প্রায় মাঝরাত। সারা দিনের অনুশীলনে খাটনি কম হয়নি। বিছানায় গা এলিয়ে দিতেই আরিয়েন রোবেনের ঘুম নেমে এল চোখে। হঠাৎ ধড়মড় করে উঠে বসলেন বায়ার্ন মিউনিখ উইঙ্গার। প্রচণ্ড শব্দে বেজে উঠেছে অগ্নিসংকেত। বোঝা গেল, হোটেলের কোথাও আগুন ধরেছে। হুড়মুড় করে বেরিয়ে এলেন রোবেন, পাশের কামরা থেকে সতীর্থরাও। অন্য অতিথিরাও নেমে এলেন চোখে-মুখে আতঙ্ক নিয়ে। পরশু এমনই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল বায়ার্ন মিউনিখ খেলোয়াড়দের। সিএসকেএর সঙ্গে খেলতে দুদিন আগেই মস্কোতে পৌঁছে যান রোবেনরা। সেখানেই এই ঘটনা। পরে জানা গেল, আসলে আগুন লাগেনি। কিন্তু লামদের ঠিকই ঘণ্টা খানেক দাঁড়িয়ে থাকতে হয়েছে বাইরের হাড়কাঁপানো শীতে। কয়েকজন অবশ্য পাশের রেস্টুরেন্টে গিয়ে কফিও খেয়ে এসেছেন এই ফাঁকে। নয়্যার তো বেশ মজাই পেয়েছেন। স্কুলের সেই দিনগুলোর কথা নাকি মনে পড়ল তাঁর! মেইল অনলাইন।