আগের ম্যাচে দুই পেনাল্টিতে ব্যর্থ, পরের ম্যাচেই হ্যাটট্রিক

ক্রিস্টিয়ান কুয়াকুছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে আগের ম্যাচে হেরে নিশ্চয়ই নির্ঘুম রাত কেটেছিল পুলিশের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান কুয়াকুর। ১০ আগস্ট ওই ম্যাচে রীতিমতো গোল মিসের মহড়ায় নেমেছিলেন আইভরি কোস্টের ফরোয়ার্ড। শুধু তা-ই নয়, দুটি পেনাল্টি পেয়েও তা থেকে গোল করতে পারেননি!

সেই জ্বালা আজ বেশ ভালোভাবেই জুড়িয়েছেন একসময়ে ফ্রেঞ্চ লিগে খেলা কুয়াকু। মুক্তিযোদ্ধাকে ৩-১ গোলে হারিয়ে দেওয়ার পথে আজ করেছেন হ্যাটট্রিক। মুক্তিযোদ্ধার সান্ত্বনার গোলটি বাল্লো ফামুসার।

প্রথম লেগে পুলিশের জার্সিতে খেলেছিলেন ফামুসা। কিন্তু দলের প্রয়োজনে গোল করতে ব্যর্থ হওয়ায় তাঁকে প্রথম লেগ শেষে দলবদলে ছেড়ে দিয়েছিল পুলিশ। দ্বিতীয় লেগে ফামোসার জায়গায় দলে নেওয়া হয় কুয়াকুকে।

লিগের মাঝের দলবদলে কুয়াকুকে (৩৯ নম্বর জার্সি) দলে নিয়েছে পুলিশ দল
ছবি: প্রথম আলো

কিন্তু কুয়াকুর কাছ থেকেও সেভাবে আশানুরূপ গোল পাচ্ছিল না পুলিশ। অবশেষে আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে জ্বলে উঠলেন একসময় ফরাসি লিগ আঁ-র দল কাঁ-র হয়ে খেলে আসা কুয়াকু।

আজ মাঠে জাতীয় দলের ফরোয়ার্ড মোহাম্মদ জুয়েলের সঙ্গে কুয়াকুর রসায়নটা বেশ জমে উঠেছিল। কুয়াকু আজ যে তিনটি গোল পেয়েছেন, এর দুটিরই জোগানদাতা ছিলেন জুয়েল। ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত একটা গোল পেতে রীতিমতো ‘যুদ্ধ’ করেছে পুলিশ ও মুক্তিযোদ্ধা। কিন্তু শেষ পর্যন্ত পুলিশকে হাসি উপহার দেন কুয়াকু।

৬১ মিনিটে জুয়েলের ব্যাকহিল থেকে দুর্দান্ত এক গোলে পুলিশকে এগিয়ে দেন কুয়াকু। এরপর ৭৪ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে পোস্টে নেন জোরালো শট। বল জালে জড়াতেই মুখে আঙুল দিয়ে কাকে যেন চুপ করতে বললেন কুয়াকু! হয়তো গোল না পাওয়ার সমালোচনার জবাবটা এভাবেই দিলেন।

পুলিশ ক্লাবের আক্রমণের সামনে সেভাবে পাত্তাই পায়নি মুক্তিযোদ্ধা সংসদ
ছবি: প্রথম আলো

এরপর ৮৪ মিনিটে জুয়েলের পাস থেকে আলতো টোকায় হ্যাটট্রিক পূর্ণ করেন কুয়াকু। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে এটি সপ্তম হ্যাটট্রিক।

গোল শোধে চেষ্টায় মরিয়া ছিল মুক্তিযোদ্ধা। কিন্তু শুরু থেকে পুরো ম্যাচ একই ছন্দে খেলে যাওয়া পুলিশের সঙ্গে সেভাবে কুলিয়ে উঠতেই পারেনি আক্রমণে। গোল করে এগিয়ে থাকার পরও পুলিশের কোচ পাকির আলী কখনো রক্ষণাত্মক মেজাজে খেলাননি দলকে। বরং আক্রমণে গতি বাড়িয়েছেন।

তবে বিচ্ছিন্নভাবে বাল্লো ফামুসা ও ইউসুকে কাতো মুক্তিযোদ্ধার হয়ে বেশ কয়েকবার আক্রমণে উঠেছেন। কিন্তু তাঁদের দুর্বল ফিনিশিংয়ের কারণে গোলের দেখা পাচ্ছিল না মুক্তিযোদ্ধা।

পুলিশ ক্লাবের গোলের চেষ্টা
ছবি: প্রথম আলো

অপেক্ষা ফুরায় ম্যাচ শেষ হওয়ার মিনিটখানেক আগে। বক্সে বল নিয়ে ঢোকেন কাতো, কিন্তু তাঁকে পেছন থেকে অবৈধভাবে ফেলে দেন পুলিশের ডিফেন্ডার জালাল মিয়া। রেফারি বিটু রাজ বড়ুয়া সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজিয়েছেন। এরপর পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন ফামুসা।

২০ ম্যাচে ৫ জয়, ৭ ড্র ও ৮ হারে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৮ নম্বরেই রইল পুলিশ। সমান ম্যাচে ৩ জয়, ৬ ড্র ও ১১ হারে ১৫ পয়েন্ট নিয়ে ১৩ দলের এই লিগে এই মুহূর্তে ১১তম মুক্তিযোদ্ধা।

তবে আজকের হারের পরও অবনমন নিয়ে খুব বেশি দুশ্চিন্তা নেই মুক্তিযোদ্ধার। পয়েন্ট টেবিলে মুক্তিযোদ্ধার পরই আছে ব্রাদার্স ও আরামবাগ। এই দুই দলের পয়েন্ট যথাক্রমে ৬ ও ৫। দুই দলকেই অবনমন চোখ রাঙাচ্ছে।