আগুয়েরোর প্রতিজ্ঞা
ঘরোয়া লিগে খারাপ করছে না, কিন্তু ইউরোপের মঞ্চে যেন দুঃসময়ের পাকে ম্যানচেস্টার সিটি। প্রথম চার ম্যাচে মাত্র দুই পয়েন্ট, আরও একবার চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার লজ্জা চোখ রাঙাচ্ছে। এ অবস্থায় কেউ যদি চ্যাম্পিয়নস লিগ জেতার কথা বলেন, সেটা কল্পনাবিলাসই শোনাবে। এবার না হোক, সামনে তো হতে পারে। সেই আশাতেই আছেন সার্জিও আগুয়েরো। ম্যান সিটি স্ট্রাইকার তো পণই করেছেন, দলকে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব এনে দেওয়ার আগে ক্লাব ছাড়বেন না।
কদিন আগেই প্রকাশিত হয়েছে আগুয়েরোর আত্মজীবনী বর্ন টু রাইজ। সেটির মোড়ক উন্মোচনেই জানালেন নিজের প্রতিজ্ঞার কথা, ‘এখানে আমার চার বছর হয়েছে, আমি এটা (চ্যাম্পিয়নস লিগ) পাইয়ে দিতে আরও চার বছর তো বটেই, দরকার হলে এর চেয়েও বেশি থাকব।’
গত আগস্টেই পাঁচ বছরের জন্য নতুন চুক্তি করেছেন সিটির সঙ্গে। এখন বয়স ২৬, চুক্তি শেষ হওয়ার সময় বয়স হবে ৩১। কে জানে, হয়তো সিটিতেই ক্যারিয়ার শেষ করবেন এই আর্জেন্টাইন! কিন্তু ইউরোপে কেন বারবার ব্যর্থ হচ্ছে সিটি? আগুয়েরো শুধু কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির ওপর দোষ চাপাতে রাজি নন, ‘আমি বলব, দল হিসেবে ভালো খেলতে না পারার ব্যর্থতা আমাদের সবার।’ ইএসপিএন।