আগুয়েরোর অবসরের খবর উড়িয়ে দিচ্ছেন জাভি

হৃদ্‌রোগের সমস্যা নিয়ে মাঠ ছেড়েছিলেন আগুয়েরোছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকালই খবর বেড়িয়েছে, আগামী সপ্তাহে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সের্হিও আগুয়েরো। গত ৩০ অক্টোবর আলাভেসের বিপক্ষে ম্যাচে বুকে ব্যথা অনুভব করায় মাঠ ছেড়ে উঠে গিয়েছিলেন। এরপর জানা গিয়েছিল, হৃদ্‌রোগের এই সমস্যা নিয়ে পেশাদার ফুটবল খেলা আর সম্ভব নয় আগুয়েরোর পক্ষে। কিন্তু আর্জেন্টাইন স্ট্রাইকার ও তাঁর ক্লাব বার্সেলোনা হাল ছাড়তে রাজি হয়নি। অন্তত তিন মাস পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিল বার্সেলোনা।

কিন্তু গতকাল খবর বেরিয়েছিল, ৩৩ বছর বয়সেই অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আগুয়েরো। বার্সেলোনাভিত্তিক সাংবাদিক জেরার্দ রোমেরো বলেছেন, সোমবারই আসতে পারে আনুষ্ঠানিক সে ঘোষণা। সে খবরের পর সবাই আগুয়েরোকে বিদায়ী শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। যদিও বার্সেলোনার নতুন কোচ জাভি এ খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন।

কাল বার্সেলোনার কোচ হিসেবে অভিষেক হলো জাভির
ছবি: রয়টার্স

গতকাল রাতে এ খবর ছড়িয়ে পড়ার পরই মাঠে নেমেছিল বার্সেলোনা। কাতালান ডার্বিতে এস্পানিওলকে ১-০ গোলে হারিয়ে জাভির অভিষেক রাঙিয়েছে বার্সেলোনা। ম্যাচ শেষে জাভিকে অবশ্য ম্যাচের বাইরের বিষয় নিয়েও কথা বলতে হয়েছে। এত আশা করে যে স্ট্রাইকারকে দলে আনা হলো, তিনি যদি মাত্র এক গোল করেই অবসরে চলে যান, সেটি দলের সমর্থকদের জন্য বড় এক ধাক্কা।

মাটিতে শুয়ে পড়েছিলেন আগুয়েরো
ছবি: রয়টার্স

ম্যাচ শেষে জাভি তাই আগুয়েরোর অবসরের প্রসঙ্গে সমর্থকদের আশা বাঁচিয়ে রেখেছেন, ‘কুন আগুয়েরোর ব্যাপারে আমি নতুন কিছু জানি না। সেদিন ওর সঙ্গে কথা হলো। যে খবর বেরিয়েছে, তা সত্য না। আমাদের আরও অপেক্ষা করতে হবে। তবে আমরা আশায় আছি, সে ফিরবে এবং ফুটবল খেলবে।’

জাভি উড়িয়ে দিলেও আগুয়েরোর সাবেক সতীর্থ সামির নাসরি অবশ্য অবসরের ঘোষণাকে সত্যি বলে দাবি করেছেন। কানালপ্লুসের সঙ্গে কথোপকথনে নাসরি বলেছেন, আগুয়েরো তাঁকে খুদে বার্তা পাঠিয়ে অবসরের খবর জানিয়েছেন।