আগুয়েরো জেতালেন সিটিকে
ম্যানচেস্টার সিটির কোচ হয়ে আসার পর এমন ম্যাচই চেয়েছিলেন পেপ গার্দিওলা। হিমশীতল আবহাওয়ায় খেলতে হবে গা-জোয়ারি রক্ষণাত্মক ফুটবল খেলা কোনো প্রতিপক্ষের মাঠে। এমন ম্যাচেই দেখাতে চেয়েছিলেন, সুন্দর ফুটবল দিয়ে যেকোনো পরিস্থিতিতেই জেতা যায়।
সুন্দর ফুটবল কতটা খেলেছে কাল সিটি, তা তর্কসাপেক্ষ। তবে বার্নলির মাঠে গার্দিওলার দল জিতেছে ঠিকই। প্রথমে পিছিয়ে পড়েও সার্জিও আগুয়েরোর জোড়া গোলে বার্নলিকে ২-১ গোলে হারিয়েছে সিটি।
ম্যাচের ১৪ মিনিটে বক্সের বাইরে থেকে মিডফিল্ডার ডিন মারনির গোলে এগিয়েও যায়। তবে ৩৭ ও ৬০ মিনিটে দুটি গোল করে সিটিকে জেতান আগুয়েরো, দুটি গোলই এসেছে বার্নলি ডিফেন্ডারদের ভুলের পর নিজের সুযোগসন্ধানী ক্ষমতা কাজে লাগিয়ে।
অন্য ম্যাচে সান্ডারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। অতি রক্ষণাত্মক কৌশলে খেলা সান্ডারল্যান্ডের বাঁধ ভাঙেন ডিভক অরিগি, ম্যাচের ৭৫ মিনিটে। এরপর যোগ করা সময়ে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন জেমস মিলনার। টেলিগ্রাফ।
তবে দিনের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটি হয়েছে সোয়ানসির মাঠে। গোলবন্যার ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৫-৪ গোলে হারিয়েছে সোয়ানসি। ম্যাচের স্কোরলাইনটা দুলেছে পেন্ডুলামের মতো (সোয়ানসিকে আগে ধরে)— ০-১, ৩-১, ৩-৩, ৩-৪, ৫-৪!