আগুনে ঘি ঢাললেন পিকে

স্লোভাকিয়ার সঙ্গে স্পেনের গত শনিবারের ম্যাচে নিজেদের দর্শকেরাই তাঁকে দুয়ো দিয়েছেন। সেটা নিয়ে কম তোলপাড় হয়নি। গুঞ্জন উঠেছিল, জেরার্ড পিকে স্পেনের হয়েই আর খেলবেন না। পরশু সতীর্থ সার্জিও রামোস পর্যন্ত বলে বসলেন, পিকের আচরণ নিয়ে নতুন করে ভাবা উচিত। চেপে রাখা সেই ক্ষোভেরই যেন বিস্ফোরণ হলো পিকের কালকের সংবাদ সম্মেলনে। পিকে বললেন স্পেনের হয়ে তাঁর আনুগত্য প্রশ্নাতীত, তবে রিয়াল মাদ্রিদের সব সময় ‘অমঙ্গল’ই তিনি কামনা করেন। তাঁর এই কথা স্প্যানিশ ফুটবলে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা প্রতিদ্বন্দ্বিতার আগুনে নিশ্চিত করেই আরেকটু ঘি ঢালল।
স্পেনের হয়ে খেলার সময় বার্নাব্যুতেও দুয়ো শুনেছিলেন। এবারের ঘটনাও নতুন কিছু নয়। তবে পিকে সেসব নিয়ে খুব বিচলিত নন, ‘আমি ৭০টি ম্যাচ খেলেছি। আমার নিজের কোনো সন্দেহ নেই, প্রতি ম্যাচেই আমি নিজের সেরাটা ঢেলে দিই। আমি বিশ্বকাপ ও ইউরো জিতেছি। আমি খারাপ কিছুই বলিনি, আত্মপক্ষ সমর্থনেরও দরকার নেই আমার।’
স্প্যানিশ সংবাদমাধ্যম কয়েক দিন ধরেই দাবি করে আসছিল, কাতালুনিয়ার স্বাধীনতা আন্দোলনে সমর্থন দেওয়ার জন্য পিকেকে দুয়ো শুনতে হয়েছে। তবে বার্সা ডিফেন্ডার পরিষ্কার করে দিলেন, ‘আমার মনে হয় বার্সা-রিয়াল দ্বৈরথের জন্যই আমাকে ওরা দুয়ো দিয়েছে। কিন্তু আমি নিজের মনোভাব বদলাব না। এই দ্বৈরথটা অনেক আবেগের। বার্সা ভালো করলে মাদ্রিদ খারাপ করে, আবার উল্টোটাও হয়। আমি সব সময়ই মাদ্রিদের অমঙ্গল চেয়েছি।’ এরপরের কথাগুলো বিতর্কটা আরও উসকে দিতে পারে, ‘আমি রিয়াল-জুভেন্টাসের ম্যাচ দেখেছি বুফনের জার্সি গায়ে, আমি চাই ওরা সব সময় হারুক। স্পেনে প্রতিদ্বন্দ্বিতাটা এ রকমই।’ পিকে অবশ্য দাবি করেছেন, রিয়ালের খেলোয়াড়দের সঙ্গে তাঁর সমস্যা নেই। পিকের দাবি যদি সত্যিও হয়ে থাকে, এই কথার পর সেটা থাকবে তো? এএফপি।