আগুয়েরোর হার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার লিগের সেরা স্ট্রাইকার মানা হয় তাঁকে। স্কিল, শুটিং, শিকারি মানসিকতা—সার্জিও আগুয়েরোর মতো আরেকজন খুঁজে পাওয়া মুশকিল। অথচ ম্যানচেস্টার সিটি স্ট্রাইকারই কি না ক্লাব সতীর্থ ফাবিয়েন ডেলফের কাছে হেরে গেলেন লক্ষ্যভেদ করার চ্যালেঞ্জে! ডেলফ দুর্দান্ত হ্যাটট্রিক করে ফেললেন, আর ওদিকে আগুয়েরো একবারও লক্ষ্যভেদ করতে পারলেন না! অবশ্য আর্জেন্টাইন স্ট্রাইকার যুক্তি দেখাতে পারেন, পায়ের বদলে বল মারতে হয়েছে তো চপস্টিক দিয়ে। চীনা নববর্ষ উপলক্ষে ৬ ফেব্রুয়ারি ডেলফসহ ক্লাব সতীর্থ জো হার্ট ও কেভিন ডি ব্রুইনের সঙ্গে চপস্টিক চ্যালেঞ্জে নেমেছিলেন আগুয়েরো। চপস্টিক দিয়ে পিংপং বলকে এক বাটি থেকে মেরে অন্য বাটিতে নিতে হবে। সেখানেই এমন ‘হতাশাজনক পরাজয়’ আগুয়েরোর। বিজয়ী ডেলফও এ ‘অর্জনে’ গর্বিত। পরে মজা করে লিখেছেন, ‘এ পর্যন্ত আমার জীবনের সেরা অর্জন।’ ইএসপিএন।