্গেরির মুখোমুখি হবে তারা।