আগেই ফিরবেন মেসি?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুমিত সময়ের আগেই সুস্থ হয়ে উঠবেন লিওনেল মেসি। এমন বিশ্বাস আর্জেন্টিনা ফুটবল দলের চিকিৎসক দোনাতো ভিলানির। স্প্যানিশ লিগে লাস পালমাসের বিপক্ষে খেলার সময় বাঁ পায়ের লিগামেন্টে চোট পাওয়ায় মেসিকে সাত থেকে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে বলে আশঙ্কা বার্সার। কিন্তু ভিলানি মনে করেন, দুই মাসের আগেই মাঠে ফিরতে পারবেন আর্জেন্টিনার অধিনায়ক। তাঁর বিশ্বাসের ভিত্তি খেলাটির প্রতি মেসির প্রচণ্ড ভালোবাসা, ‘অনেক বছর ধরেই মেসিকে জানি আমি। আমার কোনো সন্দেহ নেই যে সম্ভাব্য কম সময়ের মধ্যেই চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠবে সে। সম্ভবত ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যেই। খেলার বাইরে থাকলে, বলের ছোঁয়া না পেলে সে পাগল হয়ে যায়। এ কারণেই তার দ্রুত সুস্থ হয়ে ওঠা নিয়ে বলতে পারছি। মাঠে ফেরার জন্য তার আগ্রহ এবং ইচ্ছাশক্তিই দ্রুত সেরে উঠায় প্রভাব ফেলবে।’ গোলডটকম।