আগে করোনা পরীক্ষা, তারপর ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ইউরোপিয়ান শীর্ষ ফুটবল লিগগুলো আবার কবে শুরু হবে, কেউ বলতে পারছে না। তবে ইতালি সিদ্ধান্ত নিয়েছে সব খেলোয়াড়দের করোনা পরীক্ষার।
করোনা পরীক্ষা দিয়েই মাঠে নামতে হবে রোনালদোদের। ছবি: ইনস্টাগ্রাম
করোনা পরীক্ষা দিয়েই মাঠে নামতে হবে রোনালদোদের। ছবি: ইনস্টাগ্রাম

এক মাসেরও বেশি হয়েছে থেমে গেছে ‘দ্য বিউটিফুল গেম’। বেলারুশের মতো দু-একটি বিচিত্র দেশ ছাড়া বিশ্বজুড়েই অনির্দিষ্টকালের জন্য স্থগিত ফুটবল। করোনাভাইরাসে বন্ধ হয়ে যাওয়া লিগগুলো আবার কবে মাঠে গড়াবে, তা বলতে পারছেন না কেউ। তবে ইতালির ফুটবল ফেডারেশন বলেছে সব খেলোয়াড়ের করোনা পরীক্ষার পর অনুশীলনের অনুমতি দেবে তারা।

ইউরোপিয়ান ফুটবল সর্বশেষ দর্শকঠাসা স্টেডিয়াম দেখেছে গত ১২ মার্চ। গ্লাসগোর আইব্রক্স স্টেডিয়ামে রেঞ্জার্স ও বায়ার লেভারকুসেনের ইউরোপা লিগের ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন ৫০ হাজারেরও বেশি দর্শক। ওই দিনের ইউরোপা লিগের বাকি ম্যাচগুলো অবশ্য হয়েছিল দর্শকশূন্য স্টেডিয়ামে। এরপরই বিরান ভূমি হয়ে গেছে বড় বড় সব ফুটবল স্টেডিয়াম। অনেক ভেন্যু তো দেশগুলোর স্বাস্থ্যসেবা বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার করার জন্য।

যুক্তরাজ্য, ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি—ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল শক্তির দেশেই প্রবলভাবে হানা দিয়েছে করোনাভাইরাস। হাজার হাজার মানুষ মারা গেছেন চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়া এই ভাইরাসে। দেশগুলো কার্যত অচল হয়ে আছে লকডাউনে।

ইংলিশ প্রিমিয়ার লিগ বন্ধ হয়ে যাওয়ার সময় পয়েন্ট তালিকার শীর্ষ দল লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছিলেন, ‘এখন ফুটবল ও ফুটবল ম্যাচের সত্যিই কোনো গুরুত্ব নেই।’ ফুটবল দিয়ে কী হবে মানুষ যদি না বাঁচে—এই চিন্তা থেকে সরে দাঁড়ানোর মতো সময় এখনো হয়নি বলেই তাঁর মনে হচ্ছে।

তবে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা আশাবাদী, দেরিতে হলেও শেষ করা যাবে চলতি মৌসুম। উয়েফা তো বলেই দিয়েছে দরকার হলে ফুটবল মৌসুমটাকে আগস্ট পর্যন্ত নিয়ে যেতে। বলেছে লিগগুলো শেষ করতেই হবে, নইলে পরের মৌসুমের ইউরোপিয়ান প্রতিযোগিতায় সুযোগ পাবে না ওই সব লিগের ক্লাব।

তাহলে কবে ফুটবল মাঠে গড়াবে? উত্তরটা জানা না থাকলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইতালির ফুটবল ফেডারেশন আশাবাদী, মে মাসেই অন্তত অনুশীলনে ফিরতে পারবেন দেশটির ফুটবলাররা। তবে সংস্থাটির সভাপতি গ্যাব্রিয়েলে গ্রাভিনা জানিয়েছেন, অনুশীলনে ফেরার আগে বাধ্যতামূলকভাবে সব ফুটবলারের করোনাভাইরাস টেস্ট করা হবে, ‘পরিস্থিতি স্বাভাবিক হওয়ামাত্র আমরা চ্যাম্পিয়নশিপ শেষ করব। শিগগিরই আমরা বৈঠকে বসছি। আমরা একটি কর্মপদ্ধতি তৈরি করব ও সবাইকে জানাব। আশা করছি, মে মাসের শুরুতে (করোনা) পরীক্ষা শুরু করতে পারব। কারও শরীরে ভাইরাস না পাওয়া গেলে অনুশীলন শুরু হয়ে যাবে।’

লিগ শুরু হতে পারে কবে, এই প্রশ্নের জবাবে গ্রাভিনা জানালেন, ‘আমরা কি গ্রীষ্মজুড়েই খেলব? আমরা কোনো দিন-তারিখ ঠিক করিনি, তবে চ্যাম্পিয়নশিপ (লিগ) শেষ করার ইচ্ছা আছে।’
লিগ শেষ করার পক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগ দল ক্রিস্টাল প্যালেসের কোচ রয় হজসনও। বর্ষীয়ান এই কোচের চাওয়া, মাঠের খেলা শেষেই নির্ধারিত হোক দলগুলোর অবস্থান, ‘আমরা সবাই একমত যে মৌসুমটা শেষ করতে হবে। কারা লিগ জিতবে, কারা চ্যাম্পিয়নস লিগে যাবে, কারা অবনমিত হবে ও কারা উঠবে—এই সব সিদ্ধান্ত যেন চাপিয়ে দেওয়া না হয়।’

করোনা সংকট কাটিয়ে ওঠার পর লিগ শুরু হলে ইংলিশ এফএ ওয়েম্বলি ও ন্যাশনাল ফুটবল সেন্টারে প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজন করতে দেবে। লিগ যত তাড়াতাড়ি শেষ করা যায়, সেটিই চাওয়া এফএর।