আগুয়েরো-মেসিতে রক্ষা আর্জেন্টিনার

২০০৪ সালের পর উত্তর আমেরিকার প্রতিপক্ষ মেক্সিকোর কাছে হারেনি আর্জেন্টিনা। আজ টেক্সাসের অর্লিংটনের কৃত্রিম মাঠের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেই মেক্সিকোর বিপক্ষেই হারের শঙ্কায় ছিল আর্জেন্টিনা। দুই গোলে এগিয়ে থাকা মেক্সিকোর সব হিসেব-নিকেশ এলোমেলো করে দিয়ে আর্জেন্টাইনদের রক্ষা-কবচ হয়েছেন সার্জিও আগুয়েরো আর লিওনেল মেসি। ম্যাচের শেষ পাঁচ মিনিটে এই দুই তারকার দুটি মহামূল্যবান গোল আর্জেন্টিনাকে রক্ষা করেছে এক বাজে হার থেকে। শ্বাসরুদ্ধকর খেলাটি ড্র হয়েছে ২-২ গোলে।
সত্তর মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মেক্সিকো। ৮৫ মিনিটে আগুয়েরো ব্যবধান কমালেও মেক্সিকো হয়তো হার বঞ্চিত হওয়ার কথা ভাবতেও পারেনি। কিন্তু আর্জেন্টিনা ফল পেয়েছে প্রবল আক্রমণে আর লিওনেল মেসির গুণে। সমতাসূচক গোলটি মেসির হলেও এতে আগুয়েরোর অবদান যথেষ্ট। তাঁরই এক বুদ্ধিদীপ্ত ফ্রি-কিক মেক্সিকোর সীমানায় বুকে ধরে অসাধারণ নৈপুণ্যের সঙ্গে মেসি পাঠিয়ে দেন মেক্সিকোর জালে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) ফ্র্যাঞ্চাইজি ডালাস কাউবয়েজের ঘরের মাঠ অর্লিংটনের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রথম দিকে দুই দলেরই যথেষ্ট বেগ পেতে হয়েছে। কৃত্রিম এই মাঠ মেক্সিকো-আর্জেন্টিনা দুই দলের খেলোয়াড়দেরই স্বাভাবিক নৈপুণ্যে বাধা সৃষ্টি করছিল। তবে মাঠে উপস্থিত ৮৩ হাজার দর্শক ‘পয়সা উসুল’ ভাবতেই পারেন। দুই গোলে এগিয়ে থাকা মেক্সিকোকে জয় বঞ্চিত করতে খেলা আর্জেন্টিনার আকর্ষণীয় ফুটবল তাদের মন না ভরিয়ে পারেই না।
খেলার ১৯ মিনিটে আর্জেন্টাইন রক্ষণসেনা নিকোলাস ওটামেন্ডি মেক্সিকোর রাউল জিমেনেজকে নিজেদের সীমানায় ফেলে দিলে পেনাল্টি পায় মেক্সিকো। সেই পেনাল্টিটি নিপুণতার সঙ্গে কাজে লাগান হাভিয়ের হার্নান্দেজ।
গোল খেয়ে অবশ্য নিষ্ক্রিয় ছিল না আর্জেন্টাইন আক্রমণ। বরং মেক্সিকোর সীমানায় একের পর এক হামলে পড়তে থাকে তাদের আক্রমণ। মেসি, আগুয়েরো, লাভেজ্জি সবাই নিজেদের সব রসদ নিয়েই হানা দিচ্ছিলেন মেক্সিকোর গোলপোস্টের সামনে।
গোলরক্ষক মুনজ অবশ্য এই সময় চীনের প্রাচীরের ভূমিকাতেই ছিলেন মেসিদের সামনে। বেশ কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ আর্জেন্টিনার হাতছাড়া কেবল তাঁরই কল্যাণে।
ম্যাচের ৭০ মিনিটে মেক্সিকান সমর্থকদের আনন্দে ভাসিয়ে দলকে ২-০ গোলে এগিয়ে নেন হেক্টর হেরেরা। একটি প্রতি আক্রমণ থেকে বক্সের ঠিক ওপরে দাঁড়িয়ে দুর্দান্ত শটে গোলটি করেন ওই হেরেরা।
ম্যাচের ৩০ মিনিট বাকি থাকতে নিজেদের আভিজাত্য যেন দারুণভাবেই নাড়া দিচ্ছিল আর্জেন্টাইন ফুটবলারদের। আক্রমণের বান ডেকে এই সময় মেক্সিকোকে কোণঠাসা করে ফেলেন তারা। ৮৫ মিনিটে লাভেজ্জি দারুণ একটি দৌড়ে মেক্সিকোর বক্সে ঢুকে দারুণ এক ক্রস বাড়ান আগুয়েরোর দিকে। লাভেজ্জির ক্রসটি গোলে পরিণত করতে খুব একটা বেগ পেতে হয়নি আগুয়েরোর।
খেলার ৮৯ মিনিটে আগুয়েরোর ফ্রি-কিক নিজের বুকে নিয়ে দারুণ এক শটে আর্জেন্টিনাকে পরাজয়ের হাত থেকে রক্ষা করেন মেসি। আজ আর্জেন্টিনার জার্সি গায়ে নিজের ৪৯তম গোলটি করলেন মেসি। ১০৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মেসি আর সাতটি গোল করলেই নিজেকে প্রতিষ্ঠিত করবেন আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতা হিসেবে। ৫৬টি গোল করে এই রেকর্ডটি আপাতত নিজের করে রেখেছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। সূত্র: এএফপি।