আঘাত সয়েই এই রদ্রিগেজ

সুন্দর সব সময়ই নমস্য, তার আবেদন চিরন্তন। তবে গোলাপেরও কাঁটা থাকে, সেটার আঘাত সয়েই নিতে হয় সুবাস। বিশ্বকাপে হামেস রদ্রিগেজের অবিশ্বাস্য সেই গোলটা অনেকেরই মনে থাকার কথা। উরুগুয়ের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত সেই ভলি এখনো ফুটবলপ্রেমীদের চোখে মায়াঞ্জন বুলিয়ে যায়। গত বছরের সেরা গোল হিসেবে সেটি তো কিছুদিন আগে পুসকাস পুরস্কারই জিতেছে। কিন্তু সেই গোলের আগে-পরে কলম্বিয়ার এই প্লেমেকারকে কত ফাউল, বুটের কত চোরা আঘাত সইতে হয়েছে সেটা মনে আছে কজনের!
বিশ্বকাপের আগে সবাই জানত, কলম্বিয়ায় ২৩ বছর বয়সী একজন প্রতিভাবান মিডফিল্ডার আছেন। কিন্তু সেই প্রতিভার আলো বিশ্বকাপে কতটা ছড়াবে, সেই সন্দেহও ছিল বৈকি। রদ্রিগেজ কিন্তু কুড়ি থেকে ফুল হয়ে ফোটার জন্য বেছে নিলেন সবচেয়ে বড় মঞ্চটাই। যদিও সেই পথটা ফুলে সুশোভিত ছিল না। টুর্নামেন্টের শুরু থেকেই ডিফেন্ডাররা তাঁকে আটকানোর সব রকম চেষ্টাই করেছেন। লাভ হয়নি, শেষ পর্যন্ত ছয় গোল নিয়ে জিতেছেন গোল্ডেন বুট। যেনতেনভাবে দমিয়ে রাখার চেষ্টাটাই তাঁকে আরও তাঁতিয়ে দিয়েছে বলে দাবি রদ্রিগেজের, ‘পাল্টা জবাব দেওয়ার সবচেয়ে ভালো উপায় নিজের খেলাটা ভালোভাবে খেলা। ফুটবলে ঠোকাঠুকি, সংঘর্ষ এসব থাকবেই। কিন্তু আমি এসবে অভ্যস্ত। আপনি যখন লাথি খাবেন, তখন খেলা দিয়েই সেটার জবাব দিতে হবে।’
সেই খেলাটা ব্রাজিলের সঙ্গে খেলতেই সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে। ছায়ার মতো সব সময় ঘিরে রেখেছে দু-একজন। ব্রাজিল ওই এক ম্যাচেই টুর্নামেন্ট সর্বোচ্চ ৫৪টি ফাউল করেছিল, এক রদ্রিগেজকেই ফাউল করা হয়েছে ছয়বার। ইএসপিএনকে বিশেষ এক সাক্ষাৎকারে সেই ম্যাচ নিয়ে রদ্রিগেজের স্মৃতিচারণা, ‘তারা খুবই মেরে খেলছিল, রেফারিও ওদের অনেক সাহায্য করেছে। সবাই জানে ওই দিন কী হয়েছিল। বিশেষ করে, স্বাগতিকদের ৬০ হাজার দর্শকের সঙ্গেও খেলতে হয়েছে আমাদের।’ ওই ম্যাচটা শেষ পর্যন্ত ব্রাজিল ২-১ গোলে জিতেছিল, কিন্তু রদ্রিগেজকে পুরোপুরি আটকে রাখা যায়নি। তাঁর পাস থেকেই বল পেয়ে কার্লোস বাক্কা পেনাল্টি এনে দিয়েছিলেন, পরে সেটা থেকে গোল করেছেন রদ্রিগেজই।
রদ্রিগেজের পুরো জীবনটাই এমন স্রোতের বিপরীতে বইঠা বেয়ে যাওয়ার উপাখ্যান। কলম্বিয়ার ইবাগ শহরে জন্ম। তিন বছর বয়সেই ফুটবলার বাবা পরিবার ছেড়ে চলে যান। কিন্তু কিছুই থামাতে পারেনি রদ্রিগেজকে। মাত্র ১৪ বছর বয়সেই ক্লাব ফুটবলে অভিষেক। এর দুই বছর পরই দেশ ছেড়ে পাড়ি জমান আর্জেন্টিনায়। সবচেয়ে কম বয়সে বিদেশি খেলোয়াড় হিসেবে আর্জেন্টাইন লিগে তাঁর গোল করার রেকর্ড টিকে আছে এখনো।
এর পরের ঘটনাগুলো ঘটে গেছে বেশ দ্রুত, অনেকটা চলচ্চিত্রের স্ন্যাপশটের মতো। আর্জেন্টাইন ক্লাব ব্যানফিল্ড থেকে পোর্তোতে আসা, সেখান থেকে সাড়ে চার কোটি ইউরোতে মোনাকোতে পাড়ি জমানো—রদ্রিগেজ সামনে বিছানো সিঁড়ি দিয়ে উঠে গেছেন তরতর করে। বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদে আসা ছিল স্বপ্নপূরণের মতো। বেঞ্চ গরম করতে হচ্ছে না, নিয়মিত খেলার সুযোগও পাচ্ছেন।
বয়স কম হলেও চিন্তাভাবনায় আশ্চর্য রকম পরিণত। জানেন, যতদূর এসেছেন, সেটা কিছুই নয়। সামনে আরও বহুদূর যেতে হবে, অনেক কিছু সইতে হবে। ফুটবলকে যখন জীবনের ধ্রুবতারা করেছেন, তাঁর তো প্রেরণার অভাব নেই, ‘ফুটবল নিয়ে থাকলেই আমি খুশি থাকি। মাঠে গিয়ে আমি খেলাটা উপভোগ করার চেষ্টা করি। এটাই আমার প্রেরণা।’ ইএসপিএন।