আগুয়েরোর বায়ার্ন-বধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণ হ্যাটট্রিকে বায়ার্নকে একাই হারালেন সার্জিও আগুয়েরো ছবি: এএফপি।
দারুণ হ্যাটট্রিকে বায়ার্নকে একাই হারালেন সার্জিও আগুয়েরো ছবি: এএফপি।

একে তো ‘বায়ার্ন-বধ’ই বলা চলে—তাই নয় কি! যে ম্যাচে ৮৫ মিনিট পর্যন্ত জার্মান-জায়ান্টরা এগিয়ে, সেখানে শেষ পর্যন্ত তারাই পরাজিত। শেষ পাঁচ মিনিটে বায়ার্ন মিউনিখকে ছত্রখান করে দেওয়া সার্জিও আগুয়েরোই এই ম্যাচের নায়ক। তাঁর দারুণ এক হ্যাটট্রিকেই যে ম্যানচেস্টার সিটি নাটকীয় এক জয় পেয়েছে চ্যাম্পিয়নস লিগে। বায়ার্নকে ৩-২ গোলে হারিয়ে ম্যানুয়াল পেলেগ্রিনির দল আশা বাঁচিয়ে রেখেছে পরের রাউন্ডের।

আগুয়েরোর গোলে ২১ মিনিটে এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু প্রধমার্ধ না পেরোতেই জাবি আলোনসো ও রবার্ট লেভানডোফস্কির করা দুই গোলে খেলা চলে যায় বায়ার্ন মিউনিখের অনুকূলে। যদিও ওই প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হয়েছিল পেপ গার্দিওলার বাহিনী।
ম্যানচেস্টার সিটির প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে। আগুয়েরোকে বক্সের মধ্যে ফাউল করে সিটিকে পেনাল্টি উপহার দেন বায়ার্নের মরক্কান ডিফেন্ডার মেহদি বেনাতিয়া। শুধু পেনাল্টি উপহার দেওয়া নয়, ওই ফাউলে লাল কার্ডও দেখেন বেনাতিয়া।
এক গোলে পিছিয়ে থেকে, ১০ জনের দলে পরিণত হয়েও বায়ার্ন কিন্তু মাঠ থেকে হারিয়ে যায়নি। ম্যাচের ৪০ মিনিটে দারুণ এক ফ্রি-কিকে দলকে সমতায় ফেরান আলোনসো। এর চার মিনিটের ব্যবধানে জেরম বোয়েটাংয়ের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে দলকে ২-১ গোলে এগিয়ে দেন পোলিশ স্ট্রাইকার লেভানডোফস্কি।
দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে বায়ার্ন রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলে সিটির ফরোয়ার্ডরা। কিন্তু রক্ষণভাগের দেয়াল অতিক্রম করা একপ্রকার দুঃসাধ্যই হয়ে উঠেছিল তাদের জন্য। ৮৫ মিনিটে অবশ্য অমার্জনীয় এক ভুলে গড়ে তোলা দেয়াল চূর্ণ করে দেন জাবি আলোনসো নিজেই। তাঁর ভুল পাসে বল পেয়ে স্টেফান ইয়োভেতিচ বল বাড়ান আগুয়েরোকে। দারুণ দ্রুতগতিতে বক্সে ঢুকে গোলরক্ষক নয়্যারকে বোকা বানান তিনি। যোগ করা সময় আগুয়েরো দলকে জয় এনে দেন বায়ার্ন রক্ষণের আরও একটি ভুলে। এবার নিজেদের সীমানায় ভুল করেন বোয়েটাং। তাঁর ভুলে বল পেয়ে বক্সের কোনাকুনি শটে গোল করেন আগুয়েরো। নিজের দুর্দান্ত হ্যাটট্রিকে বায়ার্ন-বধের কাব্যগাথাও লেখা হয়ে যায় সঙ্গে সঙ্গেই। সূত্র: এএফপি।