আগুয়েরোকে গাছে তুলে মই কেড়ে নিল বার্সা

আগুয়েরোর এই হাসি মুছে যাওয়ার দশাছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ছেন। তিনি হয়তো পিএসজিতে যাবেন, যদিও গুঞ্জনে ম্যানচেস্টার ইউনাইটেড আর ইন্টার মিলানের নামও ঠারেঠোরে শোনা যায়। পেপ গার্দিওলা যদিও ম্যানচেস্টার সিটি আর মেসির জন্য ছুটবে না বলে জানিয়ে দিয়েছেন, তবু সিটির নামও রয়ে যাচ্ছে গুঞ্জনে।

সব মিলিয়ে লিওনেল মেসিই এখন সব খবরের পাতায়। কিন্তু তাঁর বর্তমান নিয়ে আলোচনা আর ভবিষ্যৎ নিয়ে গুঞ্জনের মধ্যেই আরেকটা প্রশ্ন চলে আসছে তাঁরই বন্ধুকে নিয়ে। আর্জেন্টিনা দলে মেসির সতীর্থ আর মেসির খুব কাছের বন্ধু সের্হিও আগুয়েরোর এখন কী হবে? এই মৌসুমেই বার্সায় যাওয়া আগুয়েরোকে যেন গাছে তুলে মই কেড়ে নিয়েছে বার্সা!

মেসির সঙ্গে খেলবেন বলে এসেছিলেন বার্সায়
ছবি: টুইটার

স্পেনেই এখন দুই রকমের খবর পাওয়া যাচ্ছে। কেউ বলছে, মেসি বার্সায় না থাকায় বার্সার কাছে ‘প্রতারিত’ হয়েছেন বলে মনে হচ্ছে আগুয়েরোর, এই গ্রীষ্মকালীন দলবদলেই বার্সা ছাড়তে চান তিনি। আবার কেউ বলছে, মেসি ক্লাবে না থাকলেও আগুয়েরো বার্সার প্রতি একই রকম প্রতিশ্রুতিবদ্ধ। আর আর্জেন্টাইন দৈনিক টিওয়াইসি স্পোর্ত জানাচ্ছে, আগুয়েরো হতাশ।

আর্জেন্টিনা দলে অনেক দিন ধরে একসঙ্গে খেললেও ক্লাব ফুটবলে কখনো মেসি-আগুয়েরোর একসঙ্গে খেলা হয়নি। মেসি তো এত দিন পর্যন্ত পুরো ক্যারিয়ার বার্সাতেই কাটিয়েছেন, আগুয়েরো আর্জেন্টিনা থেকে এসে আতলেতিকো মাদ্রিদ ঘুরে খেলেছিলেন ম্যানচেস্টার সিটিতে। ইংলিশ ক্লাবটির সঙ্গে গত মৌসুমে চুক্তি শেষ হয়েছে আগুয়েরোর, এই মৌসুমে তাঁকে বিনা মূল্যে ক্লাবে নিয়ে গেছে বার্সা। গিয়েই মেসির সঙ্গে অবশেষে একই ক্লাবে খেলতে পারার আনন্দের কথা জানিয়েছিলেন ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার।

বার্সেলোনার অনুশীলনে আগুয়েরো
ছবি: টুইটার

কিন্তু আগুয়েরো এক দরজা দিয়ে ঢুকলেন, অন্য দরজা দিয়ে বেরিয়ে গেলেন মেসি! বার্সার সঙ্গে মেসির আগের চুক্তি ৩০ জুনেই শেষ হয়ে গিয়েছিল। এরপর দুই পক্ষের চুক্তি নবায়ন হবে বলে নিশ্চিত করেছিল ইউরোপের সংবাদমাধ্যম। কিন্তু আর্থিক জটিলতায় লা লিগার কাছে মেসির নিবন্ধন করাতে পারছে না দেখে বার্সা জানিয়ে দেয়, বিচ্ছেদই সমাধান। মেসি-বার্সার ২০ বছরের সম্পর্ক শেষ হয়ে গেল। মেসি এখন তাঁর আরেক প্রাণের বন্ধু নেইমারের ক্লাব পিএসজিতেই যাচ্ছেন বলে জোর গুঞ্জন।

কিন্তু এদিকে আগুয়েরোর কী হবে? মাদ্রিদভিত্তিক স্প্যানিশ দৈনিক এএস তাদের স্প্যানিশ সংস্করণে লিখেছে, কদিন আগেই বার্সায় যোগ দেওয়া আগুয়েরো এখনই বার্সা ছাড়তে চান! স্প্যানিশ টিভি বেতেভের ‘লা পোর্তেরা’কে সূত্র হিসেবে জানিয়ে এএস লিখেছে, বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা তাঁর সঙ্গে ‘প্রতারণা’ করেছেন বলে মনে হচ্ছে আগুয়েরোর। কারণ, লাপোর্তা তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, মেসির সঙ্গে খেলতে পারবেন। লাপোর্তা সভাপতি হয়ে বার্সায় ফেরার পর প্রথম খেলোয়াড় হিসেবে আগুয়েরোকেই দলে নিয়েছেন।

সে কারণে নিজের আইনজীবীদের নির্দেশ দিয়েছেন তাঁর বার্সা ছাড়ার উপায় খুঁজতে। প্রসঙ্গত, এই মৌসুমে বার্সায় যোগ দেওয়ার সময় দুই বছরের চুক্তি সই করেছেন আগুয়েরো। তাঁর চুক্তিতে ‘রিলিজ ক্লজ’-এর অঙ্ক রাখা আছে ১০ কোটি ইউরো।
এএসের প্রতিবেদনে লেখা, আগুয়েরো ভীষণ রেগে আছেন। তা এমনই যে, তাঁর কাছের মানুষও নাকি সংবাদমাধ্যমকে বলেছেন যে বার্সায় আগুয়েরোর ভবিষ্যৎ ‘খুব একটা পরিষ্কার নয়’।

তবে স্প্যানিশ আরেক দৈনিক মুন্দো দেপোর্তিভো আবার আগুয়েরোরই কাছের মানুষকে সূত্র হিসেবে জানিয়ে লিখেছে, আগুয়েরোর বার্সা ছাড়তে চাওয়ার গুঞ্জন ‘সর্বৈব মিথ্যা’। বার্সেলোনাভিত্তিক স্প্যানিশ দৈনিক স্পোর্তও লিখেছে, মেসি চলে গেলেও আগুয়েরো ও তাঁর পরিবারের সদস্যরা বার্সেলোনায় থাকা পছন্দ করছেন।
আর্জেন্টাইন দৈনিক টিওয়াইসি স্পোর্তও লিখেছে, মেসি বার্সায় যোগ দিতে না পারায় আগুয়েরো ‘ভীষণ হতাশ’, তবে সেটিকে এক পাশে রেখে পেশাদার মনোভাবকেই সামনে আনছেন আগুয়েরো। বার্সার সঙ্গে চুক্তিকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তবে ক্লাবে থাকলেও আগুয়েরো যে মাঠে নিয়মিত থাকবেন না, সেটার একটা ইঙ্গিত দিয়েছে টিওয়াইসি স্পোর্ত। বার্সা কোচ রোনাল্ড কোমান আগুয়েরোকে দলে চাননি বলেই জানাচ্ছে টিওয়াইসি। কিন্তু মেসিকে ক্লাবে রাখতে রাজি করাতে লাপোর্তা আগুয়েরোকে আনছেন ভেবে দলবদলে সবুজ সংকেত দিয়েছেন ডাচ কোচ। এখন মেসি চলে গেছেন, আগুয়েরোকেও কোমানের অধীনে দলে জায়গা করে নিতে একটু বেশিই খাটাখাটনি করতে হবে।