আগুয়েরোর ৫ গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার গোল হয়ে গেছে আগেই। আগুয়েরোর এই উচ্ছ্বাসটা পঞ্চম গোলের পর। কাল ইতিহাদ স্টেডিয়ামে নিউক্যাসলের বিপক্ষে l রয়টার্স
চার গোল হয়ে গেছে আগেই। আগুয়েরোর এই উচ্ছ্বাসটা পঞ্চম গোলের পর। কাল ইতিহাদ স্টেডিয়ামে নিউক্যাসলের বিপক্ষে l রয়টার্স

বিরতিতে সার্জিও আগুয়েরোকে কী এমন বলেছিলেন ম্যানুয়েল পেলেগ্রিনি? প্রথমার্ধের ৪২ মিনিটে এক গোল করেছিলেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার, বিরতির পর ফিরে ১৭ মিনিটে করলেন আরও চারটি! সব মিলিয়ে নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে কাল ৫ গোল করতে আগুয়েরো সময় নিলেন মাত্র ২০ মিনিট!
দিনের সবচেয়ে বড় চমক উপহার দিয়েছে সাউদাম্পটন, চেলসিকে স্টামফোর্ড ব্রিজে এসে হারিয়ে দিয়েছে ৩-১ গোলে। এই প্রথম নিজেদের মাঠে মরিনহোর চেলসি দুইয়ের বেশি গোল খেল। আট ম্যাচে আট পেয়ন্ট নিয়ে চেলসি এখন পয়েন্ট তালিকার ১৬ নম্বরে।
কোনো খেলোয়াড়ের এমন কীর্তির দিনে ম্যাচে কে জিতেছে, তার চেয়ে বড় হয়ে দাঁড়ায় জয়ের ব্যবধান কত, এই প্রশ্নটা। ইতিহাদে কাল অনিশ্চয়তা ছিল, তবে ৪২ মিনিট পর্যন্ত। আলেক্সান্দার মিত্রোভিচের গোলে এগিয়ে ছিল নিউক্যাসলই। আগুয়েরোর গোলে প্রথমার্ধ শেষ হয়েছিল ১-১ সমতায়। দ্বিতীয়ার্ধের শুরুতে আগুয়েরো-ম্যাজিকের সঙ্গে কেভিন ডি ব্রুইনের গোলে সিটির জয়টা ৬-১ ব্যবধানে।
প্রিমিয়ার লিগে এক ম্যাচে ৫ গোলের কীর্তি গড়া পঞ্চম খেলোয়াড় হলেন আর্জেন্টাইন স্ট্রাইকার। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে অ্যান্ডি কোল ও দিমিতার বারবাতভ, নিউক্যাসলের অ্যালান শিয়ারার ও টটেনহামের হয়ে জার্মেইন ডিফোর ছিল এমন অসাধারণ অর্জন। কাল ৬৬ মিনিটে ‘বেরসিক’ সিটি কোচ আগুয়েরোকে মাঠ থেকে তুলে না নিলে প্রথম ৬ গোলের রেকর্ডটাও হয়তো হয়ে যেত। স্টার স্পোর্টস।