আগে রোনালদো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দল আগে, না ব্যক্তি আগে? ফুটবলে অবশ্য প্রথমটাই আগে হওয়ার কথা। কোচের কৌশলের সঙ্গেই খেলোয়াড়দের মানিয়ে চলতে হয়। কিন্তু কখনো সেটির ব্যতিক্রম হয়, যেখানে খেলোয়াড়ের কথা ভেবে কোচকে নিতে হয় ভিন্ন কৌশল। ক্রিস্টিয়ানো রোনালদো যে সে রকম একজন, তাতে বোধ হয় খুব বিস্ময়ের কিছু নেই। সেটিই এবার খোলাসা করলেন বায়ার্ন মিউনিখের কোচ কার্লো আনচেলত্তি। তিন মৌসুম আগে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পরেই বুঝেছিলেন ব্যাপারটা। রোনালদো নিজেই তাঁকে বলেছিলেন, বাঁ প্রান্তেই তিনি খেলতে চান। আনচেলত্তির সৌভাগ্যই বলতে হবে, ব্যাপারটা আখেরে ভালোই হয়েছিল। বেলকে ডানে খেলিয়ে বেনজেমাকে মধ্যে খেলাতে পেরেছিলেন। কিন্তু রোনালদো অন্য কিছু চাইলে আনচেলত্তির জন্য ব্যাপারটা এত সহজ হতো না! মার্কা।