আগুয়েরোকে মেসির 'চ্যালেঞ্জ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় বছর আগে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ খেলতে গিয়ে পরিচয় দুজনের। লিওনেল মেসি-সার্জিও আগুয়েরোর সম্পর্কটা এরপর শুধু সতীর্থের নয়, তার চেয়েও বেশি কিছু। আর্জেন্টিনার হয়ে খেলার সময় তাঁরা রুমমেট। বোঝাই যায়, দুজনের বন্ধুত্ব কতটা উষ্ণ। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র দুই বন্ধুকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। তা নিয়ে খোঁচা মারার লোভ সামলাতে পারলেন না মেসি।
ক্লাব ফুটবলে বেশ কয়েকবারই একে অন্যের বিপক্ষে খেলেছেন। আগুয়েরো অ্যাটলেটিকো মাদ্রিদে থাকার সময়ই মুখোমুখি হয়েছেন মেসির বার্সেলোনার। চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোতে বার্সেলোনা-ম্যানচেস্টার সিটি আবারও ফিরিয়ে আনছে সেই স্মৃতি। গত বছরও একই পর্যায়ে দেখা হয়েছিল এই দুই দলের। বার্সাকে জিতিয়ে তাতে শেষ হাসি হেসেছিলেন মেসি। এবার আগেভাগেই বন্ধুকে ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দিলেন বার্সেলোনা ফরোয়ার্ড। ‘চ্যাম্পিয়নস লিগের পরের পর্বের জন্য অপেক্ষা করছি। আগুয়েরোর সঙ্গে মুখোমুখি হতে পারাটা দারুণ একটা ব্যাপার। তবে ওকে তো আমি ফিফায় (কম্পিউটার গেম) সব সময় হারাই, দেখা যাক মাঠে কী হয়’—নিজের ফেসবুক পেজে লিখেছেন মেসি।
দেখা যাক, আগুয়েরো কী জবাব দেন! গোলডটকম।