আগুয়েরোকে 'সব সময় হারান' মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘনিষ্ঠ দুই বন্ধু মেসি-আগুয়েরো চ্যাম্পিয়নস লিগে এবারও মুখোমুখি। ছবি: মার্কা
ঘনিষ্ঠ দুই বন্ধু মেসি-আগুয়েরো চ্যাম্পিয়নস লিগে এবারও মুখোমুখি। ছবি: মার্কা

একই দৃশ্যের পুনরাবৃত্তি—গতবারের মতো এবারও চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি বার্সেলোনা-ম্যানচেস্টার সিটি। লিওনেল মেসির মুখোমুখি কাছের বন্ধু সার্জিও আগুয়েরো। প্রিয় বন্ধু হলে কী হবে, তাকে মোকাবেলা করতে মুখিয়ে আছেন মেসি!
চ্যাম্পিয়নস লিগে ড্রর পর ম্যাচটি নিয়ে মেসি ফেসবুকে নিজের পেজে বেশ রসিকতা করে লিখেছেন, ‘চ্যাম্পিয়নস লিগে পরের রাউন্ডের ম্যাচ খেলতে মুখিয়ে আছি। বন্ধু আগুয়েরোর মুখিমুখি হওয়াটা সত্যিই অসাধারণ। সব সময় আমি তাকে ফিফায় (ভিডিও গেম) হারাই। দেখা যাক মাঠে কী হয়!’ বার্সা-সিটির লড়াই হবে আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি ও ১৮ মার্চ।
হাঁটুর চোটের কারণে আগুয়েরো এখন মাঠের বাইরে। দ্রুত সেরে উঠবেন এ আর্জেন্টাইন স্ট্রাইকার, এমন প্রত্যাশা সিটি সমর্থকদের। গত মৌসুমে শেষ ষোলোতে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে হারালেও সিটিকে কঠিন প্রতিপক্ষ মানছেন লুইস এনরিকে। তবে এখনই ম্যাচ নিয়ে ভাবতে চান না বার্সা কোচ। বললেন, ‘সময় এলে তাদের নিয়ে বিশ্লেষণ করব। এটা নিশ্চিত, ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কারণ, তারাও শিরোপার দাবিদার। দারুণ কিছু খেলোয়াড় ভিড়িয়ে শক্তি বাড়িয়েছে তারা।’ সূত্র: মেইল অনলাইন, আইএনএস।